কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনগণ ভোটাধিকার প্রয়োগের জন্য মুখিয়ে আছে। এ জন্য নির্বাচনী মাঠে সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা নির্বাচন কমিশন ও সরকারের দায়িত্ব।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে অংশগ্রহণ শেষে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও অবাধ নির্বাচনই গণমানুষের প্রত্যাশা। ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে শহিদের রক্তের আকাঙ্ক্ষা অনুযায়ী নির্বাচনের মাধ্যমে সত্যিকার গণতান্ত্রিক ও রাজনৈতিক সরকার গঠিত হবে। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি।
এর আগে, এদিন বিকেলে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে কক্সবাজার-১ আসনের মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন করা হয়। যাচাই-বাছাই শেষে পাঁচ প্রার্থীর মধ্যে তিনজনের মনোনয়ন বৈধ এবং দুজনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজার-১ আসনে বৈধ প্রার্থীরা হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক ও গণঅধিকার পরিষদের প্রার্থী আব্দুল কাদের।
অন্যদিকে, মনোনয়নপত্রে অসংগতি থাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সরওয়ার আলম কুতুবী ও স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলানের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।
তবে যাদের মনোনয়ন বাতিল হয়েছে, তারা নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।
নির্বাচন কমিশন ঘোষিত সংশোধিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে ৪ জানুয়ারি পর্যন্ত, আপিল দায়েরের সময় ৫ থেকে ৯ জানুয়ারি, আপিল নিষ্পত্তি ১০ থেকে ১৮ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।
প্রসঙ্গত, মনোনয়ন যাচাই-বাছাইয়ে অংশ নিতে একদিনের সফরে শুক্রবার কক্সবাজারে আসেন সালাহউদ্দিন আহমদ। দুপুর সোয়া একটায় তিনি ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার পৌঁছান। পরে জুমার নামাজ আদায় শেষে সম্প্রতি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যাওয়া দৈনিক আমার দেশ পত্রিকার কক্সবাজার প্রতিনিধি আনসার হোসেনের শিশু পুত্র রিতাজ হোসেনের কবর জিয়ারত করেন তিনি। এসময় মরহুমের বাসায় গিয়ে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান সালাহউদ্দিন আহমদ।
এফআর