প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৮:০১ পিএম
দিনদুপুরে ঘরে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা। ছবি : সময়ের আলোমাদারীপুর সদর উপজেলায় দিনদুপুরে ঘরে ঢুকে জাহিদ শেখ (৪০) নামে যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলার কুনিয়া ইউনিয়নের কুনিয়ারহাট এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় অভিযুক্তকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
নিহত জাহিদ কুনিয়ারহাট এলাকার জবেদ শেখের ছেলে। সে পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি। আর আটক অভিযুক্ত সজিব শেখ আব্দুল্লাহ রাজৈর উপজেলার বাজিতপুরের মাচ্চর গ্রামের মোস্তফা শেখের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার বিকেলে নিজঘরে কাজ করছিলেন ইলেকট্রিক মিস্ত্রি জাহিদ শেখ। এ সময় হঠাৎ সজিব শেখ নামে এক যুবক তার ঘরে প্রবেশ করেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই জাহিদকে জবাই করে ও কুপিয়ে হত্যা করে।
এ সময় পরিবারের লোকজন টের পেয়ে চিৎকার করলে অভিযুক্ত দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে স্থানীয়রা অভিযুক্ত সজিবকে ধাওয়া করে আটক করে। পরে পুলিশ এসে অভিযুক্তকে থানায় নিয়ে যায়।
এদিকে, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠিয়েছে। তবে, হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিক কিছুই জানাতে পারেনি পুলিশ ও পরিবারের লোকজন।
নিহতের আত্মীয় মীর জামাল সরদার বলেন, কী কারণে জাহিদকে কুপিয়ে হত্যা করা হয়েছে, তা আমরা জানি না। এই হত্যাকাণ্ডের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই।
নিহতের মামা মোয়াজ্জেম মাতুব্বর বলেন, ঘরে কাজ করা অবস্থায় এলোপাতাড়ি কুপিয়ে ও জবাই করে আমার ভাগ্নে জাহিদকে হত্যা করা হয়েছে। এই ঘটনার কারণ অনুসন্ধান ও জড়িতের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা বলেন, হত্যার ঘটনায় আটক সজিব শেখ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যার কারণ ও ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
এফআর