প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৫:২৫ পিএম আপডেট: ১০.০১.২০২৬ ৫:২৭ পিএম
ইরানের পতাকার ইমোজির পরিবর্তন। ছবি : সংগৃহীতমার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্সে ইরানের পতাকার ইমোজির পরিবর্তে বিপ্লব-পূর্ববর্তি পতাকার সিংহ ও সূর্য প্রতীক যুক্ত করা হয়েছে। ইরানের চলমান রক্তক্ষয়ী বিক্ষোভের মধ্যেই এমন পরিবর্তন আনল মার্কিন এই প্ল্যাটফর্ম।
শুক্রবার (৯ জানুয়ারি) সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিবর্তনের সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর এক্সে ইরানি কর্মকর্তা ও রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোর অ্যাকাউন্টেও এখন বিপ্লব-পূর্ব প্রতীকটি দেখা যাচ্ছে।
এক্স-এর পণ্য বিভাগের প্রধান নিকিতা বিয়ার বৃহস্পতিবার জানিয়েছে, এক ব্যবহারকারীর অনুরোধের পর তারা এই পরিবর্তন নিয়ে কাজ করছেন।
নতুন ইমোজিটি শুক্রবার সন্ধ্যার মধ্যেই কার্যকর হয়। সিংহ ও সূর্য প্রতীকটি ইরানের রাজতন্ত্রের সঙ্গে সম্পর্কিত। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লব পর্যন্ত এই প্রতীক আনুষ্ঠানিকভাবে ব্যবহৃত হয়। শাহ শাসনের পতনের পর এটি বাতিল করে বর্তমান ইসলামী প্রজাতন্ত্রের প্রতীক চালু করে। পতাকার ফিতের মতো অংশে কুফি লিপিতে ‘আল্লাহু আকবার’ সংযোজন করা হয়। এরপর থেকে সিংহ ও সূর্য প্রতীকটি রাজতন্ত্রপন্থী গোষ্ঠী এবং ইরানের বর্তমান সরকারের বিরোধীরা ধারণ করেছে।
তবে দেশটিতে চলমান আন্দোলনে অনেক বিক্ষোভকারীর হাতে এই পতাকা দেখা গেছে। তারা রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে স্লোগানের পাশাপাশি এই সিংহ ও সূর্য প্রতীক সম্বলিত পতাকা উড়িয়েছে।
সময়ের আলো/কেএইচও