প্রথমবারের মতো আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে যাচ্ছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। বাঁহাতি এই পেসারকে ৯ কোটি রুপি দিয়ে কেনার পর থেকে তোপের মুখে পড়েছেন বলিউড কিং শাহরুখ খান।
ভারতীয় হিন্দুত্ববাদী নেতাদের বিক্ষোভের মুখে মুস্তাফিজের খেলা নিয়েই শঙ্কা তৈরি হয়েছে।
বাংলাদেশি ক্রিকেটারকে দল থেকে বাদ দিতে শাহরুখ খানের কাছে অনুরোধ জানিয়েছেন হিন্দুত্ববাদী রাজনীতিক দল শিভসেনার নেতা সঞ্জয় নিরুপম।
মুস্তাফিজকে পরোক্ষ হুমকি দিয়ে তিনি সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, ‘যখন পুরো দেশ বাংলাদেশের ওপর রাগান্বিত ও ক্ষুব্ধ, এমনকি বাংলাদেশি কারও সঙ্গে ভারতীয় কোনো নাগরিকের ন্যূনতম সংযোগ নেই, ফলে তাদের কেউ এলে সেই ক্রোশের শিকার হবেন।
যদি কোনো বাংলাদেশি ক্রিকেটার শাহরুখ খানের দলে থাকে, তিনি মেজর টার্গেট হওয়ার আগেই আমাদের অনুরোধ তাকে যেন বাদ দেওয়া হয়। এটি তার নিজের জন্যই ভালো হবে এবং তাতে ভারতের স্বার্থও রক্ষা হবে।’
এর আগে বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে নিষিদ্ধ করার দাবি তুলেছিলেন শিবসেনার (ইউবিটি) মুখপাত্র আনন্দ দুবে, ‘বাংলাদেশি ক্রিকেটারদের ভারতের মাটিতে আইপিএলে খেলতে দেওয়া উচিত নয়।
যদি এমন হট্টগোলের পরও তেমন কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তার মানে এই দেশে থেকে এবং এখান থেকে টাকা উপার্জন করবে, কিন্তু এই জাতির সেন্টিমেন্টকে তিনি পাত্তা দেন না।’
এ ছাড়া শাহরুখকেও ছাড়েননি উত্তরপ্রদেশের কট্টরপন্থী বিজেপি নেতা সঙ্গীত সোম, ‘মুস্তাফিজুর রহমানের মতো খেলোয়াড়রা যদি ভারতে খেলতে আসেন, তবে তারা বিমানবন্দরের বাইরে পা রাখতে পারবেন না– এটা আমার প্রতিজ্ঞা।’
সময়ের আলো/এআর