ফিরে দেখা সংগীত-জগতের গল্পগুলো

নবাব আমিন

আনন্দ সময়

দেখতে দেখতে শেষ ঘটনাবহুল ২০২৫ সাল। বছর জুড়ে দেশীয় সংগীতাঙ্গনে ঘটেছে আলোচিত অনেক ঘটনা। ২০২৪ সালে সংগীতাঙ্গনের দৃশ্যপট অনেকটা বদলে

2026-01-02T12:49:05+00:00
2026-01-02T19:12:48+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
ফিরে দেখা সংগীত-জগতের গল্পগুলো
নবাব আমিন
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ১২:৪৯ পিএম  আপডেট: ০২.০১.২০২৬ ৭:১২ পিএম
গ্রাফিক : সময়ের আলো
দেখতে দেখতে শেষ ঘটনাবহুল ২০২৫ সাল। বছর জুড়ে দেশীয় সংগীতাঙ্গনে ঘটেছে আলোচিত অনেক ঘটনা। ২০২৪ সালে সংগীতাঙ্গনের দৃশ্যপট অনেকটা বদলে গিয়েছিল। কিন্তু ২০২৫ সালে তা আবার সরূপে ফিরতে চেষ্টা করেছে। অডিও, চলচ্চিত্র, নাটক, ওয়েব সিরিজের পাশাপাশি অনলাইন ও টিভি আয়োজনেও ছিল ব্যতিক্রমী উপস্থাপন। বছরব্যাপী অনেক তারকারা ক্যারিয়ারে যেমন সাফল্য পেয়েছেন, তেমনি অনেকের ব্যক্তিগত জীবনেও যোগ হয়েছে নতুন মাত্রা। সারা বছর আলোচনায় ছিল এমনই কিছু-প্রেম পরিণয়ের গল্পও। অনেক আনন্দময় প্রাপ্তির মাঝে হারানোর বেদনাও আহত করেছে। পেছন ফিরে তাকালে দেখা যায় হারানোর তালিকা। এ বছর না ফেরার দেশে চলে গেছেন অনেক গুণী শিল্পী। প্রত্যাশা আর প্রাপ্তিতে এর মধ্যে উল্লেখ্যযোগ্য কিছু ঘটনা সময়ের আলোর পাঠকদের জন্য তুলে ধরা হলো। 

গত কয়েক বছরের ধারাবাহিকতায় অডিও গানের বাজারে খরা অব্যাহত। শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠানগুলো গানের চেয়ে নাটক প্রকাশে আগ্রহী হয়েছে। গত কয়েক বছর সিনেমার গানই রয়েছে আলোচনায়। অডিও গান বলতে গেলে বিচ্ছিন্নভাবে প্রকাশ হয়েছে। নাটকের গুটি কয়েক গান শ্রোতাদের মাঝে সাড়া ফেলেছে। এ ছাড়া, কোক স্টুডিও বাংলার কয়েকটি গান শ্রোতাদের পছন্দ তালিকায় স্থান পেয়েছে। আবার কনসার্ট নিয়ে বছরটি ছিল অনেকটাই হতাশার। প্রাথমিক আয়োজন শেষ করেও নানা কারণে শেষ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে কনসার্ট বাতিলের ঘটনা ঘটছে। 

আলোচিত গান 

‘দমা দম মাস্ত কালান্দার’ 
এ বছরের সর্বাধিক আলোচিত গানগুলোর মধ্যে প্রথম দিকেই থাকবে, বছরের শেষ পর্যায়ে কোক স্টুডিও বাংলায় প্রকাশিত কিংবদন্তি শিল্পী রুনা লায়লার নতুন করে গাওয়া জনপ্রিয় ‘দমা দম মাস্ত কালান্দার’ গানটি। প্রকাশের আগে থেকে এই গানটি নিয়ে আগ্রহ ছিল শ্রোতাদের মাঝে। প্রকাশের পর এটি দারুণভাবে গ্রহণ করে শ্রোতারা। 

‘এই অবেলায়-২’ 
জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’-এর জনপ্রিয় গান ‘এই অবেলায়’-এর সিক্যুয়েল ছিল এ বছরের বহুল প্রতীক্ষিত কাজগুলোর একটি। এর ব্যাপ্তি প্রায় ১০ মিনিট। গানটির কথা লিখেছেন জিয়াউর রহমান এবং সুর করেছেন কাজী আহমেদ শাফিন। ব্যান্ডের বর্তমান ভোকাল শেখ ইশতিয়াকের কণ্ঠে গানটির আবেগ একই হলেও নতুনত্বের ছাপ ছিলো। 

‘মহাজাদু’ 
বছরের আলোচিত গানের তালিকায় এরপর রয়েছে হাবিব ওয়াহিদের গাওয়া ‘মহাজাদু’। গানটিতে তার সঙ্গে তাজিকিস্তানের শিল্পী মেহেরনিগর রুস্তম’র উপস্থিতি নতুন মাত্রা যোগ করে। বাউল শাহ খোয়াজ মিয়ার লেখা ও সুরে তৈরি এই লোকগানটির নতুন সঙ্গীতায়োজন করেছেন হাবিব নিজেই। ফিউশনধর্মী এ গানটি বছরের আলোচিত গানগুলোর একটি। শ্রোতাদের মন ভরাতে পেরেছেন হাবিব ওয়াহিদ। 

‘গুলবাহার’ 
বছরের আলোচিত গানের আরেকটি ‘গুলবাহার’। গানের কথা ও সুর করেছেন ঈশান মজুমদার। কণ্ঠ দিয়েছেন ঈশান মজুমদার ও শুভেন্দু দাস শুভ। প্রথম দিকে তেমন আলোচনায় না এলেও বছরের মাঝামাঝি সময়ে গানটি শ্রোতাদের মন কাড়তে থাকে। এরপর ফেসবুক রিলস থেকে টিকটক, সব জায়গায় ট্রেন্ডিংয়ে ছিল গানটি। ইউটিউবে গানটির ভিউ ছাড়িয়েছে তিন কোটি। 

‘লিচুর বাগানে’ 
‘তাণ্ডব’ চলচ্চিত্রের গান ‘লিচুর বাগানে’র মূল কথা ও সুর করেছেন নেত্রকোনার চারণকবি ছত্তার পাগলা। চলচ্চিত্রের জন্য গানটিতে কিছু সংযোজন-বিয়োজন করেছেন প্রীতম হাসান, মেহেদী আনসারি ও ইনামুল তাহসিন। এ গানেরও সুর-সঙ্গীতায়োজন করেছেন প্রীতম হাসান। কণ্ঠ দিয়েছেন প্রীতম, জেফার, মঙ্গল মিয়া ও আলেয়া বেগম। চরকি, এসভিএফ ও দীপ্ত টিভির ইউটিউব চ্যানেল মিলিয়ে গানটির বর্তমান ভিউ ৫ কোটির বেশি। 

এ ছাড়া, স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো নানা প্রান্তে বাংলা গানকে পৌঁছে দিচ্ছে। সে কারণে পেশাদার জায়গা থেকে শিল্পী, সুরকার, গীতিকবি, সঙ্গীতায়োজক– সবাই এই মাধ্যমটিকে প্রাধান্য দিয়ে থাকেন। স্বাভাবিকভাবে তাই এই মাধ্যমে গান প্রকাশের আগ্রহ বরাবরই বেশি। ২০২৫ সালেও তার ব্যতিক্রম হয়নি। বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান ছাড়াও নিজস্ব ইউটিউব চ্যানেলে গান প্রকাশ করে চলেছেন শিল্পী, ব্যান্ড, সুরকার ও সঙ্গীতায়োজকরা। এ ছাড়াও, শ্রোতা মনোযোগ কেড়ে নেওয়া গানের তালিকায় রয়েছে হাবিব ওয়াহিদের ‘পাগল হাওয়া’, লুইপার ‘চুড়ি ছাম ছাম’, ইমরান-আতিয়া আনিসার ‘তুই আমার’, ‘প্রিয়তমা’, বে অব বেঙ্গলের ‘গন্ধ খুঁজে পাই’, রাফার ‘জোছনামাখা গন্ধ’, অর্ণবের অ্যালবাম ‘ভাল্লাগেনা’, বাপ্পা মুজমদারের ‘এই ব্যথা’ ও ‘ভার্টিক্যাল হরাইজন’সহ আরও কিছু গান সঙ্গীতপ্রেমীদের মন ছুঁয়ে গেছে। 

তারকাদের আলোচিত বিয়ে ও বিচ্ছেদ 

তাহসান খান-রোজা আহমেদ 
নতুন বছর শুরুর আমেজ না কাটতেই হঠাৎ চমকে দেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। নতুন বছরের ৪ জানুয়ারি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন তিনি। এক ঘরোয়া আয়োজনেই সম্পন্ন হয় বিয়ের আয়োজন। আর বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরে চলে তুমুল আলোচনা। ব্যক্তিজীবনে তাহসানের এটি দ্বিতীয় বিয়ে, তার প্রথম স্ত্রী ছিলেন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। এরপর বছরের শেষ ভাগে এসে গান ছাড়ার ঘোষণা দেন তাহসান। নিজের ক্যারিয়ার, মানসিক অবস্থা ও ভবিষ্যৎ ভাবনা থেকে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। 

আরাফাত মহসিন নিধি-রাবা খান 
চলতি বছর ৪ এপ্রিল বিয়ে করেছেন গায়ক, সঙ্গীত পরিচালক ও নির্মাতা আরাফাত মহসিন নিধি এবং কনটেন্ট ক্রিয়েটর রাবা খান। আরাফাত মহসিন নিধি 'বরবাদ' সিনেমার আবহ সঙ্গীত করেছেন। নিয়মিত কাজ করে চলেছেন চলচ্চিত্রের আবহ সঙ্গীত নিয়ে। অন্যদিকে, রাবা খান একজন কনটেন্ট ক্রিয়েটর। ২০২০ সালে ফোর্বস ম্যাগাজিনের অনূর্ধ্ব–৩০ ক্যাটাগরিতে এশিয়া–প্যাসিফিক অঞ্চল থেকে নির্বাচিত ৩০ তরুণ উদ্যোক্তার তালিকায় তিনি স্থান পেয়েছিলেন। 

বাঁধন সরকার পূজা 
এ বছর ২৪ নভেম্বর বিয়ে করেন কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা। তার বরের নাম শুভংকর সেন। তিনি পেশায় একজন মডেল এবং চাকরিজীবী। 

দিলশাদ নাহার কনা 
বিয়ের উৎসবমুখর খবরের ভিড়ে ছিল বিচ্ছেদের সুরও। দর্শকপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা দীর্ঘ ছয় বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটিয়েছেন গত ১৬ জুন। গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিনের সঙ্গে বিবাহবিচ্ছেদ করেন তিনি। এ বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে কনা লেখেন, 'ছয় বছরের বিবাহিত জীবনের পর আমি এবং গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিন গত ১৬ জুন, ২০২৫ তারিখে আমাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেছি।' 

তারকার সন্তান 

জেমস-নামিয়া আমিন 
বছরের সবচেয়ে চমকপ্রদ ও আনন্দঘন খবর ছিল নগরবাউল জেমস ও নমিয়া আমিন’র বিয়ে। দ্বিতীয় স্ত্রী বেনজীরের সঙ্গে ২০১৪ সালে বিচ্ছেদের এক দশক পর ২০২৪ সালে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে বিয়ে করেন জেমস। বিয়ের পর নামের সঙ্গে আনাম নাম যুক্ত করেছেন নামিয়া। চলতি বছরের জুনে জেমস-নামিয়া দম্পতির কোলজুড়ে আসে পুত্রসন্তান। যার নাম রাখা হয় জিবরান আনাম। 

