পটুয়াখালীর বাউফলে মাদ্রাসা পড়ুয়া দুই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে অনিক (২০) নামে এক যুবকের বিরুদ্ধে।
এ ঘটনায় শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাতে বাউফল থানায় অভিযোগ করেছে ভুক্তভোগীরা।
অভিযুক্ত যুবক উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের খলিলুর রহমান খোকনের ছেলে। ঘটনার পর থেকে অনিক পলাতক রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার সকাল ৯টার দিকে সদর ইউনিয়নের গোসিংগা ও বিলবিলাস গ্রামের দুই বান্ধবী মাদ্রাসার উদ্দেশে বাড়ি থেকে বের হন। এরপর তারা রাতে বাড়ি ফিরে যায়নি। পরে দুই পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট মাদ্রাসায় এসে খোঁজ নিয়ে জানতে পারেন, ওই দুই শিক্ষার্থী মাদ্রাসায় আসেনি। বিভিন্ন স্থানে সন্ধান চালিয়ে তাদের না পেয়ে শনিবার দুপুরে পরিবারের সদস্যরা বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ওই দুই শিক্ষার্থী থানা এসে অনিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।
অভিযোগে দুই শিক্ষার্থী উল্লেখ করে, অনিক তার বান্ধবীকে বাসায় ডাকেন। পরে বান্ধবী এক সহপাঠীকে নিয়ে ওই ছেলের বাসায় যায়। সেখানে অনিক তাদের দুই বান্ধবীকেই কৌশলে ধর্ষণ করেন। পরে তারা বাউফল থানায় এসে অনিকের বিরুদ্ধে অভিযোগ দেয়। এর আগে তারা উপজেলার নূরজাহান গার্ডেনসহ বিভিন্ন স্থানে একসাথে অবস্থান করেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছিদ্দিকুর রহমান জানান, ভুক্তভোগী দুই শিক্ষার্থী থানায় অভিযোগ করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সময়ের আলো/জেডআই