দেশের অন্যতম গুণী কণ্ঠশিল্পী ফাহমিদা নবীর জন্মদিন ছিল গতকাল। আর বিশেষ এই দিনটিতে তিনি ঘোষণা দিলেন তার নতুন তিনটি গানের।
এরই মধ্যে তিনি কণ্ঠ দিয়েছেন তার এই নতুন গানগুলোতে। দেশের আরেক প্রখ্যাত গীতিকবি গোলাম মোর্শেদের লেখা গানগুলোর শিরোনাম হচ্ছে ‘ইচ্ছে করে’, ‘দুঃখের দলিল’ ও ‘আসলো না বৃষ্টি’। এগুলোর সুর করেছেন ফাহমিদা নবী ও সুরকার শামস সুমন, সংগীতায়োজন করেছেন আরাফাত বসনিয়া।
এ প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, দীর্ঘ ২৫ বছর ধরে আমি গীতিকবি গোলাম মোর্শেদের সঙ্গে কাজ করছি। তার লেখনী শ্রোতাদের মনে সহজে ছাপ ফেলে, তাই নতুন এই তিনটি গানেও সেই বৈচিত্র্য ফুটে উঠেছে। শামস সুমনের সুর আয়োজন ও আরাফাত বসনিয়ার সংগীতায়োজন একসঙ্গে মিলিত হয়ে গানগুলোকে সময়োপযোগী ও মুগ্ধ করে তুলেছে।
তিনি আরও বলেন, সুমনের সুরে নব্বই দশকের শ্রুতিমধুর গানগুলোর ছাপ রয়েছে, যা আমাকে মুগ্ধ করেছে। নতুন তিনটি গান নিয়ে আমি খুবই আশাবাদী। শুরুর প্রথম গায়কির সময়েও মনে হয়নি এটি আমাদের প্রথম কাজ।
জানা গেছে, এই তিনটি গানই ‘গান জানালা’ ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে। এদিকে জন্মদিন উপলক্ষে তার গাওয়া নতুন আরেকটি গান মুক্ত করা হয়েছে গতকাল তার নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে। ‘ভালো আছি’ শিরোনামের গানটির কথা লিখেছেন ইলা মজিদ আর এর সুর করেছেন শিল্পী নিজেই।
সময়ের আলো/এআর