প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৫:১৬ এএম
সংগৃহীত ছবিচিত্রনায়িকা পরীমণি বরাবরই দর্শকদের চমক দিতে পছন্দ করেন। সেই ধারাবাহিকতায় এবার তিনি হাজির হলেন ভিন্নরূপে নতুন একটি বিজ্ঞাপনচিত্রে। সম্প্রতি প্রচারে এসেছে সানবিটের লিকুইড ডিশওয়াশের বিজ্ঞাপনচিত্র। এতে তুলে ধরা হয়েছে দুই বোনের খুনশুটি আর ঘরোয়া কাজের এক রসায়ন। বিজ্ঞাপনটি ইতিমধ্যে দর্শকদের নজর কেড়েছে।
সানবিটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন পরীমণি। সানবিটের এই নতুন বিজ্ঞাপনটি সানবিটের অফিসিয়াল ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়েছে। এদিকে বছরজুড়ে আলোচনায় থাকলেও ২০২৫ সালে নতুন সিনেমা নিয়ে বড়পর্দায় দেখা যায়নি পরীমণিকে। তবে মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘ডোডোর গল্প’। জি-সিরিজ প্রযোজিত এই সিনেমাটি পরিচালনা করছেন রেজা ঘটক। এতে ‘কাজল চৌধুরী’ চরিত্রে অভিনয় করছেন পরীমণি আর ফটোগ্রাফার ‘রায়হান’ চরিত্রে দেখা যাবে সাইমন সাদিককে।
২০২১-২২ অর্থবছরের ৬০ লাখ টাকা সরকারি অনুদান পায় ‘ডোডোর গল্প’। এ ছাড়া সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি থেকে শুরু হবে সামছুল হুদা পরিচালিত ‘গোলাপ’ সিনেমার শুটিং। এই সিনেমায় পরীমণির বিপরীতে অভিনয় করবেন অভিনেতা নিরব। ছোট শহরের রাজনৈতিক বাস্তবতা, উত্তেজনা আর রহস্য কেন্দ্র করে নির্মিত হবে সিনেমাটি। অন্যদিকে ২০২০ সালে থেমে থাকা পরীমণির ‘প্রীতিলতা’ সিনেমা শুটিংয়ে ফিরছে শিগগিরই। আগামী এপ্রিলে সিনেমাটির বাকি অংশের শুটিং শুরুর কথা জানিয়েছেন নির্মাতা রাশিদ পলাশ।
২০১৩ সালে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন পরী। ধীরে ধীরে ঢালিউডের প্রধান নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সিনেমা নিয়ে সেভাবে আলোচনায় আসতে না পারলেও বাংলাদেশি তারকাদের মধ্যে ফেসবুক পেজে সবচেয়ে বেশি অনুসারী নিয়ে এগিয়ে আছেন এই নায়িকা। সেই সুবাধে অনলাইনে ব্যবসা শুরু করেছেন তিনি। পরীমণির ‘বডি’ নামে মাতৃত্বকালীন পোশাকের ব্যবসা রয়েছে। নিজের ফেসবুক পেজ ও আইডিতে পোশাক পরে ছবি ও ভিডিও পোস্ট করছেন, যা সামাজিকমাধ্যমে তার ভক্ত-শুভাকাক্সক্ষীদের মনোযোগ কেড়েছে।
সময়ের আলো/এনএ