প্রথম নাটক ‘দি সি অফ সাইলেন্স’ নিয়ে মঞ্চে আসছে নতুন নাট্যদল ‘থেসপিয়ানস দ্য ঢাকা’।
আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে।
পরদিন শুক্রবার একই মিলনায়তনে নাটকটির আরও দুটি প্রদর্শনী হবে। প্রথমটি বিকাল ৫টা ৪৫ মিনিটে, দ্বিতীয়টি সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন তাজউদ্দিন তাজু।
নাটকের গল্পে দেখা যাবে, ভিয়েতনামের হাইফোং বন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করা একটি যাত্রীবাহী জাহাজ। জাহাজে ওঠেন সোফিয়া, তার স্বামী ডেভিড এবং তাদের কিশোরী কন্যা জেনি। সমুদ্রের মাঝে এই পরিবারটি এক আলাদা জীবনের গল্প নিয়ে আসে।
এক ঝড়ো রাতে সমুদ্রের ঢেউ, আকাশের মেঘ আর মাউথঅর্গানের সুর তাদের সম্পর্কের সীমা মুছে দেয়। ধীরে ধীরে উন্মোচিত হয় মানুষের স্মৃতি, ভয় ও গোপন অতীত। জাহাজের দুলুনির মতো চরিত্রদের জীবনেও ওঠানামা করে সন্দেহ, ভালোবাসা ও অপরাধবোধ। মুক্তির আকাক্সক্ষা তৈরি হয় সবার ভেতরে।
নির্দেশক তাজউদ্দিন তাজু বলেন, ‘দি সি অফ সাইলেন্স’ নাটকটি তৈরি মূলত একটি ইংরেজি গল্প থেকে। সমুদ্র যাত্রাপথের এক বিচ্ছিন্ন গল্প। যেখানে সমুদ্রের মাঝে একটি পরিবার আলাদা গল্প সৃষ্টি করে এক বিশেষ বার্তা দেয়। নাটকটির জন্য আমরা দীর্ঘদিন পরিশ্রম করেছি। নিয়মিত রিহার্সেল করে এবার মঞ্চে তুলছি। দুই দিনে পরপর তিনটি প্রদর্শনীর আয়োজন করেছি। আশা করছি আমাদের মঞ্চায়ন সফল হবে।
এফআর