স্বৈরশাসকদের সময় শেষের পথে। ২০২৬ সালেই তাদের পতন ঘটবে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্তা মেতসোলা।
বুধবার (১৪ জানুয়ারি) ইউরো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মেতসোলা এমন মন্তব্য করেন। এসময় বিক্ষোভ দমনে ইরানের কঠোর অভিযানের বিরুদ্ধে চাপ বাড়াতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।
মেতসোলা বলেন, ২০২৬ সালই হবে সেই বছর, যখন স্বৈরতন্ত্রের অবসান ঘটবে। ইরানের নেতৃত্ব এখন ‘শেষ পর্যায়ে’ পৌঁছে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
রবার্তা মেতসোলা ইইউকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এর মধ্যে আরও নিষেধাজ্ঞা আরোপ এবং ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার বিষয়টিও বিবেচনায় নিতে হবে।
ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে কাতারে থাকা আল-উদেইদ সেনা ঘাঁটি ছেড়ে যাওয়ার জন্য সেখানকার মার্কিন সেনা সদস্যদের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র।
তবে কাতারের মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
একজন কূটনীতিক রয়টার্সকে বলেন, এটি একটি পুনর্বিন্যাস, সরে যাওয়ার নির্দেশ নয়। তবে তিনি এই পরিবর্তনের কারণ সম্পর্কে জানেন না বলেও উল্লেখ করেছেন।
মধ্যপ্রাচ্যে অবস্থিত সবচেয়ে বড় ওই মার্কিন সামরিক ঘাঁটিতে প্রায় ১০ হাজার সেনা রয়েছে বলে জানা যায়। এর আগে, গত বছরের জুনে মার্কিন হামলার জবাবে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের ওই বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান।
ইরানের বিক্ষোভকারীদের রক্ষায় যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র হামলা চালালে এবারও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিতে হামলা চালানোর হুমকি দিয়েছে তেহরান।
সময়ের আলো/এসকে/