সমাজের নিষিদ্ধ এক অধ্যায়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে রাশিদ পলাশের নতুন সিনেমা ‘রঙবাজার’। একটি যৌনপল্লী উচ্ছেদের সত্য ঘটনা কেন্দ্র করে আবর্তিত হয়েছে এর কাহিনি।
সিনেমার বেশিরভাগ দৃশ্য ধারণ করা হয়েছে দেশের আলোচিত দৌলতদিয়া যৌনপল্লীতে, যা সিনেমাটিকে দিয়েছে বাস্তবতার এক শক্ত ভিত্তি। শুটিং শেষে ‘রঙবাজার’ এখন মুক্তির অপেক্ষায়।
সম্প্রতি সিনেমাটির প্রযোজনা সংস্থা লাইভ টেকনোলজির সামাজিক যোগাযোগমাধ্যমে এর ট্রেইলার প্রকাশিত হয়েছে।
ট্রেইলারে শুরুতে ধরা দিয়েছে রহস্য, পতিতাপল্লীর জীবন, রাজনীতির বাস্তব চিত্র উঠে এসেছে। এই সিনেমায় একজন যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার অভিনেত্রী তানজিকা আমিন।
তিনি বলেন, যৌনকর্মীদের জীবনযাত্রা নিয়েই এগিয়েছে সিনেমাটির কাহিনি। এতে আমি একজন পতিতার চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটি সুন্দরভাবে উপস্থাপনের জন্য আমি দৌলতদিয়া যৌনপল্লীতে দুই সপ্তাহের মতো থেকেছি। কাছে থেকে তাদের জেনেছি। আসলে বাইরে থেকে রঙিন মনে হলেও একজন যৌনকর্মীর ভেতরটা অনেক ফাঁকা। প্রত্যেকের জীবনে ভীষণ কষ্ট লুকিয়ে রয়েছে। স্বেচ্ছায় কেউ এই পেশায় আসেন না। তাদের নিয়ে সবার মধ্যে যে ধারণা তার কিছুটা হলেও পরিবর্তন ঘটাবে ‘রঙবাজার’ সিনেমার গল্প। সিনেমাটি অবশ্যই দর্শক দেখবেন বলে আমার বিশ্বাস।
ট্রেইলার প্রকাশের পর থেকেই দর্শক-অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে আলোচনা, কৌতূহল আর তীব্র প্রত্যাশা। পরিচালক রাশিদ পলাশ জানান, সিনেমাটি মুক্তি দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে এবং সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই ট্রেইলার উন্মুক্ত করা হয়েছে। শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রঙবাজার’। ট্রেইলারেই স্পষ্ট, এটি শুধুই একটি গল্প নয় বরং সমাজের এক নির্মম বাস্তবতার দলিল।
সিনেমাটিতে একজন নায়িকার চরিত্রে রয়েছেন পিয়া জান্নাতুল। মাদক কারবারির ভূমিকায় মৌসুমী হামিদ। যৌনকর্মীর চরিত্রে আরও অভিনয় করেছেন শম্পা রেজা, নাজনীন চুমকি। রাজনৈতিক নেতার চরিত্র রূপায়ন করেছেন লুৎফর রহমান জর্জ ও বড়দা মিঠু। তামজিদ অতুলের গল্প-ভাবনায় সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী।
এফআর