হকিতে আমিরুল বন্দনা, কাবাডি-ব্যাডমিন্টনে সাফল্য

মামুন হোসেন

খেলা

দিন যায় মাস আসে। মাস পেরিয়ে বছর, যুগ, শতাব্দী। মহাকাল তার গর্ভে এক একটি বছরকে সযত্নে ধারণ করে। সেখানে সাফল্য

2025-12-27T06:24:39+00:00
2025-12-27T06:24:39+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
খেলা
হকিতে আমিরুল বন্দনা, কাবাডি-ব্যাডমিন্টনে সাফল্য
সালতামামি ২০২৫
মামুন হোসেন
প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৬:২৪ এএম 
প্রতীকী ছবি
দিন যায় মাস আসে। মাস পেরিয়ে বছর, যুগ, শতাব্দী। মহাকাল তার গর্ভে এক একটি বছরকে সযত্নে ধারণ করে। সেখানে সাফল্য যেমন স্থান পায়, ব্যর্থতাকেও মুছে ফেলে না। দেখতে দেখতে মহাকালের গর্ভে হারিয়ে যাচ্ছে আরও একটি বছর-২০২৫। 

বাংলাদেশের বিভিন্ন অঙ্গনের মতো ক্রীড়াতেও বছরটি নানান সাফল্য-ব্যর্থতার মিশেলে পার করেছে। ক্রিকেট, ফুটবল দেশের দুই বড় ইভেন্ট ছাপিয়ে হকিসহ বিভিন্ন ফেডারেশন-অ্যাসোসিয়েশনে ২০২৫ সালে নানান ঘটনা ঘটেছে। সেখানে সাফল্যের গল্প যেমন রয়েছে, তেমনি ব্যর্থতা, বিতর্কও পিছু ছাড়েনি।

বিশ্বকাপে অনন্য আমিরুল
যুব হকি বিশ্বকাপে আলো ছড়িয়েছেন আমিরুল ইসলাম। ৬ ম্যাচে ১৮ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন। পাঁচ হ্যাটট্রিকের সুবাদে চার ম্যাচেই পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। বাংলাদেশের হকির ইতিহাসে এমন কীর্তি বিরল। 

আমিরুল তার অনন্য-অসাধারণ নৈপুণ্যে ব্যক্তিগত রেকর্ড যেমন সমৃদ্ধ করেছেন, তেমনি বাংলাদেশও নিজেদের সেরা সাফল্য নিয়ে ঘরে ফিরেছে। যুব বিশ্বকাপে চ্যালেঞ্জার ট্রফি জেতার মধ্য দিয়ে। মূলপর্বের লড়াইয়ে ছিটকে যাওয়ার পর স্থান নির্ধারণীতে (১৭-২৪তম) অংশ নেয় লাল-সবুজের যুবারা। সেখানে সব দলকে পেছনে ফেলে ১৭তম স্থান অর্জন করায় চ্যালেঞ্জার ট্রফি জেতেন সামিন, আমিরুল, রকিরা। 

হকি তো বটেই, ২০২৫ সালে ক্রীড়াঙ্গনে যা সেরা সাফল্যের একটি।

ব্যর্থ জাতীয় হকি দল
যুব হকি বিশ্বকাপের সাফল্য ছাড়া বছরজুড়ে আলোচনার বাইরে ছিল দেশের হকি। ঘরোয়া লিগ-টুর্নামেন্ট এ বছরও আলোর মুখ দেখেনি। আন্তর্জাতিক অন্য আসরেও নিজেদের মেলে ধরতে পারেনি বাংলাদেশ। বিশেষ করে এএইচএফ কাপে। বিগত আসরগুলোতে এখানে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড থাকলেও ২০২৫ সালে ফাইনালে উঠতেই ব্যর্থ লাল-সবুজের দল। বরং এই আসরকে কেন্দ্র করে সমালোচনা আর বিতর্কের জন্ম দেয় হকি ফেডারেশন। 

এএইচএফ কাপের প্রাথমিক দলে ছিলেন না দেশসেরা ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমি। ফিট থাকার পরও শুধু বয়সের মারপ্যাঁচে জিমিকে আসর থেকে দূরে রাখা হয়। ৩২ বছরের বেশি বয়সিরা সুযোগ পাবেন না—এটা ছিল ফেডারেশনের শর্ত। ৩৭ বছর বয়সি জিমি এই শর্তের কারণেই এএইচএফ কাপে জায়গা হারান। 

জিমি বিতর্ক ছাপিয়ে এএইচএফ কাপের ব্যর্থতার পর ভারতের মাটিতে অনুষ্ঠিত এশিয়া কাপ এবং সবশেষ ঘরের মাঠে অনুষ্ঠিত পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে সাফল্যহীন বাংলাদেশ জাতীয় হকি দল।

কাবাডিতে উজ্জ্বল নারীরা
কাবাডিতে দারুণ এক বছর পার করেছে বাংলাদেশ। বিশেষ করে নারী কাবাডি দল। ঘরের মাঠে অনুষ্ঠিত নারী কাবাডি বিশ্বকাপে ব্রোঞ্জ পদক জয় বছরের সেরা সাফল্যের একটি। দেশের বাইরে থেকেও সাফল্য এসেছে। 

মার্চে ইরানের তেহরানে অনুষ্ঠিত এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতে মেয়েরা। এর বাইরে যুব এশিয়ান গেমসে অনূর্ধ্ব-১৮ বালক এবং বালিকা উভয় দলই ব্রোঞ্জ পদক জিতে বছরটি সাফল্যে রাঙায়।

আরচারিতে আলিফ-চপলের বছর
 
সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়া কাপ আরচারির দ্বিতীয় লেগে ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টে স্বর্ণ জেতেন আবদুর রহমান আলিফ। 

আন্তর্জাতিক আসরে এটি তার ব্যক্তিগত সেরা সাফল্য। আলিফের আগে এশিয়া কাপ স্টেজ-৩ থেকে স্বর্ণ জেতার কীর্ত রয়েছে রোমান সানার। 

বছরের মধ্যভাগে আলিফের অর্জনকে প্রান্তে আরও উজ্জ্বল করেছেন বন্যা আক্তার, হিমু বাছাড়, কুলসুম আক্তাররা। ঘরের মাঠে অনুষ্ঠিত এশিয়ান আরচারি চ্যাম্পিয়নের মিশ্র দ্বৈতে হিমু-বন্যা জুটি মিলে রুপা জেতেন। কম্পাউন্ড থেকে ব্রোঞ্জ জেতেন কুলসুম।

মাঠের সাফল্যের পাশাপাশি সাংগঠনিক দিক থেকেও এগিয়ে ছিল বাংলাদেশ আরচারি ফেডারেশন। দক্ষিণ কোরিয়ার থমাস হানকে ভোটে পরাজিত করে এশিয়ান আরচারির সভাপতি নির্বাচিত হন বাংলাদেশের আরচারিকে এগিয়ে নেওয়ার কারিগর কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল।

ব্যাডমিন্টনে শাটলারদের ইতিহাস
ব্যাডমিন্টনের পাঁচ দশকের ইতিহাসে যা ঘটেনি তা এ বছর করে দেখিয়েছিলেন বাংলাদেশের শাটলাররা। ঘরের মাঠে অনুষ্ঠিত ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ টুর্নামেন্টের মিশ্র দ্বৈতের ফাইনালে ওঠে রুপা জেতে বাংলাদেশের আল আমিন জুমার-ঊর্মি আক্তার জুটি। আন্তর্জাতিক আসরে এটিই বাংলাদেশের সেরা সাফল্য। সে

ই সাফল্যের পালে জোর হাওয়া দিয়ে আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট থেকে দেশকে প্রথমবার স্বর্ণপদক এনে দেয় আবদুল জহির তানভীর-গৌরব সিংহ জুটি। পুরুষ দ্বৈতে এ পদক লাভ করেন তারা। 

টিটিতে ইতিহাস ও সলিডারিটি গেমসে সাফল্য
সৌদি আরবে অনুষ্ঠিত ষষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসে ইতিহাস রচনা করেন বাংলাদেশের টেবিল টেনিসের দুই পরিচিত মুখ অভিজ্ঞ জাভেদ আহমেদ ও উদীয়মান প্রতিভা খৈ খৈ সাই মার্মা। মিশ্র দ্বৈতে রুপা জেতেন তারা। টিটির ইতিহাসে এটিই বাংলাদেশের সেরা সাফল্য। 

একই গেমসের উশু ইভেন্ট থেকে বাংলাদেশের শিখা খাতুন ৫৬ কেজি ওজন শ্রেণিতে ব্রোঞ্জ পদক জেতেন। ভারোত্তোলন থেকে আসে আরও তিনটি ব্রোঞ্জ।

প্যারা গেমসের সাফল্য এবং রোমান-জহিরদের দেশত্যাগ 
বছরের প্রান্তে এশিয়ান ইয়ুথ প্যারা গেমস থেকে আসে অনেক বড় সুসংবাদ। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আসর থেকে তিনটি স্বর্ণ ও দুটি রুপার পদক জেতেন বাংলাদেশের প্রতিবন্ধী অ্যাথলেটরা। আরচারি, তায়কোয়ান্দো, ব্যাটমিন্টন, প্যারা সুইমিং এবং হুইলচেয়ার বাস্কেটবল দল দেশের জন্য এই সাফল্য বয়ে আনে। 

তবে আলোর নিচে অন্ধকারের মতো ঘটনাও ঘটে ২০২৫ সালে। বাংলাদেশের আরচারির তিন তারকা রোমান সানা, দিয়া সিদ্দিকী এবং হাকিম আহমেদ রুবেল দেশ ছেড়ে পাড়ি জমান মার্কিন মুলুকে। 

তাদের দেখানো পথে হাঁটেন ২০০ মিটার স্প্রিন্টের রাজা জহির রায়হানও।

ফেডারেশনগুলোর কমিটিতে রদবদল ও বিওএর নির্বাচন 
বছরজুড়েই বিভিন্ন ফেডারেশনের কমিটিতে চলেছে রদবদল। এর মধ্যে শুটিং, আরচারি এবং মহিলা ক্রীড়া সংস্থা উল্লেখ্যযোগ্য। তবে গঠিত নতুন কমিটি নিয়ে নানান বিতর্ক এবং প্রশ্ন উঠেছে। অনেকে আবার আন্দোলনেও নেমেছে। 

যেমন মহিলা ক্রীড়া সংস্থার কমিটিতে অনেক অপরিচিত মুখ অন্তর্ভুক্ত হওয়ায় এ নিয়ে আন্দোলনে নামে ক্রীড়াঙ্গনের অনেকে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে গঠিত সার্চ কমিটির সংস্কার কার্যক্রম নিয়েও উঠেছে প্রশ্ন। সার্চ কমিটি কিছু অ্যাসোসিয়েশনকে আবার ফেডারেশনের সঙ্গে যুক্ত করেছে। সার্চ কমিটির আহ্বায়ক জোবায়েদুর রহমান রানা এবং সদস্য মেজর ইমরোজ আহমেদ (অব.) বছর শেষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাচনে যথাক্রমে মহাসচিব এবং সহ-সভাপতি নির্বাচিত হন।

দাবায় নতুন আন্তর্জাতিক মাস্টার 
রানী হামিদ, শামীমা আক্তার লিজা এবং শারমিন সুলতানা শিরিনের পর দাবায় বাংলাদেশের চতুর্থ আন্তর্জাতিক মাস্টারের খেতাব অর্জন করেন ওয়াদিফা আহমেদ। এশিয়ান জোনালে চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে এ কীর্তি গড়েন তিনি। 

এ বছর আলোচনায় ছিলেন উপমহাদেশের প্রথম গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ। সবচেয়ে বয়সি দাবাড়ু হিসেবে (৫৯ বছর বয়সে) জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হওয়ায় মধ্য দিয়ে।

যৌন হয়রানির অভিযোগে রাস্তায় মানববন্ধন শুটারদের

২০২৫ সালে অন্যতম আলোচিত ঘটনা ক্রীড়াঙ্গনে যৌন হয়রানি। 

ক্রিকেটার জাহানারা আলম প্রথমে এ বিষয়ে অভিযোগ তোলেন। এরপর শুটিং থেকেও অভিযোগ ওঠে। শুটার এমার অভিযোগের ভিত্তিতে সাবেক শুটার শারমিন আক্তার রত্না, কামরুন নাহার কলির মতো সময়ের সেরা শুটাররা ফেডারেশনের যুগ্ম সম্পাদক জিএম হায়দার সাজ্জাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবির পাশাপাশি তার অপসারণ চেয়ে মানববন্ধন করেন। জাতীয় ক্রীড়া পরিষদ এবং মন্ত্রণালয় বরাবর চিঠি দেন। 

যদিও এসব ঘটনার এখনও সুরাহা হয়নি। কেবল তদন্ত কমিটি গঠিত হয়েছে।

এফআর


  বিষয়:   সালতামামি ২০২৫  হকিতে আমিরুল-বন্দনা  কাবাডি  ব্যাডমিন্টনে সাফল্য 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: