নতুন বছরে তারকাদের নতুন ভাবনা

মাসুদুর রহমান

২০২৫ সালকে বিদায় জানিয়ে আজ সূর্য উঠেছে নতুন বছরের। নতুন বছর মানেই নতুন ভোর, নতুন স্বপ্ন দেখা। নতুন বছর নিয়ে

2026-01-01T03:19:27+00:00
2026-01-01T03:19:27+00:00
 
  শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬,
১৩ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
নতুন বছরে তারকাদের নতুন ভাবনা
মাসুদুর রহমান
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৩:১৯ এএম 
ক্যারিয়ার ও ব্যক্তিজীবন নিয়ে তারকারাও স্বপ্ন বুনেন নতুন করে। ছবি : সংগৃহীত
২০২৫ সালকে বিদায় জানিয়ে আজ সূর্য উঠেছে নতুন বছরের। নতুন বছর মানেই নতুন ভোর, নতুন স্বপ্ন দেখা। নতুন বছর নিয়ে মানুষের মধ্যে থাকে নানা রকম উত্তেজনা-উন্মাদনা। সেই উন্মাদনাকে আরও বেশি উৎসবমুখর করে তোলে শোবিজের তারকারা। বিনোদন অঙ্গন সেজে ওঠে নতুন জাঁকজমকতায়। ক্যারিয়ার ও ব্যক্তিজীবন নিয়ে তারকারাও স্বপ্ন বুনেন নতুন করে। উৎসাহ-উদ্দীপনায় শুরু করেন কাজ। তারকাদের প্রত্যাশা নিয়ে প্রতিবেদনটি 

জেমস
নতুন বছরে আমার ভক্তদের জন্য শুভেচ্ছা রইল। নতুন বছরে আমার প্রত্যাশা একটু বেশি। আমি সংস্কৃতিবান্ধব সমৃদ্ধির এক বাংলাদেশ চাই। আমাদের গান ও সংস্কৃতি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক। গত বছর গান নিয়ে আমার অনেক ব্যস্ততা ছিল। আমি দেশ এবং দেশের বাইরে অনেক কনসার্টে অংশ নিয়েছিলাম। আমার বিশ্বাস নতুন বছরে বেশি বেশি কনসার্ট হবে দেশ এবং দেশের বাইরে। সব শিল্পী ভালো থাকবে। দেশের প্রতিটি মানুষের প্রত্যাশা অনুযায়ী স্বপ্নপূরণ হবে। আবার আমার প্রিয় গানপাগল ভক্তদের জানাই আন্তরিক শুভেচ্ছা। নতুন বছরটা এক গানের বছর হোক। গানে গানে সবার হৃদয় ভরে যাক। ভক্তরাই আমার প্রাণ। এ বছরও আমার প্রতি সবার ভালোবাসা অব্যাহত থাকবে আশা করি। 

জয়া আহসান 
আমি তো পরিকল্পনা করে কিছু করি না। কারণ পরিকল্পনা করে কিছু করলে সেটা অনেক সময় হয় না। আমি চাই এ বছর সবাই ভালো কাজ করুক। নতুন বছর একটা আনন্দময় জার্নি হোক সবার। আমার ভক্তদের উদ্দেশে বলতে চাই আপনারা নতুন বছরে সবাই সিনেমা হলে এসে আমারসহ সবার সিনেমা দেখুন। নতুন বছর সবার মনের মতো হোক। 
কাজের ক্ষেত্রে বলতে গেলে গত বছরটা আমার বেশ ভালোই কেটেছে। আর যদি বলি গত বছর মানুষ তো একটা রোলার কোস্টারে উঠেছিল। এ জন্য স্বাভাবিক কাজের গতি কিছুটা থেমে ছিল। আশা করি নতুন বছরে সব ঠিক হয়ে যাবে। 

মেহজাবীন
নতুন বছরে দর্শক, ভক্ত, শুভাকাক্সক্ষী, সহশিল্পী সবার জন্য শুভেচ্ছা, শুভকামনা। আমার দর্শকদের প্রতি গভীর ভালোবাসা। দর্শকরা আমার কাজকে ভালোবেসে সাপোর্ট করে আসছেন, তাদের জন্য আমার অনেক অনেক কৃতজ্ঞতা। দেখতে দেখতে একটি বছর শেষ হয়ে নতুন বছর চলে এলো। নতুন বছরে নতুন উদ্যমে ভালো কাজের সঙ্গে থাকব, এটা প্রত্যাশা করছি। আমি সবসময় চেয়েছি গুণগত কাজের সংখ্যাটা ক্যারিয়ারে যুক্ত হোক, নতুন বছরেও তা থাকবে। নতুন বছর মঙ্গল নিয়ে আসুক, সবার জীবন সুন্দর হোক।

আব্দুন নূর সজল
২০২৫ সালটি বেশ ভালো কেটেছে। সিনেমা নিয়েই সারা বছর ব্যস্ত ছিলাম। বেশ কিছু ভালো কাজ করেছি। আরও তিনটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি তবে এগুলো নিয়ে এখনই কিছু বলতে চাই না। আমি আশাবাদী, নতুন বছরও হবে আমার জন্য সিনেমার বছর। তবে বেশি নয়, বছরে দুই-তিনটি মানসম্মত কাজ করতে চাই। দর্শককে ভালো গল্পের সিনেমা উপহার দিতে চাই। আমার নিজের কাছে গল্প ও চরিত্র ভালো না লাগলে আমি তাতে অভিনয় করি না। এ বিষয়ে আমি ভীষণ সচেতন। নতুন বছরে কাজের ব্যাপারে আরও সচেতনতা অবলম্বন করে চলব। এই বছরে দর্শকরা নতুনরূপে দেখতে পাবেন আমাকে। 

বিদ্যা সিনহা মিম
নতুন বছরটা কাজের মধ্যে থাকতে চাই। আশা করছি ২০২৬-এ বেশ কিছু সিনেমার কাজ করব। সেভাবেই কথাবার্তা এগোচ্ছে। গত বছর সিনেমার কাজ কম হওয়াতে পর্দায় আমার উপস্থিতি ছিল না। অন্যদিকেই বেশি মনোযোগী ছিলাম। তবে নতুন কাজে যুক্ত হয়েছি। আশা করছি নতুন বছরে সিনেমা নিয়ে ফিরতে পারব। দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মেও।

আজমেরী হক বাঁধন
২০২৫ সালটা আমার জন্য প্রোডাকটিভ ছিল। কাজের মধ্যেই ছিলাম সারাটি বছর। আশা করছি নতুন বছরটিও ভালো যাবে। জানুয়ারির শেষে একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছি ‘মাস্টার’ সিনেমাটি নিয়ে। সবকিছু ঠিক থাকলে ঈদে মুক্তি পাবে ‘বনলতা’। আরও নতুন একাধিক কাজের সঙ্গে জড়িত হয়েছি। ঈদের পর এগুলোর শুটিং শুরু হবে। এভাবে ২০২৬ সালটা যেন কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে পারি এটাই প্রত্যাশা। ইন্ডাস্ট্রিতে এখন কাজ কম হলেও নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর এই অবস্থার পরিবর্তন হবে। আশা করছি কাজের সুযোগ আরও বাড়বে। ব্যক্তিজীবনে শারীরিক ও মানসিকভাবে স্বতঃস্ফূর্ত রাখতে চাই নিজেকে। সুন্দর জীবনযাপনের জন্য সবার মধ্যে সাম্য-সম্প্রীতি বজায় রাখাটা জরুরি। তাই কাছের মানুষদের সঙ্গে দূরত্ব না রেখে তাদের আরও ঘনিষ্ঠ হতে চাই। সামনে নির্বাচন। নির্বাচিত সরকার একটি সুখী-সমৃদ্ধি ও শান্তির দেশ উপহার দেবে এটাই প্রত্যাশা সবার। 

ফারহান আহমেদ জোভান
গত বছরটি আমার জন্য বেশ ভালোই ছিল। সারা বছর বিভিন্ন কাজের মাধ্যমে দর্শকের ভালোবাসা পেয়েছি। কঠোর পরিশ্রম আর সঠিক কাজ নির্বাচন করলেই সফলতা পাওয়া যায়। দর্শকের ভালোবাসাই আমার কাজের মূল চালিকাশক্তি, অনুপ্রেরণা। আমি চেষ্টা করি সবসময় এমন কিছু করতে যা মানুষের মনে গেঁথে থাকবে। এই চেষ্টা অব্যাহত থাকবে নতুন বছরেও। কাজের মাধ্যমে দর্শকের আরও কাছে যেতে চাই। চেষ্টা করব কাজের জায়গায় আরও ভালো করতে, নিজেকে আলাদা করে তুলে ধরতে। এ ছাড়া ব্যক্তিজীবনে একজন ভালো মানুষ হতে চাই। আপনজনদের সঙ্গে থাকতে চাই সবসময়। এ জন্য সবার দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করছি। 

তানজিম সাইয়ারা তটিনী
প্রতিটি কাজেই আমি প্রত্যাশা করি। তবে নতুন বছর নিয়ে প্রত্যাশা হলো আরও ভালো কাজ করা। নিজের অভিনয়দক্ষতার বিকাশ ঘটানো এবং দর্শকের ভালোবাসা ধরে রাখা। অল্প ক্যারিয়ারে সবার ভালোবাসায় আমি মুগ্ধ। তাদের এই ভালোবাসা আমাকে আরও ভালো কাজের প্রতি অনুপ্রাণিত করছে। নতুন বছরে ভিন্নধর্মী ও চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে চাই, যা আমাকে অভিনয়ের নতুন উচ্চতায় নিয়ে যাবে। আমার কাজগুলো দর্শকের মন জয় করুক এই প্রত্যাশা সবসময়। 

নাজনীন নিহা 
গত বছরে ১১টির মতো নাটকে অভিনয় করা হয়েছে আমার। কাজগুলো থেকে অনেক ভালো সাড়া পেয়েছি। নতুন বছরেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই। নতুন বছরে কাজের সংখ্যা বাড়াতে চাই না। অল্প কাজের মাধ্যমে নিজেকে দর্শকের মাঝে হাজির করতে চাই। উপভোগ্য নয় এমন গল্পে অভিনয় করে দর্শকের বিরক্ত করতে চাই না। কাজের ক্ষেত্রে আরও সচেতনতা অবলম্বন করব নতুন বছরে।

তৌসিফ মাহবুব
সবসময় যেভাবে দর্শকের ভালোবাসা পেয়ে আসছি, নতুন বছরেও সেই ভালোবাসা ধরে রাখতে চাই। সংখ্যায় কম হলেও মানসম্মত কাজ চালিয়ে যাব। বড়পর্দায় কাজ করার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করতে চাই। নতুন নতুন চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে চাই। কাজের মাধ্যমে সফলতা অর্জনই লক্ষ্য। সেই সঙ্গে ব্যক্তিজীবনকেও পরিচ্ছন্ন রাখতে চাই। 

দিলশাদ নাহার কনা 
নতুন বছর নিয়ে অবশ্যই ভালো কিছু প্রত্যাশা করি। সবার মঙ্গল কামনা করি। সাধারণত আমি পরিকল্পনা করে কাজ করি না। সারা বছর অনেক কাজের সুযোগ হয় আমার। গত বছরেও অনেক গান করেছি, সেগুলো থেকে সবার ভালোবাসা পেয়েছি। বছরের শেষ সময়ে সম্প্রতি প্রকাশিত দুটি গান থেকেও ভালো সাড়া পেয়েছি। আশা করছি এই সাফল্য নতুন বছরেও অব্যাহত থাকবে। তবে প্রত্যাশা নতুন বছরটি আমার ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের জন্য অনেক পজিটিভ হবে। বরাবরের মতো ২০২৬ সালে গান নিয়েই ব্যস্ত থাকব। জানুয়ারিতে একাধিক গান প্রকাশ হওয়ার কথা রয়েছে। এর মধ্যে প্রথম সপ্তাহে প্রকাশ হবে নতুন বছরের প্রথম গান। 

জাকিয়া সুলতানা কর্ণিয়া
নতুন বছরটা হবে খুবই স্পেশাল। নতুন একটি সুখবর থাকছে এই বছরে, সেটা সময় হলে সবাই জানতে পারবেন। আমিও অপেক্ষায় আছি সেই মাহেদ্রক্ষণের। এই বিষয়ে আপাতত কিছু বলতে চাই না। এ ছাড়া স্টেজ শোর পাশাপাশি নতুন গান তো
থাকছেই। প্রতি বছরের মতো এই বছরেও কিছু গান প্রকাশ হবে। গানগুলো নিয়ে কাজ করছি। এর মধ্যে ভিন্ন আয়োজন
থাকবে একটি বিশেষ গান। সামনে নির্বাচন ঘিরে সবার মধ্যে এক ধনের উৎসাহ-উদ্দীপনা কাজ করছে। আমিও এর বাইরে নই। প্রত্যাশা থাকবে নির্বাচিত সরকার একটি সুন্দর দেশ আমাদের উপহার দেবে। 


সময়ের আলো/কেএইচও


  বিষয়:   ক্যারিয়ার  ব্যক্তিজীবন  তারকারা  স্বপ্ন  নতুন বছর 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: