রাউজানে ফের হিন্দু বাড়িতে আগুন

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রথম পাতা

চট্টগ্রামের রাউজানে আবারও হিন্দু সম্প্রদায়ের দুটি ঘরের দরজা বন্ধ করে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। গত সোমবার রাত ৩টার দিকে পৌরসভার

2025-12-24T01:03:55+00:00
2025-12-24T01:03:55+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা
রাউজানে ফের হিন্দু বাড়িতে আগুন
টের পেয়ে ৯ জনের প্রাণ রক্ষা
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ১:০৩ এএম 
সোমবার সুলতানপুর গ্রামের হিন্দু বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। সংগৃহীত ছবি
চট্টগ্রামের রাউজানে আবারও হিন্দু সম্প্রদায়ের দুটি ঘরের দরজা বন্ধ করে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। গত সোমবার রাত ৩টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামের হিন্দু বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে ক্ষতিগ্রস্ত ঘর দুটির একটির মালিক প্রবাসী সুখ শীল ও অন্যটির মালিক দিনমজুর অনীল শীল। এর আগেও হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের দুটি বাড়িতে আগুন দেওয়া হয়। রাতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন গেলেও ততক্ষণে আগুনে তাদের বসতঘরের সবকিছু পুড়ে ছাই হয়। 

সোমবার রাতের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটির এক গৃহবধূ কেরোসিনের গন্ধ পেয়ে বাইরে বেরিয়ে দেখতে পান তাদের দুই ঘরে ছড়িয়ে পড়েছে আগুন। তারা চিৎকার চেঁচামেচি শুরু করলে সবাই ঘর থেকে হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করলেও দরজার বাইরে থেকে হুক বন্ধ পান। এ সময় তারা দা দিয়ে কুপিয়ে দরজা ভেঙে ঘর থেকে বের হন। এতে দুই পরিবারের ৯ জন প্রাণে রক্ষা পায়। আগুনে তাদের বসতঘর সম্পন্ন পুড়ে যায়। ফলে এই শীতে তাদের খোলা আকাশের নিচে জীবন কাটাতে হচ্ছে। এ ছাড়া ঘটনার পর থেকে তাদের ভয়ে ভয়ে দিন কাটছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর  দাবি, এ ঘটনায় তাদের ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

Advertisement
এদিকে, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রাহাতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-ক্রীড়াবিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাউজান শাহাদাত মির্জা। এ সময় তারা পরিবারগুলোকে সরকারি সহায়তার আশ্বাস দেন এবং ঘটনা তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান। তারা তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে ২৫ কেজি চাল, নগদ ৫ হাজার টাকা ও কম্বল বিতরণ করেন। 

রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম দুর্বৃত্তের আগুনে দুই পরিবারের বসতঘর পুড়ে যাওয়ার তথ্য নিশ্চিত করে বলেন, বাড়িগুলো নির্জন এলাকায়। আমরা দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চালাচ্ছি। 

এর আগে গত শুক্রবার গভীর রাতে রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঢেউয়াপাড়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের দুটি ঘরে দরজায় তালা লাগিয়ে আগুন দেওয়ার অভিযোগ ওঠে। আগের দিন বৃহস্পতিবার সদর ইউনিয়নের কেউটিয়া বড়ুয়াপাড়া গ্রামেও সাধন বড়ুয়া নামে এক ব্যক্তির ঘরে একইভাবে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া যায়। দুটি ঘটনায় থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা হয়েছে। 

সময়ের আলো/এনএ 
  বিষয়:   রাউজান  হিন্দু বাড়ি  আগুন  ৯ প্রাণ  রক্ষা 


Loading...
Loading...
প্রথম পাতা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: