এবার ক্রিকেটারদের আলটিমেটাম

ক্রীড়া প্রতিবেদক

একের পর এক বিতর্কের জন্ম দিয়ে চলেছেন এম নাজমুল ইসলাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন পরিচালক তিনি এবং একই সঙ্গে

2026-01-15T05:42:59+00:00
2026-01-15T05:42:59+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
এবার ক্রিকেটারদের আলটিমেটাম
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৫:৪২ এএম 
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
একের পর এক বিতর্কের জন্ম দিয়ে চলেছেন এম নাজমুল ইসলাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন পরিচালক তিনি এবং একই সঙ্গে অর্থ কমিটির চেয়ারম্যানও। অথচ বিসিবির মতো গুরুত্বপূর্ণ সংস্থা ও পদে থেকে ক্রিকেট এবং ক্রিকেটারদের নিয়ে যেভাবে মন্তব্য করে চলেছেন নাজমুল; তাতে শুধু আঘাত পাওয়া নয়, রীতিমতো চটেছেন ক্রিকেটাররা। নাজমুলের পদত্যাগ চেয়ে আলটিমেটাম দিয়েছে ক্রিকেটারদের সংগঠন ‘ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।’

সংগঠনটির সভাপতি মোহাম্মদ মিঠুন গতকাল এক বিবৃতিতে জানিয়েছেন ‘আমরা বিভিন্ন সময় বোর্ডের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলাপ করেছি। প্রথম বিভাগ ক্রিকেট নিয়ে আমরা বোর্ডকে যথেষ্ট সময় দিয়েছি। ওনারা এখনও কোনো সমাধান করেননি। গত কিছুদিন ধরে একজন বোর্ড পরিচালক প্লেয়ারদের নিয়ে যেভাবে মন্তব্য করছেন, কোনো বোর্ড ডিরেক্টর কখনো এভাবে কথা বলতে পারেন না। আমরা ওনার পদত্যাগ চাচ্ছি। উনি যদি কালকে (আজ) ম্যাচের আগে, বিপিএলের প্রথম ম্যাচের আগে পদত্যাগ না করেন, তা হলে আমরা সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করলাম।’ বুধবার রাতে ক্রিকেটারদের সঙ্গে জুম মিটিং শেষে এমন সিদ্ধান্ত আসে কোয়াবের পক্ষ থেকে।

মিঠুন আরও বলেন, ‘ক্রিকেটারদের নিয়ে নাজমুল ইসলামের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যের প্রতিবাদেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি ক্রিকেটারদের সম্মান ও পেশাদারিত্বের সঙ্গে সাংঘর্ষিক। আর এই বোর্ড পরিচালক প্রতিনিয়ত যে শব্দগুলো ব্যবহার করেছেন, এটা ক্রিকেট অঙ্গনকে অনেক ব্যথিত করেছে এবং খেলোয়াড়রা এটা কোনোভাবেই মানতে চাচ্ছেন না। সে জন্য আমরা তার পদত্যাগ দাবি করছি। উনি কালকে (আজ) ম্যাচের আগে যদি পদত্যাগ না করেন, তা হলে আমাদের সব ধরনের খেলা বন্ধ ঘোষণা করছি।’

কোয়াবের পাঠানো বিবৃতির আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে বিবৃতি আসে। বিসিবি এ ব্যাপারে জানায়, এ ধরনের মন্তব্য অনুপযুক্ত, আপত্তিকর বা আঘাতজনিত হিসেবে গণ্য হতে পারে। তবে বোর্ড স্পষ্ট করে দিয়েছে, অনুমোদিত চ্যানেল ছাড়া পরিচালকের ব্যক্তিগত মন্তব্য বোর্ডের অবস্থান বা নীতির প্রতিফলন নয়।

বিবৃতিতে বিসিবি আরও জানায়, ক্রিকেটারদের প্রতি কোনো অসম্মান বা বাংলাদেশ ক্রিকেটের সুনাম ক্ষুণ্ন করার ক্ষেত্রে যথাযথ শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে। বোর্ড আবারও পুনর্ব্যক্ত করেছে, দেশের জন্য নিষ্ঠা ও গর্বের সঙ্গে প্রতিনিধিত্ব করা খেলোয়াড়দের প্রতি তাদের পূর্ণ সমর্থন ও সম্মান থাকবে।’
বেশ কিছুদিন ধরে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশের ভারতে যাওয়া নিয়ে টানাপড়েন চলছে। শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলতে না গেলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না গতকাল এমন প্রশ্নের উত্তরে বিসিবি অর্থ কমিটির চেয়ারম্যান নাজমুল বলেন, ‘ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, তা হলে ওদের পেছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি!’ 

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নাজমুলকে প্রশ্ন করা হয় ক্রিকেট বোর্ড আগে নাকি ক্রিকেটাররা- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ধরুন বোর্ডটাই যদি না থাকে, তা হলে ক্রিকেট মানে ক্রিকেটাররা থাকবে কি না?’ মূলত নাজমুল ইসলামের এমন মন্তব্যের জেরে ক্ষেপেছেন ক্রিকেটাররা। প্লেয়ারদের পক্ষ থেকে সব ধরনের ক্রিকেট বয়কটের আলটিমেটাম দিয়েছে কোয়াব।

সরকারের মতো ক্রিকেট বোর্ডও ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার পক্ষে নয়। তাতে যতই ক্ষতি হোক। টাকার অঙ্কের চেয়ে আত্মসম্মান আগে। সরকার এবং বোর্ডের অবস্থানের পক্ষে বাংলাদেশের ক্রিকেটপ্রেমী জনসাধারণও। কিন্তু নাজমুলের মতো এমন ভাষার ব্যবহার অন্য কাউকে করতে দেখা যায়নি। বিসিবি সভাপতি এবং অন্য কোনো পরিচালক ভারতের বিশ্বকাপে খেলতে না যাওয়ার পক্ষে যেভাবে বক্তব্য রাখছেন, সেখানে কাউকে আঘাত দেওয়ার ঘটনা ঘটেনি। অথচ নাজমুল পুরো ক্রিকেট এবং ক্রিকেটারদের সরাসরি আঘাত দিয়ে কথা বলায় চটেছেন ক্রিকেটাররা এবং এই পরিচালকের পদত্যাগও দাবি করেছেন।

নাজমুলের করা গতকালের মন্তব্যই শেষ ঘটনা নয়। দুদিন আগে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে জড়িয়েও বিতর্কিত মন্তব্য করেছেন। তামিমকে ভারতের দালাল বলে নিজের ফেসবুকে পোস্ট দিয়ে পরে সেটি মুছে দেন। পরে আরেকটি পোস্টে আবারও তামিমকে খোঁচা দিয়ে লিখেন। তামিমকে কোনোদিন দেখেননি এবং চেনেন না বলেও মন্তব্য করে আলোচনার জন্ম দেন নাজমুল ইসলাম।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   ক্রিকেটার  আলটিমেটাম 


Advertisement
Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: