রাজধানীর পুরান ঢাকার ইসলামবাগ এলাকায় একটি প্লাস্টিক কারখানায় লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এতে এখন পর্যন্ত কোনও ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ ছালেহ উদ্দিন সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান।
এর আগে, দুপুর দেড়টার দিকে পুরান ঢাকার চেয়ারম্যান ঘাট এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। শুরুর দিকে ঘন ও কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা। যার জন্য আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের।
এদিন প্রথমে স্থানীয়দের উদ্যোগে আগুন নেভানোর কাজ শুরু হলেও, ভয়াবহতা বিবেচনায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এদিকে, প্রত্যক্ষদর্শীদের ধারণা, পেছনের ভবনের গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত। এলাকাবাসী জানায়, গোডাউনটি ১৮-২০ বছরের পুরানো।
সময়ের আলো/এনএ