রাজধানীর কারওয়ান বাজারে সার্ক ফোয়ারা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মুঠোফোন ব্যবসায়ীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে ওই সড়ক দিয়ে চলাচলকারী মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) সংস্কার, একচেটিয়া সিন্ডিকেট প্রথা বিলোপ এবং মুঠোফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে মুঠোফোন ব্যবসায়ীরা এই কর্মসূচি পালন করছেন।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা সড়কে কিছু কাঠ ও বাঁশের টুকরো জড়ো করে আগুন ধরিয়ে দেন এবং স্লোগান দিতে শুরু করেন। সেখানে তারা যানবাহন ভাঙচুর করছেন বলেও জানা গেছে।
ব্যবসায়ীদের অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ আক্কাছ আলী।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মুঠোফোন ব্যবসায়ীরা সার্ক ফোয়ারা মোড়ে অবরোধ করার কারণে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।’
সময়ের আলো/এনএ