ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা উপলক্ষ্যে ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (১৯ ডিসেম্বর) ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরীফ ওসমান বিন হাদি’র নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। উক্ত জানাজায় বিপুল সংখ্যক মানুষের সমাগমের সম্ভাবনা রয়েছে। ফলে এ সময় মানিক মিয়া এভিনিউ এলাকায় যানবাহন চলাচল সীমিত থাকবে।
এতে আরও বলা হয়েছে, জানাজা অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে খেজুর বাগান ক্রসিং হতে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। এ প্রেক্ষিতে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য শনিবার (২০ ডিসেম্বর) নগরবাসীকে নিম্নবর্ণিত ট্রাফিক নির্দেশনা অনুসরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
১। মিরপুর রোড টু ফার্মগেট ভায়া মানিক মিয়া অ্যাভিনিউগামী যানবাহন মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে আগত ফার্মগেট/সোনারগাঁও অভিমুখী যানবাহন গণভবন ক্রসিং-লেকরোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে গমন করবে।
২। ফার্মগেট টু মানিক মিয়া অ্যাভিনিউ ভায়া ইন্দিরা রোডগামী যানবাহন ফার্মগেট থেকে খেজুর বাগান ক্রসিং-ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-বামে মোড় নিয়ে লেক রোড-গণভবন ক্রসিংয়ের দিকে গমন করবে।
৩। ধানমন্ডি থেকে ফার্মগেটগামী যানবাহন ধানমন্ডি ২৭ থেকে আগত যানবাহন আসাদগেট-গণভবন ক্রসিং ডানে ইউটার্ন করে লেকরোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং-ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে গমনাগমন করবে।
৪। আসাদগেট থেকে ফার্মগেট ক্রসিংগামী যানবাহন আসাদগেট-বামে মোড় নিয়ে গণভবন ক্রসিং-ডানে মোড় নিয়ে লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং-ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে গমন করবে।
৫। এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ ইন্দিরা রোড থেকে ধানমন্ডিগামী যানবাহন এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ইন্দিরা রোড থেকে আগত যানবাহন খেজুর বাগান ক্রসিং-ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-বামে মোড় নিয়ে লেক রোড-বামে মোড় নিয়ে আসাদগেট-সোজা পথে ধানমন্ডির দিকে গমন করবে।
৬। মিরপুর রোড থেকে ধানমন্ডি ২৭ গামী যানবাহন মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ব্লকেড সরিয়ে ফেলা হবে বিধায় মিরপুর রোড থেকে দক্ষিণ অভিমুখী যানবাহন শ্যামলী-শিশুমেলা-গণভবন-আসাদগেট থেকে সোজা ধানমন্ডি ২৭-এর দিকে গমনাগমন করবে।
৭। এলিভেটেড এক্সপ্রেসওয়েগামী যানবাহনগুলোকে জানাজা নামাজ চলাকালীন ফার্মগেট এক্সিট র্যাম্প ব্যবহারের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র্যাম্প ব্যবহারের জন্য অনুরোধ করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সব যানবাহন চালকদের আগামী শনিবার সকাল থেকে জানাজা ও দাফন সম্পন্ন না হওয়া পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা পরিহার করে ট্রাফিক নির্দেশনা মোতাবেক চলাচলের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। নিরাপত্তার স্বার্থে ও বিড়ম্বনা এড়াতে জানাজায় আগত সর্বসাধারণকে কোনো প্রকার ব্যাগ বা ভারি জিনিসপত্র বহন না করার জন্য অনুরোধ করা হলো। সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য ডিএমপি সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।
সময়ের আলো/কেএইচও