শওকত
ওসমান কথাসাহিত্যিক, প্রাবন্ধিক। ১৯১৭ সালের ২ জানুয়ারি পশ্চিমবঙ্গের
হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম শেখ আজিজুর
রহমান; ‘শওকত ওসমান’ তার সাহিত্যিক নাম।
শওকত ওসমান কলকাতার আলিয়া
মাদরাসা থেকে প্রবেশিকা, সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে আইএ ও বিএ এবং কলকাতা
বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ পাস করেন। আইএ পাস করার পর তিনি কিছু দিন
কলকাতা করপোরেশন এবং বাংলা সরকারের তথ্য বিভাগে চাকরি করেন। এমএ পাস করার
পর তিনি গভর্নমেন্ট কমার্শিয়াল কলেজে লেকচারার পদে নিযুক্ত হন। ১৯৪৭ সালে
তিনি চট্টগ্রাম কলেজ অব কমার্সে যোগ দেন। ১৯৫৯ সাল থেকে ঢাকা কলেজে
অধ্যাপনা করে ১৯৭২ সালে স্বেচ্ছায় অবসরে যান। উপন্যাস ও গল্প রচয়িতা
হিসেবেই শওকত ওসমানের মুখ্য পরিচয়। তবে প্রবন্ধ, নাটক, রম্যরচনা, স্মৃতিকথা
ও শিশুতোষ গ্রন্থও তিনি রচনা করেছেন। বিদেশি ভাষার অনেক উপন্যাস, ছোটগল্প ও
নাটক তিনি বাংলা ভাষায় অনুবাদ করেছেন। গ্রন্থ সম্পাদনার ক্ষেত্রেও তিনি
কৃতিত্বের স্বাক্ষর রাখেন।
উল্লেখযোগ্য কয়েকটি রচনা হলো- উপন্যাস :
জননী, ক্রীতদাসের হাসি, সমাগম, চৌরসন্ধি, রাজা উপাখ্যান, জাহান্নাম হইতে
বিদায়, দুই সৈনিক, নেকড়ে অরণ্য, পতঙ্গ পিঞ্জর, আর্তনাদ, রাজপুরুষ;
গল্পগ্রন্থ : জুনু আপা ও অন্যান্য গল্প, মনিব ও তাহার কুকুর, ঈশ্বরের
প্রতিদ্বন্দ্বী; প্রবন্ধগ্রন্থ : ভাব ভাষা ভাবনা, সংস্কৃতির চড়াই-উতরাই,
মুসলিম মানসের রূপান্তর; নাটক : আমলার মামলা, পূর্ণ স্বাধীনতা চূর্ণ
স্বাধীনতা; শিশুতোষ গ্রন্থ : ওটেন সাহেবের বাংলো, ক্ষুদে সোশালিস্ট,
পঞ্চসঙ্গী; রম্যরচনা নিজস্ব সংবাদদাতা প্রেরিত; তার জননী ও ক্রীতদাসের হাসি
উপন্যাস দুটি প্রশংসিত হয়েছে। অনূদিত গ্রন্থ : নিশো, লুকনিতশি, বাগদাদের
কবি, টাইম মেশিন, পাঁচটি কাহিনি লিও টলস্টয়, স্পেনের ছোটগল্প, পাঁচটি নাটক,
ডাক্তার আবদুল্লাহর কারখানা, পৃথিবীর রঙ্গমঞ্চে মানুষ, সন্তানের
স্বীকারোক্তি ইত্যাদি।
সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য
তিনি বাংলা একাডেমি পুরস্কার, আদমজী সাহিত্য পুরস্কার, পাকিস্তান সরকারের
প্রেসিডেন্ট পুরস্কার, একুশে পদক, মাহবুবউল্লাহ ফাউন্ডেশন পুরস্কার,
মুক্তধারা সাহিত্য পুরস্কার ও স্বাধীনতা দিবস পুরস্কারে ভূষিত হন। ১৯৯৮
সালের ১৪ মে ঢাকায় তিনি মারা যান।
সময়ের আলো/এসকে/