চল্লিশ দিনের অগ্নিপরীক্ষা

সালাহ উদ্দিন চৌধুরী

সুষ্ঠু নির্বাচনের জন্য আগামী ৪০ দিনকে বিশেষ বিবেচনায় নিয়ে নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ৪০ দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি

2026-01-04T01:46:46+00:00
2026-01-04T01:46:46+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি ও চ্যালেঞ্জ
চল্লিশ দিনের অগ্নিপরীক্ষা
সালাহ উদ্দিন চৌধুরী
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ১:৪৬ এএম 
ফাইল ছবি
সুষ্ঠু নির্বাচনের জন্য আগামী ৪০ দিনকে বিশেষ বিবেচনায় নিয়ে নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ৪০ দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ লক্ষ্যে দেশব্যাপী জোরদার করা হয়েছে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান। জোরালো করা হয়েছে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ কার্যক্রম। সেই সঙ্গে চেকপোস্টের সংখ্যা বৃদ্ধিসহ জনমনে আস্থা অর্জনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান কার্যক্রমও বৃদ্ধি করা হয়েছে। নির্বাচনে প্রস্তুতির অংশ হিসেবে পুলিশ, র‌্যাব, আনসার-ভিডিপি সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রমও রয়েছে শেষ পর্যায়ে।

এরই মধ্যে বদলি করা হয়েছে ৬৪ জেলার এসপি ও ওসি। তিন মেট্রোপলিটনে দেওয়া হয়েছে নতুন পুলিশ কমিশনার। এ ছাড়া পুলিশ সদর দফতরের গুরুত্বপূর্ণ পদেও এসেছে নতুন মুখ। আগামী ২০ বা ২১ জানুয়ারি থেকে দেশব্যাপী শুরু হয়ে যাবে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা কার্যক্রম। কর্মী-সমর্থকদের নিয়ে প্রার্থীরা নেমে পড়বেন প্রচারে। তবে নির্বাচনের ডামাডোলের আগেই গত ১৭ মাসে দেশে বেশ কয়েকটি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটে। এতে মারা যায় শতাধিক।

রাজনৈতিক সহিংসতা : মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, ২০২৫ সালে সারা দেশে রাজনৈতিক ও দলীয় আধিপত্য বিস্তার, রাজনৈতিক প্রতিশোধপরায়ণতা, সমাবেশকেন্দ্রিক সহিংসতা, কমিটি গঠন নিয়ে বিরোধ, নির্বাচনকেন্দ্রিক সহিংসতা, চাঁদাবাজি ও বিভিন্ন স্থাপনা দখলকেন্দ্রিক ৯১৪টি সহিংসতায় ১৩৩ জন নিহত হয়েছেন। এদের মধ্যে বিএনপির ৯৩ জন, আওয়ামী লীগের ২৩ জন, জামায়াতের ৩ জন, ইনকিলাব মঞ্চের একজন, বৈষম্যবিরোধী ছাত্রদের একজন, ইউপিডিএফের ৬ জন এবং চরমপন্থি দলের একজন রয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ৭ হাজার ৫১১ জন। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনি সহিংসতার ৫৪টি ঘটনায় তিনজন নিহত এবং ৪৯৪ জন আহত হয়েছেন। অন্যদিকে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) বার্ষিক প্রতিবেদন সূত্রে জানা যায়, ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেশে অন্তত ৪০১টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ৪ হাজার ৭৪৪ জন আহত এবং ১০২ জন নিহত হয়েছেন।

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ : গত ১৩ ডিসেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্টদের দমনে দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামে বিশেষ অভিযান শুরু করে যৌথবাহিনী। এই অভিযানে গত ২ জানুয়ারি পর্যন্ত গ্রেফতার করা হয় ১৩ হাজার ১১৭ জনকে। উদ্ধার করা হয় ১৬২টি অবৈধ অস্ত্র। জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার পরদিন আইনশৃঙ্খলাবিষয়ক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির সভায় জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে অবৈধ অস্ত্র উদ্ধার করাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ফ্যাসিস্টদের দমনে এ অভিযান শুরু করার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী ওইদিন রাত থেকে পুলিশের বিভিন্ন ইউনিট ও সেনাবাহিনী অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ নামের বিশেষ অভিযান শুরু করে।

অবৈধ অস্ত্র : সুষ্ঠু নির্বাচনের জন্য অবৈধ অস্ত্র বড় ধরনের হুমকি হয়ে দেখা দিতে পারে বলে বিভিন্ন মহল থেকে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। যদিও গত বছরের ৫ আগস্টের পর সারা দেশের থানা থেকে লুট হওয়া পুলিশের ১ হাজার ৩৩৫টি আগ্নেয়াস্ত্র গত ১৭ মাসেও উদ্ধার হয়নি। পুলিশ বলছে, এর বেশিরভাগ চলে গেছে সন্ত্রাসীদের হাতে। যদিও পুলিশের শীর্ষ পর্যায় থেকে নিয়মিতভাবে এসব অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে তাগাদা দেওয়া হচ্ছে। কিন্তু কার্যত কোনো ফলাফল আসছে না।
গত ২৯ ডিসেম্বর পুলিশ সদর দফতরে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশপ্রধান (আইজিপি) বাহারুল আলম নির্বাচন সামনে রেখে থানা থেকে লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে তৎপরতা বাড়াতে মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।

কিন্তু গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর মাধ্যমে যৌথবাহিনী ১৬২টি অবৈধ অস্ত্র উদ্ধার করলেও এর মধ্যে লুণ্ঠিত দুয়েকটি অস্ত্র রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশন) খন্দকার রফিকুল ইসলাম।

নির্বাচনে আইনশৃঙ্খলার দায়িত্বে থাকবেন প্রায় ৮ লাখ সদস্য : এদিকে নির্বাচনকে নির্বিঘ্ন করতে বিপুলসংখ্যক পুলিশ, আনসার-ভিডিপি সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনের জন্য পুলিশের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এবার নির্বাচনে ১ লাখ ৪৫ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এরই মধ্যে ৮৭ হাজার পুলিশ সদস্যের ট্রেনিং শেষ হয়েছে। সাড়ে চার হাজার বডি ক্যামেরা দিয়ে পুলিশ সদস্যদের ট্রেনিং দেওয়া হচ্ছে। নতুন করে আরও কয়েক হাজার ক্যামেরা কেনার পর্যায়ে রয়েছে। এ ছাড়া অস্ত্র, হেলমেটসহ আনুষঙ্গিক যেসব জিনিসপত্র নির্বাচনের সময় প্রয়োজন হবে সেগুলোও কেনা হয়েছে। তবে বর্তমান সরকারের সময় নিয়োগ পাওয়া ৫৯৯ এসআই ও ৩ হাজার ৬০০ কনস্টেবল নির্বাচনি দায়িত্ব পালন করতে পারছেন না। তাদের ট্রেনিং চলছে সারদা পুলিশ একাডেমিতে।
এবার প্রতিটি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৩ থেকে ১৮ জন সদস্য থাকতে পারে। আইনশৃঙ্খলা বাহিনীর সাত লাখের বেশি সদস্য ভোটের নিরাপত্তার দায়িত্বে থাকবেন। ভোটকেন্দ্রের দায়িত্বে আনসার-ভিডিপি সদস্যদের সংখ্যাই হবে প্রায় ৬ লাখ। সশস্ত্র বাহিনীর সদস্য সংখ্যা ৯০ হাজারের বেশি। এ ছাড়া পুলিশ, র‌্যাব, বিজিবি, কোস্ট গার্ডও নির্বাচনি দায়িত্ব পালনের জন্য প্রস্তুতি নিচ্ছে।

ডিএমপি কমিশনার : নির্বাচনকে সুষ্ঠু করতে আগামী ৪০টি দিন খুবই গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং বলে মনে করছেন ডিএমপি কমিশনার। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী শনিবার রাজধানীর সেগুন বাগিচায় অপরাধবিষয়ক সাংবাদিকদের এক অনুষ্ঠানে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে পুলিশের বর্তমান প্রধান অগ্রাধিকার (টপ প্রায়োরিটি) দিয়েছেন। ডিএমপি কমিশনার বলেন, জানুয়ারি মাসের ২১ বা ২২ তারিখ থেকে নির্বাচনি প্রচার শুরু হতে পারে। তখনই মূল জটিলতা তৈরির সম্ভাবনা থাকে। আমরা নিরপেক্ষতার সঙ্গে কাজ করতে চাই এবং আগামী ৪০ দিন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পারলে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।

ডিএমপি কমিশনারের বক্তব্যের বিষয়ে আগামী ৪০ দিনের চ্যালেঞ্জ ও প্রস্তুতি প্রসঙ্গে পুলিশ সদর দফতরের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশন) খন্দকার রফিকুল ইসলাম সময়ের আলোকে বলেন, নির্বাচনকে সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনামাফিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং জনমনে আস্থা ও স্বস্তি আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। নির্বাচনে নাশকতা সৃষ্টি করতে পারে এমন ব্যক্তি কিংবা গোষ্ঠীর বিষয়ে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। সেই সঙ্গে দেশব্যাপী চলছে ডেভিল হান্ট ফেজ-২ কার্যক্রম যার সুফল আমরা পাচ্ছি। তিনি আরও বলেন, দেশব্যাপী চেকপোস্টের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানও চলমান আছে বলে জানান তিনি।


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: