গাইবান্ধার গোবিন্দগঞ্জের শালমারা হল্ট স্টেশন এলাকায় ট্রেন চালকের বিচক্ষণতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস। ট্রেনের ধাক্কায় একটি ইটবোঝাই পাওয়ার ট্রলি ইঞ্জিন ট্রলি থেকে বিচ্ছিন্ন হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শালমারা ইউপির প্যানেল চেয়ারম্যান তৌফিজুর রহমান তৌফিক।
বোনার পাড়া জিআরপি থানার অফিসার ইনচার্জ কামাল উদ্দীন বলেন, ‘শালমারা রেল স্টেশন এলাকার একটি অরক্ষিত রেলক্রসিং দিয়ে ইটবোঝাই একটি পাওয়ার ট্রলি পারাপার হচ্ছিল। এসময় সান্তাহার থেকে বুড়িমারি গামী করতোয়া এক্সপ্রেস ৭১৩ ট্রেনটি কাছাকাছি চলে আসে। ট্রেনের চালক সমূহ বিপদের আশঙ্কায় ট্রেনের গতি কমিয়ে দেয়। তারপরেও ট্রেনটি এসে ইটবোঝাই পাওয়ার ট্রলিকে ধাক্কা দিলে সেটি ভেঙে যায়।’
পরে স্থানীয় লোকজন ও জিআরপি থানার পুলিশের সহায়তায় পাওয়া ট্রলিটি সেখান থেকে সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সময়ের আলো/কেএইচও