দেশের ৫১ শতাংশ মানুষ মনে করেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। সারা দেশে দৈনিক সময়ের আলো পরিচালিত জরিপে ‘আপনার মতে নির্বাচনটি কি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে’ এমন প্রশ্নে ভোট সুষ্ঠু হবে বলে মনে করেন দেশের অধিকাংশ মানুষ। এ ছাড়া ভোট অবাধ ও সুষ্ঠু হবে না বলে মনে করেন ১৫ শতাংশ মানুষ। এ ছাড়া আংশিকভাবে অবাধ ও সুষ্ঠু হবে বলে মনে করেন ১৬ শতাংশ এবং কোনো ধারণা নেই ১৮ শতাংশ মানুষের।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে দেশের অন্যতম জাতীয় সংবাদমাধ্যম দৈনিক সময়ের আলোর জনমত জরিপে এসব তথ্য উঠে এসেছে। জরিপে দেশের ৩০০ সংসদীয় আসন থেকে সশরীরে মোট ১ হাজার ৫০০ জনের মতামত নেওয়া হয়েছে। জরিপ কার্যক্রম চলে ১৫ জানুয়ারি ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। পরবর্তী সময়ে শেরপুর-৩ আসনটি স্থগিত করা হয়।
‘মব’ সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে ভয় ও শঙ্কা রয়েছে। একই সঙ্গে ভোটে নির্বাচন কমিশন ও মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন মহল থেকে। এর আগে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে দিনের ভোট রাতে করার ক্ষেত্রে প্রশাসনের বিতর্কিত ভূমিকা ছিল। এ ছাড়া ২০১৪ ও ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনেও প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা রয়েছে।
কলঙ্কিত ওই নির্বাচনগুলোতে দায়িত্ব পালনকারী জেলা প্রশাসকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নিয়েছে অন্তর্বর্তী সরকার। সেই অভিজ্ঞতা সামনে রেখে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষতা ও জবাবদিহির কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছেন তারা। এ জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা কঠোরভাবে অনুসরণের ওপর গুরুত্ব দিচ্ছেন রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা ডিসি ও ইউএনওরা।