তারকাদের কারাবাস 

মমতাজ বেগম 
আওয়ামী লীগের সাবেক সাংসদ ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম এই তালিকার অন্যতম আলোচিত নাম। গত ১৩ মে রাত পৌনে ১২টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করে। ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। মানিকগঞ্জ–২ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া এই শিল্পী বর্তমানে কারাগারে রয়েছেন। 

মেহের আফরোজ শাওন 
সংগীতশিল্পী, অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকেও ২০২৫ সালে ডিবি হেফাজতে নেওয়া হয়। গত ৬ ফেব্রুয়ারি রাতে ধানমন্ডির বাসভবন থেকে তাকে আটক করা হয়। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশের হেফাজতে নেওয়া হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়। এই সময় শাওনের জামালপুরের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

চলে গেলেন যারা 

সন্‌জীদা খাতুন 
ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি, রবীন্দ্রগবেষক ও সংগীতজ্ঞ সন্‌জীদা খাতুন মারা যান ২৫ মার্চ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রতিষ্ঠাতা ও জাতীয় অধ্যাপক কাজী মোতাহার হোসেনের মেয়ে সন্‌জীদা খাতুনের জন্ম ১৯৩৩ সালের ৪ এপ্রিল। তিনি কামরুন্নেসা স্কুল, ইডেন কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করে ১৯৭৮ সালে সেখান থেকেই পিএইচডি করেন। দীর্ঘদিন অধ্যাপনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে তিনি অবসর নেন। 

মুস্তাফা জামান আব্বাসী 
প্রখ্যাত সঙ্গীত শিল্পী, সুরকার, সংগ্রাহক, গবেষক ও লেখক মুস্তাফা জামান আব্বাসী গত ১০ মে রাজধানীর একটি হাসপাতালে মারা যান। তিনি ছিলেন প্রখ্যাত সংগীত পরিবারের সন্তান। বাবা আব্বাসউদ্দীন আহমদ পল্লিগীতির কিংবদন্তি শিল্পী। চাচা আব্দুল করিম ছিলেন পল্লিগীতি, ভাওয়াইয়া, ভাটিয়ালির শিল্পী। বড় ভাই মোস্তফা কামাল আইনবিশারদ। মোস্তফা কামালের মেয়ে নাশিদ কামালও একজন কণ্ঠশিল্পী। বোন ফেরদৌসী রহমান দেশের প্রথিতযশা সংগীতজ্ঞ। মুস্তাফা জামান আব্বাসী ভারতের কোচবিহার জেলার বলরামপুর গ্রামে ১৯৩৬ সালের ৮ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তার শৈশব ও কৈশোরকাল কলকাতায় কাটে। তিনি ১৯৫৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ অনার্স এবং ১৯৬০ সালে এমএ পাস করেন। তিনি বেতার ও টেলিভিশনে সংগীতবিষয়ক বেশকিছু অনুষ্ঠান পরিচালনা করেন। তিনি কলাম লেখক হিসেবেও সুপরিচিত ছিলেন। 

জীনাত রেহানা 
'সাগরের তীর থেকে' কালজয়ী গানের কণ্ঠশিল্পী জীনাত রেহানা গত ২ জুলাই মৃত্যুবরণ করেন। ১৯৬৮ সালে তার কণ্ঠে 'সাগরের তীর থেকে' গানটি বেতারে জনপ্রিয়তা পায়। গানটির গীতিকার ছিলেন জেবুন নেসা জামাল, গানটির সুরকার ছিলেন করীম সাহাবুদ্দীন। ১৯৬৫ সাল থেকে বাংলাদেশ টেলিভিশনেরও নিয়মিত শিল্পী ছিলেন তিনি। তবে পরবর্তীতে আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কর্মরত থাকায় গান থেকে খানিকটা দূরে চলে যান। তার গাওয়া দর্শকপ্রিয় গানের তালিকায় রয়েছে—একটি ফুল আর একটি পাখি বলতো কী নামে তোমায় ডাকি, আমি কাঁকন দিয়ে ডেকেছিলাম মুখে লজ্জা ছিল বলে, কপালে তো টিকলি পরব না, আমি যার কথা ভাবছি মনে আনমনে, আমায় যদি ডাকো কাছে, কণ্ঠবীণা, মনে রেখো স্মৃতি থেকে। তিনি ছিলেন প্রয়াত টেলিভিশন ব্যক্তিত্ব মোস্তফা কামাল সৈয়দের সহধর্মিণী। 

এ কে রাতুল 
ব্যান্ড 'ওন্ড'-এর ভোকালিস্ট ও বেজিস্ট, সাউন্ড ইঞ্জিনিয়ার এ কে রাতুল মারা যান ২৭ জুলাই। উত্তরার একটি জিমে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি প্রয়াত চিত্রনায়ক জসীমের পুত্র। 

ফরিদা পারভীন 
বরেণ্য লোকসঙ্গীত শিল্পী ফরিদা পারভীন গত ১৩ সেপ্টেম্বর মারা যান। ১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় ফরিদা পারভীনের জন্ম। ১৪ বছর বয়সে ১৯৬৮ সালে তার পেশাদার সঙ্গীত-জীবন শুরু হয়। নজরুলগীতি, দেশাত্মবোধক নানা ধরনের গান করলেও শিল্পী-জীবনে পরিচিতি ও জনপ্রিয়তা পেয়েছেন মূলত লালন সাঁইয়ের গান গেয়ে। ১৯৮৭ সালে তিনি একুশে পদক এবং ১৯৯৩ সালে সেরা প্লেব্যাক কণ্ঠশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এ ছাড়া, ২০০৮ সালে জাপান সরকারের 'ফুকুওয়াকা এশিয়ান কালচার' পুরস্কার পান। 

সেলিম হায়দার 
ফিডব্যাক ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য গিটারিস্ট সেলিম হায়দার গত ২৭ নভেম্বর  মারা যান। ফিডব্যাক গঠনের আগে সেলিম হায়দারের প্রথম ব্যান্ড ছিল 'সন্ন্যাসী'। প্রয়াত গায়ক শেখ ইশতিয়াক ছিলেন এই ব্যান্ডের ভোকাল। সেলিম হায়দার পরবর্তীতে 'ফিডব্যাক', 'মাকসুদ ও ঢাকা' ব্যান্ডে গিটার বাজান। সবশেষ 'উল্লাস' এবং 'সেলিম হায়দার ও ফ্রেন্ডস' ব্যান্ডে বাজাতেন তিনি। তার সুর করা ফিডব্যাকের দুটি জনপ্রিয় গান হল 'এইদিন চিরদিন রবে' ও 'ঐ দুর থেকে দুরে'। তিনি মূলত লিড গিটারিস্ট হলেও বেজ, রিদম ও কি-বোর্ড বাজানোতেও সমান পারদর্শী ছিলেন। 

জেনস সুমন 
কণ্ঠশিল্পী জেনস সুমন গত ২৮ নভেম্বর রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে মারা যান। ২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনের একটি ম্যাগাজিন অনুষ্ঠানে 'একটা চাদর হবে' গানটি গেয়ে আলোচিত হয়েছিলেন। প্রায় ৩০০ গান গেয়েছেন তিনি। এই কণ্ঠশিল্পীর আসল নাম গা‌লিব আহসান মে‌হে‌দি। জেনস সুমনের প্রথম একক অ্যালবাম 'আশীর্বাদ' প্রকাশিত হয় ১৯৯৭ সালে। 'আকাশ কেঁদে‌ছে', 'অতিথি', 'আশাবাদী', 'একটা চাদর হবে', 'আয় তোরা আয়', 'চেরী' তার শ্রোতাপ্রিয় গান। 

একের পর এক কনসার্ট বাতিল 
নিরাপত্তাজনিত কারণে দেশের বিভিন্ন স্থানে কনসার্ট বাতিল ও স্থগিতের ঘটনা ঘটছে। দেশের সার্বিক পরিস্থিতির কারণেই বারবার এমনটি ঘটছে। আগে থেকে পরিকল্পনা করা হলেও শেষ পর্যন্ত এসব কনসার্ট থেকে পিছে হটতে বাধ্য হচ্ছে বিভিন্ন ব্যান্ড ও শিল্পীরা। পাশাপাশি বিভিন্ন স্থানে কনসার্টের অনুমতি নিয়েও জটিলতা তৈরি হয়েছে। এরই মধ্যে স্টেজের মৌসুম শুরু হয়েছে। এই সময়টায় শিল্পী মিউজিশিয়ানরা স্বাভাবিকভাবেই ব্যস্ত সময় পার করেন কনসার্টে। কিন্তু সেদিক থেকে এবার বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়ছেন আয়োজকরাও। ঢাকায় নিরাপত্তাজনিত কারণে স্থগিত করা হয় পাকিস্তানি সঙ্গীত শিল্পী আতিফ আসলামের কনসার্ট। তার আগে গত ১৪ নভেম্বর ঢাকায় নিরাপত্তাজনিত কারণে স্থগিত হয় কিংবদন্তি ব্যান্ড তারকা জেমস ও পাকিস্তানের খ্যাতিমান শিল্পী আলী আজমতের কনসার্টও। চলতি ডিসেম্বরে আরও কমপক্ষে ১০টি কনসার্ট বাতিল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে দুদিন আগে ফরিদপুরে বাতিল হয় জেমসের আরেকটি কনসার্ট। 

এ আই জটিলতা 
স্পটিফাই, ইউটিউব মিউজিক বা অ্যাপেল মিউজিক স্ক্রল করতে করতে হঠাৎ নতুন কোনো গান কানে লেগে যায়। কান পেতে খুব ভালো করে শুনতে গেলে বুঝা যায়। শুনতে একদম প্রকৃত শিল্পীর মতো হলেও অনেক ক্ষেত্রেই তা মানুষের কণ্ঠ নয়। সম্পূর্ণ এআই দিয়ে তৈরি। এই প্রবণতা এতটাই দ্রুত ছড়াচ্ছে যে এআই–গান এখন বিলবোর্ড চার্টেও জায়গা করে নিচ্ছে। এর সঙ্গে বাড়ছে কপিরাইট জটিলতা এবং কণ্ঠ নকলের অভিযোগ। গত মাসে 'ওয়াক মাই ওয়াক' নামের একটি গান বিলবোর্ডের কান্ট্রি ডিজিটাল সেলস চার্টে প্রথম স্থানে ওঠার পর বিতর্ক আরও ঘনীভূত হয়। বিজনেস ইনসাইডারের তথ্য অনুযায়ী, স্পটিফাইতে গানটি ইতোমধ্যে আট মিলিয়নের বেশি বার বাজানো হয়েছে। 

পরিশেষে, সব মিলিয়ে চলতি বছর  গানের জন্য মোটামুটি মানের ভালো বলা যায়। চেষ্টা ছিলো ব্যতিক্রম কিছু করার। যা থেকে অনুমান করা যায়, এই বছরটি সঙ্গীতপ্রেমীদের প্রত্যাশা পূরণে সব ধরনের গানের আয়োজন করে গেছেন সঙ্গীত সংশ্লিষ্টরা। সেরা গানগুলোর তালিকায় মেলোডি, ফোক, রক এবং পপ, সব ঘরানারই উপস্থিতি ছিল লক্ষণীয়। এবার দেখার বিষয়, আগামী বছর গানের জগতে শ্রোতাদের জন্য আর কী কী অপেক্ষা করছে। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   আলোচিত  ফিরে দেখা ২০২৫  সালতামামি ২০২৫  গেল বছর  গত বছর  স্মৃতি  বিস্মৃতি 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: