বলিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং ক্যারিয়ারে এবার মনোযোগ দিচ্ছেন মূলধারার বাণিজ্যিক সিনেমায়। কিছু দিন আগেই অক্ষয় কুমারের ‘হাউসফুল ৫’ সিনেমায় হাজির হয়ে দর্শককে চমকে দিয়েছিলেন তিনি।
এবার তাকে দেখা যাবে সালমান খানের ‘ব্যাটেল অব গেলওয়ান’ সিনেমাটিতে। ভারত-চীন সীমান্ত সংঘাতের পটভূমিতে নির্মিত হচ্ছে অপূর্ব লাখিয়ার ‘ব্যাটেল অব গেলওয়ান’। অপূর্ব লাখিয়া পরিচালিত এই সিনেমায় সালমান খানকে দেখা যাবে কর্নেল বিক্কুমাল্লা সন্তোষ বাবুর চরিত্রে।
সত্য ঘটনার অনুপ্রেরণায় তৈরি এ সিনেমার অংশ হতে পেরে দারুণ উচ্ছ্বসিত চিত্রাঙ্গদা। কারণ এই সিনেমার মধ্য দিয়েই প্রথমবার সালমান খানের সঙ্গে পর্দা ভাগ করছেন তিনি। অভিনেত্রীর ভাষ্য- এই সিনেমা আমার জন্য খুব বিশেষ। আমার বাবা অবসরপ্রাপ্ত আর্মি কর্নেল। সেনা আবহে আমার বেড়ে ওঠা। ছোটবেলা থেকেই দেশপ্রেম, সাহসিকতা আর আত্মত্যাগের গল্প শুনে বড় হয়েছি। তাই এমন একটি সিনেমার অংশ হতে পারাটা আমার কাছে ভীষণ আবেগের।
আর এই সিনেমা নিয়ে কথা বলতে গিয়েই তিনি জানান মূলধারার বাণিজ্যিক সিনেমা নিয়ে এই নতুন পরিকল্পনার কথা। এ সময় তিনি আরও জানান তার এই নতুন ভাবনায় অনুপ্রেরণা দিয়েছেন সালমান খান। এ প্রসঙ্গে চিত্রাঙ্গদা বলেন, আমার মনে আছে, ঘটনাচক্রে মুম্বাইয়ের এক স্টুডিওতে আমি আর সালমান খান পাশাপাশি সেটে শুটিং করছিলাম। আর তখনই আমাদের দেখা হয়। আমাদের প্রকল্প ঘিরে তখন বিস্তর আলোচনা হয়েছিল।
সেই আড্ডা ছিল খুব তাৎপর্যপূর্ণ। তখনই উনি আমাকে আরও বাণিজ্যিক ছবি এবং চ্যালেঞ্জিং চরিত্র অন্বেষণ করার জন্য উৎসাহ দিয়েছিলেন। ওনার সঙ্গে সেই আলাপচারিতা আমার আজীবন মনে থাকবে। অন্য ধরনের চরিত্রের জন্য উনি আমাকে আরও বেশি করে আত্মবিশ্বাসী করে তুলেছেন। আমি আগে যা গ্রহণ করতে ইতস্তত করতাম, তা গ্রহণ করার জন্য এখন সাহস পাচ্ছি। ওনার সঙ্গে কাটানো কিছু সময় আমার চিন্তাভাবনা বদলে দিয়েছে।
এদিকে ‘সুরমা’ ছবির মাধ্যমে প্রযোজনায় আসা চিত্রাঙ্গদা আবার কবে এ ভূমিকায় ফিরছেন, জানতে চাইলে তিনি বলেন, সুরমার পর আরেকটি জীবনীমূলক ছবির কাজ করছি। পাশাপাশি একটি ওয়েব সিরিজ প্রযোজনা করতে যাচ্ছি, যার গল্প আমি লিখেছি। এই প্রকল্প নিয়ে আমি দারুণ উৎসাহী। আপাতত এর বেশি কিছু বলব না।
চিত্রাঙ্গদার বর্তমান পথচলায় বাণিজ্যিকতা ও শিল্পবোধ একসঙ্গে মিশে যাচ্ছে। সালমান খানের প্রেরণা আর নিজের অভিজ্ঞতা মিশিয়ে হয়তো তিনি এখন খুঁজছেন নিজের অভিনয়জীবনের নতুন সংজ্ঞা। মনের মতো কাজের অপেক্ষায় আছেন তিনি।