চাইলেই সব কাজে জড়ানো যায় না

মাসুদুর রহমান

চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। ক্যারিয়ারে বেশ কিছু সিনেমায় অভিনয় করে দর্শক গ্রহণযোগ্যতা পেলেও বর্তমানে অভিনয় কম করছেন। দেড় বছর আগে

2026-01-08T00:37:53+00:00
2026-01-08T00:37:53+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
চাইলেই সব কাজে জড়ানো যায় না
মাসুদুর রহমান
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ১২:৩৭ এএম 
চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। ছবি : সংগৃহীত
চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। ক্যারিয়ারে বেশ কিছু সিনেমায় অভিনয় করে দর্শক গ্রহণযোগ্যতা পেলেও বর্তমানে অভিনয় কম করছেন। দেড় বছর আগে মুক্তি পেয়েছিল তার অভিনীত সবশেষ সিনেমা। এরপর না দেখা গেলেও চলতি বছরে নতুন রূপে রুপালি পর্দায় হাজির হচ্ছেন তিনি। লম্বা বিরতি, বর্তমান ব্যস্ততা ও চলচ্চিত্রের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেছেন দৈনিক সময়ের আলোর সঙ্গে। 

সবশেষ ‘ময়ূরাক্ষী’ সিনেমা নিয়ে সিনেপর্দায় হাজির হয়েছিলেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। রাশিদ পলাশ পরিচালিত এই সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি। এরপর তিনি কাজ করেছেন একাধিক সিনেমায়। গত বছর প্রেক্ষাগৃহে ববির কোনো সিনেমা না এলেও চলতি বছরে মুক্তির অপেক্ষায় রয়েছে তার তিনটি সিনেমা। 

সিনেমাগুলো হলো- মিনহাজ কিবরিয়া পরিচালিত ‘বেঈমান’, কে এ নিলয়ের ‘বউ’ ও বদিউল আলম খোকনের ‘তছনছ’। সিনেমা তিনটি নিয়ে ববি বলেন, তিনটি সিনেমার গল্পই ভিন্ন। চরিত্রেও পার্থক্য রয়েছে। দর্শকরা আমাকে যেভাবে চান সেভাবে নিজেকে মেলে ধরার চেষ্টা করেছি। আশা করি সিনেমাগুলো দর্শকের মন ভরাবে। 

চলতি মাসেই লন্ডনে মুক্তি পাচ্ছে ববির ‘বেঈমান’। এরপর ইউরোপ-আমেরিকার অন্যান্য দেশে সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক। সবশেষ সিনেমাটি আলো ছড়াবে বাংলাদেশে। স্বদেশের আগে ভিনদেশে সিনেমা মুক্তি নিয়ে ববি বলেন, সামনে নির্বাচন নিয়ে দেশ উত্তাল। সবার মনোযোগ এখন ওই দিকে। স্বাভাবিকভাবেই এমন পরিস্থিতিতে কেউ সিনেমা মুক্তি দিতে চাইবেন না। তাই সিনেমাটি এখন ভিনদেশে মুক্তি পাচ্ছে। তবে চলতি বছরেই দেশের প্রেক্ষাগৃহে আলো ছড়াবে ‘বেঈমান’। সিনেমাটির প্রচারে মুক্তির আগে লন্ডনের উদ্দেশে দেশ ছাড়বেন ববি। 

‘বেঈমান’ সিনেমায় ববির সঙ্গে অভিনয় করেছেন আমান রেজা ও আজাদ খান। এই সিনেমার মধ্য দিয়ে টানা দেড় বছর পর সিনেপর্দায় হাজির হতে যাচ্ছেন ববি। এ প্রসঙ্গে তিনি বলেন, এই সময়ে আমি বসে থাকিনি। কাজ করেছি। আসলে কাজের প্রস্তাব আসে, চাইলে অনেক কাজ করা যায় কিন্তু সব কাজে নিজেকে জড়ানো যায় না। আমার প্রতি দর্শকের যে বিশ্বাস ও ভালোবাসা আছে তা ধরে রাখতেই বেছে বেছে কাজ করি। 

একজন চলচ্চিত্রের নায়ক-নায়িকার জন্য বছরে দুই থেকে তিনটি কাজই যথেষ্ট। ভালো প্রস্তুতি নিয়ে পারফেক্ট কিছু করতে গেলে এমনটিই হওয়া উচিত বলে মনে করি। তাতে নিজের স্বকীয়তা বজায় থাকে। আত্মতৃপ্তি অনুভূত হয়। অন্য দেশে চলচ্চিত্রের প্রতিষ্ঠিত শিল্পীরা খুব কম কাজ করেন। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপট ভিন্ন। বছরে কোনো অভিনয়শিল্পীর সিনেমা মুক্তি না পেলে মনে করা হয় তার চাহিদা কমে গেছে। তার হাতে কাজ নেই। 

এখন কম কাজ করলেও একসময় লাইট-ক্যামেরায় ভীষণ ব্যস্ত থাকতেন ববি। বছরে একাধিক সিনেমা মুক্তি পেত তার। করোনার পর থেকে কমিয়ে দিয়েছেন সেই ব্যস্ততা। বর্তমানে কাজের ব্যস্ততা নিয়ে ববি বলেন, কে এ নিলয়ের ‘বউ’ সিনেমার গানের শুটিং বাকি রয়েছে। বউকে ঘিরেই এর গল্প। অন্যদিকে বদিউল আলম খোকনের ‘তছনছ’ সিনেমার ৮০ ভাগ শুটিং শেষ। রোমান্টিক অ্যাকশন ঘরানার সিনেমা এটি। সিনেমাটির বাকি কাজ শিগগিরই শেষ হবে। প্রযোজক-পরিচালকের পরিকল্পনা অনুযায়ী ঈদে মুক্তির লক্ষ্যেই এগিয়ে চলছে সিনেমাটির কাজ। এ ছাড়া আরও দুয়েকটি নতুন চিত্রনাট্য নিয়ে কথা চলছে। চূড়ান্ত না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।

‘বউ’ সিনেমায় ডি এ তায়েব ও ‘তছনছ’-এ মুন্না খানের সঙ্গে জুটি বেঁধেছেন ববি। এর আগেও বেশ কিছু সিনেমার গল্পে নতুনদের সঙ্গে কাজ করেছেন এই নায়িকা। ক্যারিয়ারে শাকিব খানসহ অনেক আলোচিত নায়কের বিপরীতে দেখা গেলেও সম্প্রতি নতুনদের সঙ্গে কাজ নিয়ে তার কোনো আপত্তি নেই। এই প্রসঙ্গে ববি বলেন, প্রত্যেক শিল্পীই ক্যারিয়ারের শুরুতে নতুন থাকেন। সময় ও কাজের অভিজ্ঞতায় তিনিও সিনিয়র হন। নতুনরা মূলত এক বিশ্বাস ও আস্থা নিয়েই সিনিয়রদের সঙ্গে কাজ করেন। তাদের সেই বিশ্বাসকে মূল্যায়ন করা দরকার। আমি নতুনদের গুরুত্ব দিই। তাদের সঙ্গে কাজ করাটাকে আমি সহজভাবেই দেখি।

‘খোঁজ দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে অভিষেক ববির। সে হিসেবে শোবিজে তার পথচলা দেড় দশকের বেশি। অভিনয় ক্যারিয়ারে ববি উপহার দিয়েছেন- দেহরক্ষী, রাজত্ব, অ্যাকশন জেসমিন, বিজলী, বেপরোয়া, নোলক-এর মতো সিনেমা। কখনো রোমান্টিক আবার কখনো দেখা গেছে অ্যাকশন ঘরানার গল্পের সিনেমায়। তবে এখনও মনের মতো গল্প খুঁজে পাননি বলে জানান ববি। তিনি বলেন, ক্যারিয়ারে ভালো লাগার অনেক সিনেমায় অভিনয় করলেও এখনও পরিপূর্ণ পছন্দের গল্পে অভিনয় করা হয়নি আমার। অপেক্ষায় আছি তেমন একটি সিনেমার। যেখানে নিজেকে মন থেকে খুঁজে পাব।

কেমন গল্প, কেমন চরিত্রে নিজেকে দেখতে চান জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, আসলে দর্শকরা আমাকে রোমান্টিক, অ্যাকশন গল্পের নায়িকা হিসেবেই দেখে আসছেন। আমিও তাদের সেই ভালোবাসাকে সম্মান জানাই। তবে আমি এমন গল্পে অভিনয় করতে চাই যে গল্পটি মানুষের হৃদয়ে দীর্ঘকাল বেঁচে থাকবে। যে চরিত্রে নিজেকে নতুন করে গড়ার সুযোগ থাকবে, যা দিয়ে দর্শকরা আবিষ্কার করবে নতুন এক ববিকে।

দেশীয় সিনেমার বর্তমান অবস্থা নিয়ে রয়েছে নানা অভিযোগ। কমে যাচ্ছে সিনেমা নির্মাণ, ঈদনির্ভর হয়ে পড়েছে ইন্ডাস্ট্রি। এর বাইরে ব্যবসা করতে পারছে না কোনও সিনেমা। সেই সঙ্গে নানা সংকট রয়েছে। এ বিষয়ে ববি বলেন, গল্প, নির্মাণ, টেকনিশিয়ানসহ আমাদের চলচ্চিত্রে অনেক সংকট রয়েছে। একটি পরিপূর্ণ সুন্দর সিনেমার জন্য অনেক অন্তরায় থাকার পরও সিনেমা নির্মাণ হচ্ছে। কিছু সিনেমা ভালো করছে, দর্শক টানছে। বিরাজমান সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারলে আমার সিনেমা বিশ্ববাজারে সুনাম বয়ে আনবে।

সিনেমায় কাজ করলেও আপাতত ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে ভাবছেন না ববি। নায়িকার ভাষ্য- আমরা বড়পর্দাতেই কমফোর্ট ফিল করি। এখানে যেহেতু ব্যস্ততা আছে, ওটিটি নিয়ে তাই ভাবছি না। তা ছাড়া যে ধরনের প্রস্তাব পাই সেটা মনের মতো হয় না। তাই ওটিটি থেকে দূরে আছি।


সময়ের আলো/ কেএইচও


  বিষয়:   কাজ  চিত্রনায়িকা  ইয়ামিন হক ববি  ক্যারিয়ার  সিনেমা  অভিনয় 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: