দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। আজ তার জন্মদিন। আজকের এদিনে ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। নিজের জন্মদিনটা পরিবারের সদস্য আর সন্তানদের সঙ্গেই কাটান সাধারণত। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। তবে এবার দেশে নয়, দেশের বাইরে দুই মেয়ের সঙ্গে কাটছে শিল্পীর জন্মদিন। রাত ১২টা বাজার আগ থেকেই ভক্ত ও শুভাকাক্সক্ষীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন আঁখি আলমগীর। তার ফেসবুকেও বইছে শুভেচ্ছা আর শুভকামনার বন্যা।
আঁখি আলমগীর বেড়ে উঠেছেন সাংস্কৃতিক পরিমণ্ডলে। তার পিতা বাংলাদেশের নন্দিত অভিনেতা আলমগীর এবং মাতা গীতিকার খোশনূর আলমগীর। একজন প্রতিষ্ঠিত সংগীতশিল্পী হলেও, শোবিজে আঁখি আলমগীরের শুরুটা হয়েছিল অভিনয় দিয়ে। প্রয়াত আমজাদ হোসেনের কালজয়ী সিনেমা ‘ভাত দে’-তে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন আঁখি। ১৯৮৪ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। কিন্তু তার ধ্যান-জ্ঞান ছিল সংগীতকে ঘিরেই। শাস্ত্রীয় ও সমসাময়িক সংগীতের ওপর দখল থাকা এই শিল্পীর ক্যারিয়ার শুরু হয় সিনেমায় প্লেব্যাকের মধ্য দিয়ে। দ্বাদশ শ্রেণিতে পড়া অবস্থায় প্রথম ১৯৯৪ সালে ‘বিদ্রোহী বধূ’ সিনেমায় প্লেব্যাক করেন।
এরপর বিভিন্ন সিনেমায় প্লেব্যাক করার পাশাপাশি একক অ্যালবাম করার বিষয়ে মনোযোগী হন। তার প্রথম একক অ্যালবাম ‘প্রথম কলি’ প্রকাশিত হয় ১৯৯৭ সালে। সেই থেকে এ পর্যন্ত ১৮টি একক এবং বিভিন্ন শিল্পীর সঙ্গে ৫০টিরও বেশি দ্বৈত/মিশ্র অ্যালবাম প্রকাশ করেছেন। এ ছাড়া প্রায় ১৩০টি সিনেমায় প্লেব্যাক করেছেন। দেশ-বিদেশের বিভিন্ন কনসার্টে অংশ নিয়ে কাটছে আঁখি আলমগীরের বর্তমান সময়।
সময়ের আলো/এনএ