আগামী ১১ জানুয়ারি ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কারের আসর গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৮৩তম আসর। ২০২৬ সালের গোল্ডেন গ্লোবটি সঞ্চালনা করবেন কৌতুকাভিনেতা নিকি গ্লেজার।
বিশ্ব চলচ্চিত্রের সম্মানজনক এই আসর সামনে রেখে ইতিমধ্যেই মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। গত বছরের ৮ ডিসেম্বর মোট ২৮টি বিভাগের মনোনয়ন তালিকা ঘোষণা করেন মার্কিন অভিনেতা ও কমেডিয়ান মারলন ওয়ায়েন্স ও অভিনেত্রী স্কাই পি. মার্শাল।
এবারের আসরে চলচ্চিত্র বিভাগে পল থমাস অ্যান্ডারসন পরিচালিত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সর্বাধিক মনোনয়ন পেয়েছে। লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ছবিটি মোট ৯টি বিভাগে মনোনীত হয়ে শীর্ষে রয়েছে। অন্যদিকে টেলিভিশন বিভাগে ৬টি মনোনয়ন পেয়ে এগিয়ে রয়েছে জনপ্রিয় সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’।
এ বছর গোল্ডেন গ্লোবসে আরও নতুন কিছু বিষয় সংযোজিত হয়েছে। প্রথমবারের মতো চালু হচ্ছে সেরা পডকাস্ট পুরস্কার। পাশাপাশি আজীবন অবদান ও বিশেষ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে অভিনেত্রী হেলেন মিরেন ও সারা জেসিকা পার্কারকে সম্মাননা দেওয়া হবে।
টেলিভিশনে সেরা স্ট্যান্ড-আপ কমেডি বিভাগে মনোনয়ন পেয়েছেন পাকিস্তানি-আমেরিকান কৌতুকাভিনেতা কুমাইল নানজিয়ানি। তার স্ট্যান্ড-আপ স্পেশাল ‘নাইট থটস’ এবারের আসরে একমাত্র দক্ষিণ এশীয় প্রতিনিধিত্ব হিসেবে বিশেষভাবে নজর কেড়েছে।
সঙ্গে আসরে বিশেষ নজরে রয়েছেন টাইটানিকখ্যাত হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। মোশন পিকচার-মিউজিক্যাল অর কমেডি বিভাগে সেরা অভিনেতা হিসেবে মনোনীত হয়ে তিনি তার ক্যারিয়ারের চতুর্থ গোল্ডেন গ্লোব জয়ের অপেক্ষায় আছেন। এর আগে তিনি ‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’ ছবির জন্য একই বিভাগে পুরস্কার জিতেছিলেন।
পাশাপাশি ‘দ্য অ্যাভিয়েটর’ ও ‘দ্য রেভেন্যান্ট’-এর জন্য মোশন পিকচার-ড্রামা বিভাগে সেরা অভিনেতার পুরস্কারও অর্জন করেছিলেন ডিক্যাপ্রিও। এখন পর্যন্ত গোল্ডেন গ্লোবসে তার মোট মনোনয়নের সংখ্যা ১৫টি, এর মধ্যে প্রথম মনোনয়ন ছিল ১৯৯৪ সালে ‘হোয়াটস ইটিং গিলবার্ট গ্রেপ’ ছবির জন্য।
গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস ২০২৬, যুক্তরাষ্ট্রে ১১ জানুয়ারি স্থানীয় সময় রাত ৮টায় সিবিএস ও প্যারামাউন্ট প্লাস-এ সরাসরি সম্প্রচারিত হবে। বাংলাদেশে অনুষ্ঠানটি দেখা যাবে ১২ জানুয়ারি সোমবার সকাল ৭টায়।
এ ছাড়া ইউটিউবে এন্টারটেইনমেন্ট টু নাইট ও সিবিএস নিউজসহ বিভিন্ন চ্যানেলে এবং হুলু প্লাস লাইভ টিভি, ফুবোটিভি ও ইউটিউব টিভিতেও সরাসরি সম্প্রচারের কথা রয়েছে।
সময়ের আলো/এআর