নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি করার সময় দুইজনকে আটক করেছে স্থানীয় জনতা।
বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গতকাল বুধবার রাতে ডাকাতদল সিএনজি অটোরিকশা করে পথচারীদের মালামাল লুট করে নিয়ে যাচ্ছিল। বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া দিয়ে আটক করে স্থানীয়রা। এ সময় ডাকাতদের ব্যবহৃত সিএনজি আগুন ধরিয়ে দেয় উপস্থিত তারা। পরে সোনারগাঁ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে রবিন ও ওমর ফারুক ওরফে চাপাতি ফারুক নামে দুই ডাকাতকে নিয়ে যায়। আটক রবিন উপজেলার কাজিরগাঁও গ্রামের জাকির হোসেনের ছেলে এবং ফারুক চেঙ্গাকান্দি এলাকার হেলাল মিয়ার ছেলে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিবুল্লাহ জানান, এ ঘটনায় দুই ডাকাত সদস্যকে আটক করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলমান রয়েছে।