দুই বাংলার
জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বছরজুড়েই থাকেন আলোচনায়। এবার নতুন বছরে
ভক্তদের সুখবর দিলেন অভিনেত্রী। ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে তার বহুল
প্রতীক্ষিত সিনেমা ‘ওসিডি’। গতকাল জয়া তার ফেসবুকে ‘ওসিডি’র পোস্টার শেয়ার
করে লিখেছেন, মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও।
পোস্টারটিতে
দেখা যায়- জয়া আহসানের গম্ভীর ও চিন্তামগ্ন মুখভঙ্গ নিয়ে হাতে গ্লাভস পরে
কুয়াশাচ্ছন্ন গ্লাস মুছে নিজের দিকে তাকিয়ে আছেন এক ধরনের ভয় ও অস্বস্তি
নিয়ে। একই সঙ্গে পোস্টারে সিনেমার মুক্তির তারিখও প্রকাশিত হয়। আগামী ৬
ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে সিনেমাটি।
‘ওসিডি’ সিনেমা পরিচালনা করেছেন
সৌকর্য ঘোষাল। এটি মূলত সাইকোলজিক্যাল ড্রামা। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে
অভিনয় করেছেন জয়া। একজন চিকিৎসকের ভূমিকায় দেখা যাবে তাকে, যার জীবনে রয়েছে
অতীতের ধূসর ছায়া, যা তাকে তাড়া করে বেড়ায়। সিনেমার গল্পে দেখা যাবে,
শ্বেতা চরিত্রের জয়ার অতীত জেনে ফেলে তারই এক রোগী। এতে তাকে হত্যা করে
চিকিৎসক।
এভাবেই তার আশপাশে থাকা, তার বিরুদ্ধাচরণ করা প্রতিটি
মানুষকেই শেষ করে দিতে চায় সে। ‘ওসিডি’ সিনেমাটি নিয়ে জয়া আহসান বলেন,
পরিচালক যখন আমাকে এ ছবির প্রস্তাব পাঠান, আমি সঙ্গে সঙ্গে সেই প্রস্তাব
লুফে নিই। সত্যি বলতে, আমি মন খুলে অভিনয় করেছি, তৃপ্ত হয়েছি, ভালো
লেগেছে।
‘ওসিডি’তে আরও অভিনয় করেছেন কৌশিক সেন, ফজলুর রহমান বাবু,
কনীনিকা বন্দ্যোপাধ্যায়, শ্রেয়া ভট্টাচার্য প্রমুখ। সিনেমাটি প্রযোজনা
করেছেন পূজা চট্টোপাধ্যায়। সংগীত পরিচালনায় ছিলেন মেঘ বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য,
ওসিডি বা অবসেসিভ কমপালসিভ ডিজঅর্ডার একটি মানসিক ব্যাধি, যা ব্যক্তির মনে
বারবার অনাকাক্সিক্ষত ও বিরক্তিকর চিন্তা ঝেঁকে আসে এবং সেই চিন্তা থেকে
সৃষ্ট উদ্বেগ কমাতে সে কিছু নির্দিষ্ট কাজ বা আচরণ করতে বাধ্য হয়, যা তার
দৈনন্দিন জীবনে ব্যাপক সমস্যা তৈরি করে।
সময়ের আলো/এসকে/