গাইবান্ধায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির মামলায় ২৬ জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া আরও ২৫ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) গাইবান্ধার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুর রহমান এ আদেশ দেন।
এর আগে গত ৯ জানুয়ারি গাইবান্ধার তিন উপজেলায় অনুষ্ঠিত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ৫১ জন পরীক্ষার্থীকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গাইবান্ধা জেলার সদর, পলাশবাড়ী ও ফুলছড়ি উপজেলায় মোট ৫১টি কেন্দ্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোতে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা কিছু পরীক্ষার্থীর সন্দেহজনক আচরণ লক্ষ্য করেন। পরবর্তীতে তল্লাশি চালিয়ে পরীক্ষার্থীদের শরীরে লুকানো ক্ষুদ্র ইলেকট্রনিক ডিভাইস, কানেক্টেড ইয়ারপিস, সিমকার্ড ও অন্যান্য প্রযুক্তিগত সরঞ্জাম উদ্ধার করা হয়।
অভিযোগ রয়েছে, এসব ডিভাইসের মাধ্যমে বাইরে থেকে উত্তর সরবরাহ করা হচ্ছিল। এ সময় সদর উপজেলায় ৩৭টি কেন্দ্র থেকে ৩৭ জন, পলাশবাড়ী উপজেলার চারটি কেন্দ্র থেকে ১২ জন এবং ফুলছড়ি উপজেলার দুটি কেন্দ্র থেকে দুইজন পরীক্ষার্থীকে আটক করা হয়।
গাইবান্ধা কোর্ট ইন্সপেক্টর জামাল উদ্দিন বলেন, আদালত ২৬ জন আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। নারীসহ বাকি ২৫ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার পেছনের চক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
সময়ের আলো/আআ