যোগ্য ও সৎ প্রার্থীই চান ভোটাররা

মেহেদী হাসান লিটন শ্রীপুর (গাজীপুর)

ভোরের আলো ফোটার আগেই গাজীপুরের শ্রীপুরে চায়ের কেটলিতে পানি ফুটতে শুরু করে। গ্রামের আঁকা-বাঁকা কাঁচা রাস্তার পাশে, নদীর তীরে আর

2026-02-07T01:02:20+00:00
2026-02-07T01:02:20+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
যোগ্য ও সৎ প্রার্থীই চান ভোটাররা
গাজীপুরের ভোটারদের ভাবনা
মেহেদী হাসান লিটন শ্রীপুর (গাজীপুর)
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০২ এএম 
প্রতীকী ছবি
ভোরের আলো ফোটার আগেই গাজীপুরের শ্রীপুরে চায়ের কেটলিতে পানি ফুটতে শুরু করে। গ্রামের আঁকা-বাঁকা কাঁচা রাস্তার পাশে, নদীর তীরে আর বাঁকে বাঁকে, হাট-বাজারে, রাস্তার মোড়ে কিংবা ব্যস্ত মহাসড়কের পাশে বসে থাকা চায়ের দোকানগুলো এখন আর শুধু চা-বিস্কুটের আড্ডার জায়গা নয়। এগুলোই হয়ে উঠেছে নির্বাচনি আলোচনার অনানুষ্ঠানিক মঞ্চ।

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন ঘিরে ১৯৬ গাজীপুর-৩ সংসদীয় আসনের সর্বত্র বইছে নির্বাচনি হাওয়া। হাট-বাজার, রাস্তার মোড়, চায়ের দোকান থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান- সবখানেই চলছে প্রার্থী ও নির্বাচন নিয়ে আলোচনা। প্রার্থীরাও নিজ নিজ যোগ্যতা প্রমাণ এবং ভোটারদের সমর্থন আদায়ে নানামুখী প্রতিশ্রুতি ও আশ্বাস নিয়ে ছুটে চলছেন সাধারণ মানুষের দ্বারে দ্বারে।

শ্রীপুর নির্বাচন কমিশন অফিসের তথ্য মতে, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়ন, ১টি পৌরসভা এবং গাজীপুর সদর উপজেলার (আংশিক) ৩টি ইউনিয়ন নিয়ে গঠিত ১৯৬  গাজীপুর-৩ সংসদীয় আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ২৭ হাজার ৩৬৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬০ হাজার ১৯০ জন, নারী ভোটার ২ লাখ ৬৭ হাজার ১৬২ জন এবং হিজড়া ভোটার ৭ জন। মোট ১৮০টি ভোটকেন্দ্রে ৯৮৯টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, একসময় গাজীপুর-৩ আসনটি আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। প্রতিটি সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর জয় ছিল প্রায় নিয়মিত ঘটনা। তবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত হলে দলটির নেতাকর্মীরা অনেকটাই আত্মগোপনে চলে যান। এর ফলে রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রায় এককভাবে বিএনপির হাতে চলে আসে। একই সময়ে জামায়াতে ইসলামী সাংগঠনিকভাবে সক্রিয় হয়ে উঠলেও জোটের আসন ভাগাভাগিতে বঞ্চিত হওয়ায় তাদের নেতাকর্মীদের মধ্যে হতাশা দেখা দিলেও পরবর্তী সময়ে জোটের হয়ে একত্রে মিছিলে মিটিংয়ে অংশগ্রহণ করতে দেখা যায়।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটারদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা। কে হবেন তাদের আগামী জনপ্রতিনিধি? তবে এবারের নির্বাচনে দলীয় পরিচয়ের চেয়ে প্রার্থীর ব্যক্তিত্ব, সততা ও মানুষের পাশে থাকার মানসিকতাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন ভোটাররা। শ্রীপুর সংসদীয় এলাকার বিভিন্ন বাজার, রাস্তার মোড়, চায়ের দোকান এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানে কথা বলে জানা গেছে, সাধারণ মানুষ এবার সৎ, যোগ্য ও ভালো মানুষকেই এগিয়ে রাখতে চান। ভোটারদের মতে, এমন একজন জনপ্রতিনিধি প্রয়োজন, যাকে প্রয়োজনে কাছে পাওয়া যাবে, যিনি সাধারণ মানুষের দুঃখ-কষ্ট বুঝবেন এবং এলাকার উন্নয়নে দৃশ্যমান ভূমিকা রাখবেন। 

উপজেলার তেলিহাটি ইউনিয়নের গোদারচালা গ্রামের ভোটার মো. মাজাহারুল ইসলাম বলেন, আমরা একজন ভালো মানুষ চাই, যিনি সুখে-দুঃখে আমাদের পাশে থাকবেন। রাস্তাঘাট নির্মাণ ও মেরামত করবেন, মাদকমুক্ত সমাজ গড়বেন এবং যুবসমাজকে নেশার হাত থেকে রক্ষা করবেন এমন প্রার্থীই আমাদের ভোট পাবেন।

শ্রীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের তরুণ ভোটার মাহাথির মোহাম্মদ মুক্তার বলেন, এবার আমি প্রথমবার ভোট দেব। আমি চাই শিক্ষিত, সৎ, নিষ্ঠাবান ও যোগ্য একজন জনপ্রতিনিধি। যাকে সুখে-দুঃখে পাশে পাওয়া যাবে এবং যিনি দুর্নীতিমুক্ত সমাজ গড়তে কাজ করবেন আমি তাকেই ভোট দেব।

সব মিলিয়ে গাজীপুর-৩ আসনে ভোটারদের প্রত্যাশা স্পষ্ট স্বচ্ছ রাজনীতি, মানবিক নেতৃত্ব এবং টেকসই উন্নয়ন। এখন দেখার বিষয়, ভোটারদের এই প্রত্যাশার কতটা প্রতিফলন ঘটাতে পারেন প্রার্থীরা। এ আসনে বিএনপির মনোনীত প্রাথী ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু (ধানের শীর্ষ), স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন (ঘোড়া) পাশাপাশি আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ দলীয় জোটের বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রাথী মাওলানা এহসানুল হক (রিকশা), ইসলামী আন্দোলনের প্রার্থী হাফেজ আলমগীর হোসেন (হাত পাখা), ইসলামী ঐক্যজোটের মুফতি শামীম আহমেদ (মিনার), জাতীয় পার্টির মো. নাজিম উদ্দিন (লাঙ্গল), বাসদের আতিকুল ইসলাম পিয়াল (মই) প্রতীক নিয়ে লড়ছেন।

সব মিলিয়ে রাজনৈতিক সমীকরণ, জোটের হিসাব-নিকাশ এবং স্বতন্ত্র প্রার্থীর সক্রিয়তায় গাজীপুর-৩ আসনের নির্বাচন এবার বেশ জমজমাট হতে যাচ্ছে বলে মনে করছেন স্থানীয় ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকরা।

এএডি/


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: