সর্বকালের সর্বোচ্চ দামে সোনা

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

আন্তর্জাতিক বাজারের পাশাপাশি দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) আন্তর্জাতিক বাজারে টানা দ্বিতীয় দিনের

2026-01-13T20:51:56+00:00
2026-01-13T20:56:29+00:00
 
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
সর্বকালের সর্বোচ্চ দামে সোনা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৮:৫১ পিএম  আপডেট: ১৩.০১.২০২৬ ৮:৫৬ পিএম
সংগৃহীত ছবি
আন্তর্জাতিক বাজারের পাশাপাশি দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) আন্তর্জাতিক বাজারে টানা দ্বিতীয় দিনের মতো স্বর্ণের দাম বেড়ে প্রতি আউন্সে ৪৬০০ ডলারে পৌঁছেছে, যা সর্বকালের সর্বোচ্চ সোনার দামের রেকর্ড।

যুক্তরাষ্ট্র, ভেনেজুয়েলা ও ইরানকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনা এবং সামগ্রিক বৈশ্বিক অনিশ্চয়তার কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণ ও রুপার চাহিদা বেড়েছে।

এদিন দুপুরে স্পট স্বর্ণ ০.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৬০১.৬৩ ডলারে লেনদেন হয়। আগের সেশনে স্বর্ণের দাম সর্বকালের রেকর্ড ৪,৬২৯.৯৪ ডলার স্পর্শ করেছিল। ফেব্রুয়ারি ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারস ০.১ শতাংশ কমে ৪,৬১০.৩০ ডলারে নেমে আসে।

অ্যাকটিভট্রেডসের বিশ্লেষক রিকার্ডো ইভানজেলিস্তা বলেন, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের এক শীর্ষ কর্মকর্তার কড়া মন্তব্যের পর ডলারের সামান্য ঘুরে দাঁড়ানো এবং পরে প্রকাশিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) তথ্যের দিকে বিনিয়োগকারীদের নজর—এই দুই বিষয় স্বর্ণের দামের ওপর চাপ তৈরি করছে।


নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামস সোমবার বলেন, মুদ্রানীতির অবস্থান পরিবর্তনে কেন্দ্রীয় ব্যাংকের ওপর নিকট ভবিষ্যতে তেমন কোনো চাপ নেই। তবে বাজারে চলতি বছরে দুই দফা সুদহার কমানোর প্রত্যাশা রয়েছে। আজকের সিপিআই তথ্য ভবিষ্যৎ মুদ্রানীতির ইঙ্গিত দিতে পারে বলে মনে করছেন বিনিয়োগকারীরা।

ভূরাজনৈতিক দিক থেকে মঙ্গলবার ভোরে ইউক্রেনে চলতি বছরের সবচেয়ে তীব্র ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার বলেন, ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশের ওপর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

বিশ্লেষকদের মতে, কম সুদহারের পরিবেশে এবং ভূরাজনৈতিক বা অর্থনৈতিক ঝুঁকি বাড়লে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়ে।

রিকার্ডো ইভানজেলিস্তা আরও বলেন, ‘স্বর্ণের দাম ৪,৫০০ ডলারের ওপরে স্থিতিশীল রয়েছে। ডলারের দুর্বল প্রবণতা ও চলমান ভূরাজনৈতিক অনিশ্চয়তার কারণে ৫,০০০ ডলারের স্তর ক্রমেই নাগালের মধ্যে আসছে এবং বছরের প্রথমার্ধেই তা পরীক্ষা হতে পারে।’

এদিকে দেশের বাজারেও বেড়েছে সোনার দাম। এবার প্রতি ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বেড়েছে। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা। মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকেই নতুন এ দাম কার্যকর হয়েছে।
 
সময়ের আলো/এআর
  বিষয়:   সর্বোচ্চ  দাম  সোনা 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: