শিক্ষার্থীদের কল্যাণকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) ভাইস প্রেসিডেন্ট (ভিপি) রিয়াজুল ইসলাম।
শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল থেকে নির্বাচিত হওয়ার পর
সময়ের আলোকে দেওয়া সাক্ষাৎকারে তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন। সাক্ষাৎকার নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
মোশফিকুর রহমান ইমন।
সময়ের আলো : ভিপি পদে নির্বাচিত হওয়ার পর শিক্ষার্থীদের উদ্দেশে আপনার প্রথম বার্তা কী?রিয়াজুল ইসলাম : এই বিজয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর বিজয়, কোনো একক ব্যক্তির বিজয় নয়। শিক্ষার্থীদের এই আস্থা ও প্রত্যাশার যথাযথ মূল্যায়ন করতে চাই দায়িত্বশীল ও আপসহীন নেতৃত্বের মাধ্যমে। শিক্ষার্থীদের প্রত্যাশাই আমাদের প্রত্যাশা। আমরা চেষ্টা করব শিক্ষার্থীদের কল্যাণকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার।
সময়ের আলো : শিক্ষার্থীদের সবচেয়ে বড় সমস্যা কোন বিষয়টিকে দেখছেন? রিয়াজুল ইসলাম : আবাসন সংকট এবং ক্যাম্পাস সুবিধার অভাবই সবচেয়ে বড় সমস্যা। বিশেষ করে রাজধানীর মাঝখানে থেকেও শিক্ষার্থীরা ন্যূনতম আবাসিক সুবিধা পাচ্ছে না। আমাদের ক্লাসরুমগুলোর সমস্যা প্রকট। আমাদের ক্যাম্পাসের সমস্যাগুলোর কথা বলতে গেলে আসলে হাজারো সমস্যার কথা উঠে আসবে। আমরা এগুলো শিক্ষার্থীদের সঙ্গে পরামর্শ করে গুরুত্বের বিবেচনায় সমাধান করব ইনশাআল্লাহ।
সময়ের আলো : বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ক্যাম্পাস প্রকল্প নিয়ে আপনার অবস্থান কী?
রিয়াজুল ইসলাম : সেকেন্ড ক্যাম্পাস জবিয়ানদের দীর্ঘদিনের স্বপ্ন। কিন্তু বাস্তবায়নের ধীরগতিতে শিক্ষার্থীরা হতাশ। আমরা চাই সেনাবাহিনীর মাধ্যমে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আমাদের ক্যাম্পাসের সব কাজ শেষ করতে।
সময়ের আলো : সেকেন্ড ক্যাম্পাসে আবাসিক হল নির্মাণ কতটা অগ্রাধিকার পাবে বলে আপনি মনে করেন?
রিয়াজুল ইসলাম : একাডেমিক ভবনের পাশাপাশি আবাসিক হল নির্মাণ করাই হওয়া উচিত সর্বোচ্চ অগ্রাধিকার। হল ছাড়া সেকেন্ড ক্যাম্পাস পূর্ণাঙ্গ হতে পারে না। আমরা চাচ্ছি দ্রুত সময়ের মধ্যে দ্বিতীয় ক্যাম্পাসে আবাসন নির্মাণের কাজ শুরু করতে।
সময়ের আলো : বর্তমান আবাসন সংকট নিরসনে তাৎক্ষণিক কোনো উদ্যোগ থাকবে কি?রিয়াজুল ইসলাম : তাৎক্ষণিকভাবে মেস ব্যবস্থাপনা মনিটরিং, ভাড়া সহনীয় রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবহন সুবিধা বাড়ানোর বিষয়ে প্রশাসনের সঙ্গে কথা বলব এবং সঙ্গে সঙ্গে আবাসন বৃত্তি নিশ্চিত করতে আমরা বেশি গুরুত্ব দেব।
সময়ের আলো : ছাত্রীদের আবাসন নিরাপত্তা নিয়ে আপনি কী ভাবছেন?
রিয়াজুল ইসলাম : ছাত্রীদের আবাসন প্রশ্নে কোনো আপস করা যাবে না। সেকেন্ড ক্যাম্পাসে আলাদা, নিরাপদ ও মানসম্মত ছাত্রী হল নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আমাদের পুরান ঢাকায় বোনদের জন্য হল নির্মাণের কাজ শুরু করা যায় কি না এটা নিয়ে আমরা ভাবছি।
সময়ের আলো : দাবি আদায়ে আন্দোলনের বিষয়ে আপনার অবস্থান কী?রিয়াজুল ইসলাম : আলোচনাই প্রথম পথ। তবে শিক্ষার্থীদের কোনো ন্যায্য দাবি উপেক্ষিত হলে শান্তিপূর্ণ ও যৌক্তিক আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করব ইনশাআল্লাহ।
সময়ের আলো/এআর