ফলমূল এখন বিলাসী পণ্যের
শামিল হয়ে উঠেছে। খাদ্য সবার মৌলিক অধিকার হলেও আর্থিক বাস্তবতায় ফলমূল
খাওয়ার অধিকার থেকে ক্রমেই ছিটকে পড়ছে নিম্ন ও মধ্যবিত্তরা। ছয় ঋতুর দেশে
সারা বছরই কম-বেশি দেশীয় ফল পাওয়া গেলেও উৎপাদন ঘাটতি, মৌসুম নির্ভরতা,
মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ও বিদেশি ফলের উচ্চ আমদানি ব্যয়ের কারণে
বাজারে ফলের দাম পৌঁছেছে সাধারণ মানুষের নাগালের বাইরে। দামের উচ্চ হারের
কারণে দৈনন্দিন খাদ্যতালিকায় ফল রাখা এখন উচ্চবিত্তের জন্যও যেন বিলাসিতা
হয়ে দাঁড়িয়েছে। আর শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের পাতে ফল জুটছে না
কোনোভাবেই।
রাজধানীর বাজারগুলো ঘুরে দেখা গেছে ফলের দামে আগুন
লেগেছে। বিক্রেতা ও ক্রেতাদের অভিজ্ঞতা বলছে, দৈনন্দিন পুষ্টির চাহিদা
মেটাতে ফল খাওয়া জরুরি হলেও উচ্চমূল্যের কারণে তা ক্রমেই মানুষের নাগালের
বাইরে চলে যাচ্ছে। অন্যদিকে আসন্ন রমজানকে কেন্দ্র করে আমদানি করা ফলের
শুল্ক কমানোর আলোচনা চলছে।
কিন্তু বিক্রেতারা বলছেন, সাধারণ
মানুষের কাছে এর সুফল পৌঁছবে না। লাভের গুড় খেয়ে নেবে পিঁপড়ে, অর্থাৎ
মধ্যস্বত্বভোগীদের পেটেই যাবে শুল্ক মওকুফের সব সুফল।
এ দেশে সারা
বছরই কম-বেশি দেশীয় ফল মিললেও তা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে রাজধানী
পর্যন্ত এসে বেড়ে যায় দাম। তারপরও সাধারণ মানুষ সেসব ফল কিনে খাওয়ার চেষ্টা
করে।
অন্যদিকে চাহিদা মেটাতে বাইরে থেকে আমদানি করা হয় অধিক
বিদেশি ফল। তবে বাণিজ্যিক চক্রাবর্তনে একের পর এক হাতবদলে বেড়ে যায় সেসব
ফলের দাম। এর ওপর রয়েছে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের প্রভাব। ফলে ইচ্ছে
থাকলেও খাওয়ার তালিকায় সেসব ফল রাখার সুযোগ হয় না শ্রমজীবীসহ
নিম্ন-মধ্যবিত্তদের। ফল এখন শুধু উচ্চবিত্তের খাবারের টেবিলে শোভা বাড়ায়।
রাজধানীর
কারওয়ান বাজারে দেখা যায়, নানা রকমের ফলের পসরা সাজিয়ে বসে আছেন
বিক্রেতারা। যেখানে প্রতি কেজি আপেলের দাম ৩৫০, কমলা ২৫০ কিংবা তার কিছু
বেশি, মাল্টা সর্বনিম্ন ২৫০, নাশপাতি ৩০০, আঙুর ৪০০, আনার ৪৫০ ও ড্রাগন
কেজি ৩০০ টাকা করে বিক্রি হচ্ছে। তবে বর্তমানে বাজারে কমদামি কমলা ও আপেল
দেখা গেছে, যা কেজিপ্রতি ২০০ টাকা করে পাওয়া যাচ্ছে। তবে এসব ফল
তুলনামূলকভাবে নিম্ন মানের। এসব বিদেশি ফল বেশির ভাগই রাজধানীর সদর ঘাটের
বাদামতলি থেকে পাইকারি হারে কিনে নিয়ে আসেন বিক্রেতারা।
কিন্তু ফলের দাম শুনে যেকোনো ক্রেতার নাভিশ্বাস ওঠে।
অবিশ্বাস্যরকম
উচ্চদামের কারণের বিষয়ে জানতে চাইলে কারওয়ান বাজারের আবদাল হোসেন নামের এক
বিক্রেতা বলেন, আড়তদাররা না কমালে আমরা কীভাবে দাম কমাব? ফল আমদানিতে বেশি
কর ও ডলারের দাম বেড়ে যাওয়ায় খরচ বেশি পড়ছে।
এ ছাড়া বাজারে কিছু
দেশি ফল থাকলেও সেগুলোর দামও অনেক চড়া। বলসুন্দরি ও আপেলকুল ছাড়াও দেশীয়
কিছু জাতের টক ও মিষ্টি বরই রয়েছে। তবে প্রায় সব জাতের বরই ১২০ টাকা কিংবা
তারও বেশি দাম। আর পেয়ারা ১২০ ও সফেদা ১২০ থেকে ১৫০ টাকা কেজিতে বিক্রি
হচ্ছে। ভালো মানের প্রতিটি আনারস বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। বাজারে
সবসময় থাকা পেয়ারা ও কলার দামও তুলনামূলকভাবে বেশি। কেজিপ্রতি ভালো পেঁপে
৮০ টাকা। এ ছাড়া সাগর কলা কুড়ি ২০০ থেকে ২৫০ আর ডজনপ্রতি সবরি ১২০, বাংলা
৮০ ও চাম্পাকলা ৭০ টাকা। এসব দেশি ফল দেশের চাঁপাইনবাবগঞ্জ, টাঙ্গাইল,
নরসিংদী, দিনাজপুর, রাজশাহী, খুলনা ও রাঙামাটিসহ বিভিন্ন জায়গা থেকে আসে
বলে জানান ব্যবসায়ীরা।
ইমাম হাসান নামের এক বিক্রেতা বলেন, বরইয়ের দামটা আরও কিছু দিন পর কমবে। সাপ্লাই কম থাকায় দেশীয় ফলের দাম কিছুটা বেশি পড়ে যাচ্ছে।
অন্যদিকে
বাজারে দেখা গেছে নন-সিজনাল কাঁঠাল ও তরমুজও। তবে সেসবের দাম অনেক চড়া।
দোকানিরা প্রতিটি মাঝারি সাইজের কাঁঠালের দাম চাইছেন ৮০০ টাকা। কেজিপ্রতি
১০০ টাকা দরে বড় সাইজের একটি তরমুজের দাম পড়ছে প্রায় ৮০০-১০০০ টাকা।
ফল
কিনতে আসা ইকরামুল হাসান নামের এক বেসরকারি চাকরিজীবী বলেন, বাচ্চাদের কথা
চিন্তা করে অল্প পরিমাণে হলেও ফল কিনতে হয়। কিন্তু যে দাম তাতে তো আঙুরের
দিকে নজরই দিতে পারছি না। ভ্যান থেকে কিছুটা কম দামে কমলা পেয়েছি। কোনো রকম
জীবন পার করতে পারলেই হলো!
দামের বিষয়ে জানতে চাইলে জাতীয় ভোক্তা
অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক ফারুক আহম্মেদ সময়ের আলোকে বলেন, এসব
ফলের দাম কমাতে সংশ্লিষ্ট দফতর কাজ করছে। এ ছাড়া মূল্য তালিকার বাইরে কেউ
বিক্রি করলে আমরা অ্যাকশন নিই। একই সঙ্গে বাজারে কোনো রকম অনিয়ম হলে অবশ্যই
ব্যবস্থা নেব।
অন্যদিকে আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষেও ফলের
দামে কমতির কোনো ইঙ্গিত না মেলায় অস্বস্তিতে রয়েছেন ক্রেতারা। তবে বাজার
স্থিতিশীল রাখতে এবং ফল সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে আপেল,
মাল্টা, নাশপাতি ও আঙুরজাতীয় তাজা ফলের সম্পূরক শুল্ক ও নিয়ন্ত্রণমূলক
শুল্ক কমানোর চিন্তাভাবনা করছে জাতীয় রাজস্ব বোর্ড।
সংশ্লিষ্ট
সূত্রে জানা যায়, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সুপারিশের আলোকে
এসব তাজা ফল আমদানিতে ২০ থেকে ৩০ শতাংশ শুল্ক কমানোর সম্ভাবনা রয়েছে। যদিও
কমিশন থেকে সব মিলিয়ে ৫০ শতাংশ শুল্ক কমানোর সুপারিশ করা হয়েছে।
সময়ের আলো/এসকে/