বালু হরিলুটে উজাড় নদের বাঁধ

তৌহিদুল বকসী ঠান্ডা কুড়িগ্রাম

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করে নাগেশ্বরীর বল্লভেরখাস ইউনিয়নের শিমুলতলা বাজারসংলগ্ন দুধকুমার নদের পশ্চিম পাড়ে বিআইডব্লিউটিএর খননকৃত বালু দিয়ে

2026-01-16T04:06:09+00:00
2026-01-16T04:06:09+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
বালু হরিলুটে উজাড় নদের বাঁধ
তৌহিদুল বকসী ঠান্ডা কুড়িগ্রাম
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৪:০৬ এএম 
নাগেশ্বরীর বল্লভেরখাস ইউনিয়নে দুধকুমার নদের পশ্চিম পাড়ে তীর রক্ষা বাঁধ কেটে বালু হরিলুটের মহোৎসব চলছে। ছবি : সময়ের আলো
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করে নাগেশ্বরীর বল্লভেরখাস ইউনিয়নের শিমুলতলা বাজারসংলগ্ন দুধকুমার নদের পশ্চিম পাড়ে বিআইডব্লিউটিএর খননকৃত বালু দিয়ে তৈরি তীর রক্ষা বাঁধ কেটে বালু হরিলুটের মহোৎসব চলছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে অবৈধভাবে বালু উত্তোলন। কোনো রকম বাধা ছাড়াই প্রকাশ্যে এক্সকেভেটর (ভেকু) দিয়ে নদের তীর রক্ষা বাঁধ কেটে বালু বিক্রির অভিযোগ উঠেছে বেরুবাড়ী ইউনিয়ন ছাত্রদল নেতা বালুখেকো জাকারিয়া হোসেনের বিরুদ্ধে। নদের তীর রক্ষা বাঁধ কেটে বালু উত্তোলনের কারণে শিমুলতলা ও ফান্দেরচরের দারিদ্র্যপীড়িত এলাকা আবারও দুধকুমার নদের ভাঙন হুমকির মুখে পড়েছে। এর আগে দুধকুমার নদের ভাঙনে এসব এলাকার প্রায় অর্ধেকই নদগর্ভে বিলীন হয়ে গিয়েছিল। 

নদের তীর রক্ষা বাঁধ কেটে বালু উত্তোলনের কথা অকপটেই স্বীকার করেছেন বালুখেকো জাকারিয়া হোসেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি বেরুবাড়ী ইউনিয়ন ছাত্রদলের নেতা। এখন সময় আমাদের, ক্ষমতাও আমাদের হাতে। তাই আমরাই তো টাকা উপার্জন করব। কাউকে গোনার ও দেখার সময় নাই। 

বল্লভেরখাস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর জামাল বলেন, দুধকুমার নদভাঙনে বল্লভেরখাস ইউনিয়ন মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে। ইউনিয়ন পরিষদের পূর্ব পাড় শিমুলতলা বাজারসংলগ্ন দুধকুমার নদের বাঁধ কেটে দীর্ঘদিন বালু বিক্রি চলছে। নদের বাঁধ কেটে বালু বিক্রি বন্ধ না হলে শিমুলতলা ও ফান্দেরচরের অনেক এলাকা নদভাঙনে বিলীন হয়ে যাবে।

এ বিষয়ে জানার জন্য যোগাযোগ করা হলে বল্লভেরখাস ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা মিজানুর রহমান বলেন, নাগেশ্বরী উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) নির্দেশে বালু কাটা বন্ধের জন্য নিষেধ করা হয়েছে। তাপরও বালু কাটলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে অবগত করা হবে।

নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন জাহান লুনা বলেন, অবৈধভাবে নদীর বাঁধ থেকে বালু কেটে বিক্রিকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, সরেজমিন তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এ প্রসঙ্গে কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করে নদের বাঁধ কেটে বালু বিক্রির বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

সরেজমিন আলাপকালে স্থানীয়রা জানান, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাস ইউনিয়নে ভেকু দিয়ে নদের তীর রক্ষা বাঁধ থেকে বালু কেটে দীর্ঘদিন বিক্রি করছেন স্থানীয় জাকারিয়া হোসেন এবং আমিনুল ইসলাম। প্রতিদিন শতাধিক ট্রলি, থ্রি হুইলার, ট্রাক ও ট্রাক্টরে দুধকুমার নদের তীর রক্ষা বাঁধ থেকে ভেকু দিয়ে বালু কেটে বিক্রি করা হচ্ছে। গাড়িপ্রতি ৫০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত আদায় করছে বালু ব্যবসায়ী চক্রটি। হিসাব রাখার জন্য তাবুর ভেতর বসে থাকে তাদের লোক। কথা হয় শিমুলতলা ও ফান্দেরচর এলাকার বাসিন্দা আবুল কাশেম, আ. করিম, মোজাফফর হোসেন, মাইদুল ইসলামসহ আরও কয়েকজনের সঙ্গে। এ সময় তারা জানান, বেরুবাড়ী ইউনিয়নের জামাল হোসেন মেম্বারের ছেলে জাকারিয়া হোসেন এখন বেরুবাড়ী ইউনিয়ন ছাত্রদলের নেতা পরিচয় দিয়ে দাপট খাটিয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবাধে বালু বিক্রি করছে।

বাধা দিলেও মানছে না। এলাকায় প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ কিছু করতেও পারছে না। 

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে আরও জানা যায়, ফান্দেরচর এবং শিমুলতলা বাজারসংলগ্ন যেসব এলাকায় দুধকুমার নদের তীর রক্ষা বাঁধ কেটে নেওয়া হচ্ছে সেসব এলাকা ঘনবসতিপূর্ণ। এখানে রয়েছে নানা স্থাপনা ও বিপুল পরিমাণ ফসলি জমি। স্থানীয়দের আশঙ্কা, এভাবে ভেকু দিয়ে নদের তীর রক্ষা বাঁধ থেকে বালু কাটার কারণে আগামী বর্ষা মৌসুমে তাদের বিপুল পরিমাণ আবাদি জমি ও বসতবাড়ি ভাঙনের মুখে পড়বে। নদেও বাঁধ কেটে বালু বিক্রি বন্ধ করার পাশাপাশি অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের সহযোগিতাও কামনা করেন তারা।

সময়ের আলো/এসকে/


 




  বিষয়:   বালু  হরিলুট  নদের বাঁধ 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: