শাকিব খানের আগামী ঈদের সিনেমা ‘প্রিন্স’। এর গল্প আবর্তিত হয়েছে ঢাকার একজন শীর্ষ সন্ত্রাসীকে ঘিরে। সিনেমাটি নিয়ে দর্শকের ব্যাপক আগ্রহ সৃষ্টি হলেও সম্প্রতি নায়িকা বদল, শিল্পীদের ভিসা জটিলতা, শুটিং পিছিয়ে যাওয়াসহ নানা গুঞ্জন ছড়িয়েছে।
তবে সব জল্পনায় জল ঢেলে দিয়ে আজ থেকে ‘প্রিন্স’-এর শুটিং শুরু হওয়ার কথা জানিয়েছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস। এক বিবৃতিতে জানিয়েছে, ‘প্রিন্স’ সিনেমা নিয়ে চারপাশে নানা গুঞ্জন ছড়িয়েছে; যা আদতে গুজব ছাড়া কিছুই নয়। ‘প্রিন্স’ টিম শুরু থেকেই তাদের আপডেট দিয়ে এসেছে। চলমান পরিস্থিতিতে বিভিন্ন প্রতিবন্ধকতা পার করে ‘প্রিন্স’ টিম এগিয়ে যাচ্ছে। ৬ জানুয়ারি ‘প্রিন্স’র শুটিং শুরু হচ্ছে। সুবিধামতো সময়ে ফার্স্ট লুক, পোস্টার প্রকাশ করা হবে। এ ছাড়া এই বার্তাটি সামাজিকমাধ্যমে নির্মাতা আবু হায়াত মাহমুদও শেয়ার করেছেন।
সিনেমাটি নিয়ে গুঞ্জন উঠেছে— শাকিবের বিপরীতে দুই নায়িকার থাকার কথা। একজন তাসনিয়া ফারিণ নিশ্চিত হলেও দ্বিতীয় নায়িকা নিয়ে চলছিল নানা জল্পনা। কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুর নাম শোনা গেলেও তিনি সিনেমায় থাকছেন না। আবার শোনা যাচ্ছে, বর্তমান পরিস্থিতির কারণে কলকাতার কোনো নায়িকার পরিবর্তে দেশীয় অভিনেত্রী সাবিলা নূরকে এই প্রজেক্টে যুক্ত করা হতে পারে। আবার ভারতের সঙ্গে ভিসা জটিলতার কারণে শুটিং পিছিয়ে যাওয়া এবং সিনেমাটির মুক্তি অনিশ্চিত— এমন খবরেও উত্তাল নেটদুনিয়া।
‘প্রিন্স’-সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে, নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডুকে বদলের বিষয়টি গুজব ছাড়া আর কিছু নয়। তিনিই থাকছেন। সিনেমাটির অন্য শিল্পীরা শুটিংয়ের শুরু থেকেই অংশ নিলেও শাকিব খান যুক্ত হবেন ১০ জানুয়ারি থেকে।
সিনেমাটির শুটিং প্রসঙ্গে পরিচালক আবু হায়াত মাহমুদ বলেন, কোথায় শুটিং করছি, আপাতত জানাতে চাইছি না। আমি নির্বিঘ্নে কাজটা শেষ করতে চাই। কাজ এগোলে ধীরে ধীরে ছবির বিষয়ে সবাই জানতে পারবেন।
বাংলাদেশে সপ্তাহখানেক শুটিংয়ের পর সিনেমার পুরো ইউনিট উড়াল দেবে শ্রীলঙ্কার উদ্দেশে। সেখানে একটানা বড় একটি অংশের শুটিং সম্পন্ন করা হবে। শ্রীলঙ্কা পর্ব শেষ হলে পরিস্থিতি ও সময় বিবেচনায় সিনেমার কিছু অংশের শুটিং ভারতে করার সম্ভাবনাও রয়েছে। ভারতে সম্ভব না হলে শ্রীলঙ্কাতেই শুটিং হবে।
এই সিনেমায় শাকিব খানের বিপরীতে তিনজন নায়িকা থাকছেন। এর মধ্যে কলকাতা থেকে রয়েছেন জ্যোতির্ময়ী কুণ্ডু এবং ঢাকা থেকে তাসনিয়া ফারিণ। তৃতীয় নায়িকা হিসেবে সাবিলা নূরের কথা শোনা যাচ্ছে। অন্যদিকে খবর রটেছে এই সিনেমায় অভিনয় করবেন একজন পাকিস্তানি অভিনেত্রী।
এফআর