চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক আটক হওয়া রবিউল ইসলাম (৩৫) নামের এক বাংলাদেশি মারা গেছেন বলে অভিযোগ উঠেছে।
রবিউল ইসলাম সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামের এজাবুর রহমানের ছেলে। রবিউল শনিবার (৩ জানুয়ারি) রাতে চোরাচালানের উদ্দেশ্যে নদী পার হয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন। পরদিন ভোরে নদী থেকে খালি শরীরে বিএসএফের হাতে আটক হন।
আরও পড়ুন
৫৩ বিজিবির অধিনায়ক কাজী মুস্তাফিজুর রহমান জানান, বিএসএফের ক্যাম্পে নেওয়ার পর রবিউল হঠাৎ খিঁচুনি শুরু করেন। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, রবিউল ইসলাম মৃগী রোগে ভুগছিলেন এবং তার পরিবারও এই তথ্য নিশ্চিত করেছে।
বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, রবিউলের মৃত্যুর বিষয়ে রোববার রাতেই বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকে আলোচনা হয়েছে। বিএসএফ জানিয়েছে, রবিউল অসুস্থ হয়ে মারা গেছেন। বর্তমানে ভারতের হাসপাতালে মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে, এরপর তাকে দেশে ফেরত পাঠানো হবে। তবে ফেরত আনার সঠিক সময় জানানো হয়নি।
এএডি/