হাদিকে হত্যাচেষ্টাকারীদের অবস্থান নিয়ে ধোঁয়াশা

নিজস্ব প্রতিবেদক

প্রথম পাতা

ঘটনার প্রায় তিন দিন অতিবাহিত হতে চললেও ওসমান হাদিকে হত্যাচেষ্টাকারীদের অবস্থানের বিষয়ে এখনও অন্ধকারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হামলাকারীরা দেশে আছেন

2025-12-15T01:24:31+00:00
2025-12-15T01:24:31+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
প্রথম পাতা
হাদিকে হত্যাচেষ্টাকারীদের অবস্থান নিয়ে ধোঁয়াশা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১:২৪ এএম 
সংগৃহীত ছবি
ঘটনার প্রায় তিন দিন অতিবাহিত হতে চললেও ওসমান হাদিকে হত্যাচেষ্টাকারীদের অবস্থানের বিষয়ে এখনও অন্ধকারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হামলাকারীরা দেশে আছেন নাকি বিদেশে চলে গেছেন সেটিও নিশ্চিত করা যায়নি। 

তবে দেশের অভ্যন্তরে একাধিকবার সন্দেহভাজনদের অবস্থান শনাক্তের কথা বলা হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে।
ঘটনার তিন দিন পর সীমান্ত পারাপারকারী দুজনকে গ্রেফতার ও হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধারসহ এর মালিককে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। 

এ ছাড়া গুলিবর্ষণকারী ও মোটরসাইকেল চালকের পরিচয় নিশ্চিতের কথা জানিয়েছেন তারা। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের বিদেশযাত্রা ঠেকাতে তাদের পাসপোর্ট সিলগালা করা হয়েছে। জব্দ করা হয়েছে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের ব্যাংক হিসাব।

এদিকে হাসপাতালে এখনও মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন জুলাই যোদ্ধা হাদি। তার কিডনি সচল হলেও শারীরিক অবস্থা এখনও অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান শরিফ হাদির ওপর হামলার ঘটনায় সরাসরি জড়িত দুজনকে শনাক্ত করা হয়েছে। তারা হলেন ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ। হামলার ঘটনায় ফয়সাল সরাসরি গুলি করেছে। তাদের গ্রেফতারে বিভিন্ন জায়গায় অভিযান চলছে। সন্দেহভাজনরা যাতে দেশ ছেড়ে পালাতে না পারে এ জন্য সীমান্তে তাদের ছবি পাঠিয়ে সতর্ক করা হয়েছে। এ ছাড়া সন্দেহভাজনদের পাসপোর্ট ব্লক করা হয়েছে। তাদের ধরিয়ে দিতে ঘোষণা করা হয়েছে ৫০ লাখ টাকা পুরস্কার।

গতকাল রোববার হাদির ওপর হামলার তদন্ত সংক্রান্ত সবশেষ অবস্থা জানাতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম। 

তিনি বলেন, ওসমান শরিফ হাদির ওপর হামলায় সন্দেহভাজনদের পাসপোর্ট ব্লক করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে শেরপুরের নলিতাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে সীমান্ত দিয়ে লোক পারাপার চক্রের দুজনকে গ্রেফতার করা হয়েছে। 

তারা হলেন সিবিয়ন দিও এবং সঞ্জয় চিসিম। হামলার সময় ব্যবহার করা মোটরসাইকেলটির মালিককে র‌্যাব গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে জানিয়ে তিনি বলেন ওই দিন ব্যবহার করা মোটরসাইকেটিও উদ্ধার করেছে পুলিশ।
শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মো. আব্দুল হান্নানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার রাতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালত তার রিমান্ড মঞ্জুর করেন।

শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মো. আব্দুল হান্নানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার রাতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালত তার রিমান্ড মঞ্জুর করেন।

ব্যাংক হিসাব জব্দ : ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্দেহে ফয়সাল করিম মাসুদ এবং তার তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান এপল সফট আইটি লিমিটেডের সব ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। জানা গেছে, ফয়সাল করিম মাসুদ তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম বৃহৎ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের একজন সদস্য। সিআইসি তার প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন যাচাই-বাছাইয়ের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে।

‘গান পয়েন্টে’ থাকাদের নিরাপত্তা : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর শীর্ষ জুলাই যোদ্ধাদের অনেকের ক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। এ জন্য তাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

পুলিশ বলছে, হাজার হাজার জুলাই যোদ্ধার নিরাপত্তা ব্যক্তি পর্যায়ে বা আলাদা করে নিশ্চিত করা প্রায় অসম্ভব। তবে হাদির মতো যারা নিরাপত্তা ঝুঁকিতে আছেন অথবা ‘গান পয়েন্টে’ আছেন, তাদের নিরাপত্তা জোরদারের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন মো. নজরুল ইসলাম।

অবস্থান শনাক্ত হলেও স্থান পরিবর্তন : এদিকে গতকাল রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, দেশের অভ্যন্তরে একাধিকবার সন্দেহভাজনদের অবস্থান শনাক্ত করা হলেও বারবার স্থান পরিবর্তনের কারণে এখনও তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। 

এদিকে পুলিশ ইতিমধ্যে প্রধান সন্দেহভাজনের চলাচলের খতিয়ান বা ট্রাভেল হিস্ট্রি সংগ্রহ করেছে। এতে দেখা যায়, আইটি ব্যবসায়ী পরিচয়ে তিনি গত কয়েক বছরে একাধিক দেশ ভ্রমণ করেছেন। সবশেষ গত ২১ জুলাই সিঙ্গাপুর ভ্রমণের তথ্য পাওয়া গেছে। এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারে এমন আরও কয়েকজন সন্দেহভাজনকে ইতিমধ্যে নজরদারির আওতায় আনা হয়েছে।

হত্যাচেষ্টাকারীরা ভারতে! : ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্য গুলি করার ঘটনার সঙ্গে জড়িত শুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরবাইক চালক আলমগীর হোসেন গতকাল সন্ধ্যায় শুক্রবার রাতেই সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করে বলে ‘নির্ভরযোগ্য সূত্রে’র বরাতে দাবি করেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। গতকাল নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি দাবি করেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি এসব তথ্য উল্লেখ করে লেখেন, ভারতে তাদের সহায়তা করছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী (পিএস) মো. মাসুদুর রহমান বিপ্লব। বিপ্লবের তত্ত্বাবধানে এ হত‍্যাকারীরা ভারতে অবস্থান করছে। তিনি লেখেন, নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, অত্যন্ত পরিকল্পিতভাবে এ আক্রমণ করা হয়েছে এবং আরও কয়েকটি হিট টিমের একইরকম ঘটনার পুনরাবৃত্তির পরিকল্পনা চেষ্টা রয়েছে।

ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, মূল শুটার ফয়সাল তার ঘনিষ্ঠ মহলে দাবি করেছে ব্যবহৃত অস্ত্রটি জ্যাম হয়ে যাওয়ায় সে কেবল একটি গুলি করতে সক্ষম হয়, তার পরিকল্পনা ছিল চারটি গুলি করার।

এ বিষয়ে গতকাল ডিএমপির প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন মো. নজরুল ইসলামকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে পালিয়ে গেছেন কি না এমন কোনো তথ্য নেই, ইমিগ্রেশন তথ্য অনুযায়ী সন্দেহভাজনরা এখন পর্যন্ত দেশেই আছেন।

হাদির শারীরিক অবস্থা এখনও অত্যন্ত আশঙ্কাজনক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। গতকাল রোববার রাজধানীর এভারকেয়ার হাসপাতালের মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ডের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, প্রয়োজন হলে রোগীকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হলে হাসপাতাল কর্তৃপক্ষ ও মেডিকেল বোর্ড সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।

মেডিকেল বোর্ডের ভাষ্য অনুযায়ী, রোগীর পরিবার কিংবা পরিবারের মাধ্যমে সরকার যদি বিদেশে উন্নত চিকিৎসার উদ্যোগ নেয়, সে ক্ষেত্রে চিকিৎসা-সংক্রান্ত সব ধরনের প্রক্রিয়ায় পূর্ণ সহায়তা দেবে এভারকেয়ার হাসপাতাল। সংকটাপন্ন এ সময়ে রোগীর সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করাই বোর্ডের প্রধান লক্ষ্য বলে জানানো হয়েছে।

গত ১২ ডিসেম্বর গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওসমান হাদির জরুরি সার্জিক্যাল অপারেশন সম্পন্ন হয়। পরবর্তী জটিলতা ও নিবিড় পর্যবেক্ষণের প্রয়োজনীয়তার কারণে তাকে এভারকেয়ার হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়।

মেডিকেল বোর্ড জানিয়েছে, সবশেষ সিটি স্ক্যানে তার মস্তিষ্কের ফোলা আরও বেড়েছে, যা চিকিৎসকদের জন্য বড় উদ্বেগের কারণ। যদিও ফুসফুস ও কিডনির কিছু কার্যকারিতা আপাতত নিয়ন্ত্রণে রয়েছে, তবে ব্রেন স্টেমে আঘাতজনিত জটিলতার কারণে সার্বিক অবস্থা এখনও সংকটময়।

এ অবস্থায় বিদেশে উন্নত চিকিৎসার সম্ভাবনা সামনে রেখে বোর্ডের এই প্রস্তুতির ঘোষণা রোগীর পরিবার ও অনুসারীদের জন্য কিছুটা হলেও ভরসার বার্তা দিচ্ছে। একই সঙ্গে চিকিৎসকরা সবাইকে গুজব ও অনুমানভিত্তিক তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

মেডিকেল বোর্ড জানায়, ওসমান হাদির সুস্থতার জন্য তারা সর্বোচ্চ পেশাদারিত্ব ও সমন্বয়ের মাধ্যমে চিকিৎসা চালিয়ে যাচ্ছে এবং তার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর দোয়া কামনা করেছে।

বিদেশ নিতে পরিবারের সিদ্ধান্ত : গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ মো. ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার। তবে বর্তমান শারীরিক অবস্থায় তিনি বিদেশযাত্রার জন্য উপযুক্ত কি না সে বিষয়ে এখনও মেডিকেল বোর্ডের চূড়ান্ত অনুমোদন মেলেনি। থাইল্যান্ড বা সিঙ্গাপুর এ দুই দেশের যেকোনো একটিতে নেওয়ার বিষয়টি আলোচনায় আছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।

গতকাল রোববার রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন এবং ওসমান হাদির চিকিৎসায় যুক্ত ডা. আব্দুল আহাদ। তিনি জানান, পরিবারের পক্ষ থেকে বিদেশে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত এসেছে। বর্তমানে থাইল্যান্ড অথবা সিঙ্গাপুর এ দুই দেশের কোনো একটি হাসপাতালে নেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

তিনি স্পষ্ট করে জানান, বর্তমান শারীরিক অবস্থায় হাদি বিদেশযাত্রার জন্য উপযুক্ত কি না সে বিষয়ে মেডিকেল বোর্ড এখনও চূড়ান্ত অনুমোদন দেয়নি।

 এ অবস্থায় রোগীকে নেওয়া নিরাপদ হবে কি না সে বিষয়ে মেডিকেল বোর্ড এখনও ক্লিয়ারেন্স দেয়নি। আশা করছি, আগামীকাল (আজ) সকালে বোর্ডের চিকিৎসকরা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।

সময়ের আলো/এআর

  বিষয়:   হাদি  হত্যাচেষ্টা  ধোঁয়াশা 


Loading...
Loading...
প্রথম পাতা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: