ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগমুহূর্তে খাগড়াছড়ি, নীলফামারী ও পাবনা জেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও আওয়ামী লীগ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন ৪২০ নেতাকর্মী। বিস্তারিত জানিয়েছেন দৈনিক সময়ের আলোর প্রতিনিধিরা।
খাগড়াছড়ি : জেলায় বড় ধরনের রাজনৈতিক রদবদল ঘটেছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুমার ত্রিপুরার নেতৃত্বে তিন শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।
সোমবার বিকালে জেলা বিএনপির সভাপতি ও ধানের শীষের প্রার্থী ওয়াদুদ ভুইয়ার হাতে ফুলের তোড়া দিয়ে তারা এই যোগদান সম্পন্ন করেন।
এনসিপি ছেড়ে বিএনপিতে যোগ দেওয়া বিপ্লব কুমার ত্রিপুরা জানান, তারা কঠোর পরিশ্রমে খাগড়াছড়িতে এনসিপিকে প্রতিষ্ঠিত করেছিলেন। কিন্তু দলটি গণঅভ্যুত্থানের চেতনা বা ‘স্পিরিট’ উপেক্ষা করে জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনি জোট করায় তারা সংক্ষুব্ধ।
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি পাহাড়ের উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ওয়াদুদ ভুইয়ার কোনো বিকল্প নেই। সেই বিশ্বাস থেকেই আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে কাজ করতে বিএনপিতে এসেছি।
নবাগতদের স্বাগত জানিয়ে কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ওয়াদুদ ভুইয়া বলেন, কিছুটা দেরি হলেও তারা রাজনীতির ময়দানে সঠিক দিশা ও ঠিকানা খুঁজে পেয়েছেন। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে নতুন বাংলাদেশ নির্মাণে তাদের এই যোগদান পাহাড়ের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নীলফামারী : সৈয়দপুরে কামারপুকুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির নেতৃত্বে দলটির ৭০ জন নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।
রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কামারপুকুর বাজার এলাকার একটি চালকল চত্বরে এক আয়োজনে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন তারা। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. আবদুল গফুর সরকার। তার হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগের ওই নেতাকর্মীরা বিএনপিতে যোগ দেন।
এ সময় যোগদানকারীদের নেতৃত্ব দেন আনোয়ার হোসেন। তার সঙ্গে ইউনিয়নটির বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগের নেতাকর্মীও ছিলেন। যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন—কামারপুকুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাবু সরকার, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আবুল হাসেম সরকার, ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রহিদুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলিম উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আলমগীর সরকার প্রমুখ।
এ বিষয়ে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. আবদুল গফুর সরকার বলেন, ৭০ জন নেতাকর্মী বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে যোগ দিয়েছেন। তাদের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক সক্ষমতা তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও শক্তিশালী করবে।
পাবনা : পাবনার চাটমোহরে অর্ধশত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-যুবলীগ নেতাকর্মী-সমর্থক বিএনপিতে যোগদান করেছেন।
রোববার রাতে পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুরা, ফরিদপুর) আসনের বিএনপির এমপি পদপ্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের (ধানের শীষ) হাতে ফুলের তোড়া দিয়ে তারা বিএনপিতে যোগদান করেন। এ সময় তুহিন যোগদানকারী নেতাকর্মীর গলায় ফুলের মালা দিয়ে বরণ করেন।
উপজেলার বিলচলন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আ.লীগ নেতা মো. রেজাউল করিম জানান, রোববার রাতে দোলং জিয়া আদর্শ ক্লাবে বিলচলন ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুল হক, ইউনিয়ন আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদক আসলাম, ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক উজ্জল হোসেন, ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলামসহ অর্ধশত নেতাকর্মী বিএনপির প্রতি আস্থা রেখে যোগদান করেন।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আরিফা সুলতানা রুমা, পৌর বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান আরশেদ, ভিপি সেলিম রেজাসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এফআর