বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে চার জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করবে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিএনপির নেতাকর্মীদের ঢাকায় পৌঁছে দেওয়ার জন্য পরিচালনা করা হবে এ বিশেষ ট্রেন। এ জন্য বিভিন্ন রুটের তিনটি ট্রেনের স্বাভাবিক যাত্রা স্থগিত করা হয়েছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, পশ্চিমাঞ্চলের খুলনা-ঢাকা-খুলনা, যশোর-ঢাকা-যশোর, চাটমোহর-ঢাকা ক্যান্টনমেন্ট-চাটমোহর ও পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড় রুটে একটি করে ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে বিএনপির নেতাকর্মীদের জন্য। ঢাকা থেকে এবং স্থানীয়ভাবে বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রেনগুলো আপ-ডাউন ধরে ভাড়া দেওয়া হয়েছে। এসব ট্রেনে ১ হাজার ৯০০ মানুষ ভ্রমণ করতে পারবে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বলেন, ‘বিএনপিকে ট্রেন ভাড়া দিতে গিয়ে তিনটি ট্রেনের স্বাভাবিক যাত্রা একদিনের জন্য স্থগিত করতে হয়েছে। এই ট্রেনগুলো হলো- রাজবাড়ী কমিউটার (রাজবাড়ী-পোড়াদহ), ঢালারচর এক্সপ্রেস (পাবনা-রাজশাহী) এবং রহনপুর কমিউটার (রহনপুর-রাজশাহী)।’
এসব ট্রেনে চলাচলকারী যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।
সময়ের আলো/কেএইচও