গ্রাস

সাহানা শিমু

লেটেস্ট মডেলের প্রাডো চালিয়ে, নীলাকে পাশে বসিয়ে ঢাকা থেকে কক্সবাজার এসেছে কবীর। সারাটা পথ নীলার পছন্দের গান বাজিয়েছে সিডি প্লেয়ারে।

2026-01-16T05:53:59+00:00
2026-01-16T05:53:59+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
গ্রাস
সাহানা শিমু
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৫:৫৩ এএম 
গ্রাফিক : সময়ের আলো
লেটেস্ট মডেলের প্রাডো চালিয়ে, নীলাকে পাশে বসিয়ে ঢাকা থেকে কক্সবাজার এসেছে কবীর। সারাটা পথ নীলার পছন্দের গান বাজিয়েছে সিডি প্লেয়ারে। মৌসুমী ভৌমিকের ‘সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথে নিও, নেবে তো আমায়!’

গানটি নীলার প্রিয় হওয়ার কারণে পুরো পথজুড়ে বেশ কয়েকবার ঘুরেফিরে শোনা হয়েছে। নীলা কবীরের আকণ্ঠ ভালোবাসায় বিলীন হতে হতে সমুদ্রের দেশে এসে পৌঁছেছে। হোটেলে পৌঁছাতে পৌঁছাতে সূর্য তার দিনান্তের কাজ শেষে বিদায়ের প্রস্তুতি নিচ্ছে।

কবীর তাড়া দিল, ‘তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, চলো সমুদ্র স্নানটা সেরে আসি।’
‘আজ আর সমুদ্র স্নানে যাব না, সূর্য ডুবে গেছে।’
‘সমুদ্রের এত কাছে এসে না নেমে থাকতে পারবে? সারা রাত তোমার ঘুম হবে?’
‘এখন সূর্য ডুবে গেছে, পানিতে নামতে ইচ্ছে হচ্ছে না। তার চেয়ে সমুদ্রের তীর থেকে ঘুরে আসি চলো। সকালে সমুদ্রে নামব, কেমন?’
‘না, না... এত লম্বা জার্নির পর, সমুদ্র স্নানের তুলনা হয় না। তুমি না করো না, চেঞ্জ করে নাও।’

আস্তে আস্তে হাল্কা অন্ধকার নীলাকে ঘিরে ফেলছে। কবীর হাত প্রসারিত করে বুকপানিতে দাঁড়িয়ে। প্রবল গর্জনে বিশাল বড় বড় ঢেউ আছড়ে পড়ছে কবীরের ওপর। কবীর অভিজ্ঞ সাঁতারুর মতো এক বিশেষ ভঙ্গিমায় আলিঙ্গন করছে ঢেউগুলোকে।

যেই মুহূর্তে কবীরের আহ্বানে সাড়া দিয়ে এগোতে যাবে, তখনই শুভর ভয়ার্ত চিৎকার শুনতে পেল নীলা।

‘মা যেও না, প্লিজ মা তুমি যেও না ওই লোকটার কাছে। পানিতে নেমো না, আমার কথা শোন মা। প্লিজ শোন! আজ তোমাকে একটা সত্যি কথা বলব। জানি না তুমি বিশ্বাস করবে কি না!’

‘মা, মাগো, আমি আত্মহত্যা করিনি। ওই যে লোকটা তোমাকে ডাকছে, সে আমায় খুন করেছে মা। তুমি তোমার অবস্থাপন্ন মা-বাবার একমাত্র মেয়ে হওয়াতে জীবনের ঘাত-প্রতিঘাত দেখনি। আমার বাবাও তোমাকে পুতুলের মতো আগলে রাখতেন। খুব অল্প বয়সে তোমার কোলজুড়ে আসি আমি। এরপর তো বাবা তোমাকে মাথায় রাখলে উঁকুনে খাবে, মাটিতে পিঁপড়ে সেই ভয়ে সবসময় আগলে রাখতেন। বিশাল ব্যবসা বাবার, তুমি তার কোনোই খবর রাখতে না। হঠাৎ করেই হার্ট অ্যাটাকে বাবা আমাদের ছেড়ে চিরতরে চলে গেলেন। আমার বয়স তখন কত হবে! সাত বছর মনে হয়। বাবার মৃত্যুর পর তুমি অকুল পাথারে পরলে। তখন বাবার আইনজীবী আহমেদ কবীর দেবদূত হয়ে এলো। তুমি চোখে সর্ষেফুল দেখছিলে তা থেকে তাৎক্ষণিক মুক্তি পেলে। মুক্তি কি এখনও মিলেছে! মেলেনি মা, অক্টোপাসের মতো তোমায় আটকে ফেলছে। সে বাবার বিষয়-আশয়, সম্পত্তি কোথায় কী আছে তা তোমাকে বুঝিয়ে দিতে লাগল। এগুলো কীভাবে ধরে রাখতে হবে সে কথাও বলত। এমন করে তুমিও বাবাকে হারানোর কষ্ট কাটিয়ে উঠতে লাগলে। এ পর্যন্ত খারাপ লাগেনি মা কিন্তু তুমি যখন ওই লোকটাকে দ্বিতীয় স্বামী হিসেবে বেছে নিলে, বিয়ে করে আমার বাবার গড়া বাড়িতে উঠালে, সে রাতে আমি একবিন্দু ঘুমাতে পারিনি, একবিন্দু নয়! আমার বাবার বিছানায় ওকে দেখে আমার মাথায় রক্ত চড়ত। কিন্তু কিছুই বলিনি। আমার বাবা তার স্বল্পপরিসর জীবনটায় শুধু দিয়েই গেলেন। এখন আছে শুধু মা, সেই মায়ের সুখের জন্য আমি স্বাভাবিকের চেয়েও স্বাভাবিক থাকার চেষ্টা করেছি। মা তুমি কি সেই আরাধ্য সুখ পেয়েছ!

তোমাদের বিয়ের পরপরই বাবার সব সম্পত্তি তোমার নামে লিখিয়ে নিল আহমেদ কবীর। আমার বয়স তখন মনে হয় দশ। আইনের ফাঁকফোকর খুব ভালো জানে সে। আইনের সাদা ও কালো দুটো দিক থাকে। সে কালো দিকটা নিয়ে কাজ করে। ক্রিমিনাল কেসগুলো নিয়ে কাজ করতে করতে তার মাথায় ক্রিমিনাল ব্যাপারগুলো খুব বেশি ঘোরাঘুরি করে। এ জন্যই হয়তো তার মধ্যে ক্রুয়েলিটি খুব বেশি।

মা, মাগো এ পৃথিবী ছেড়ে আমায় যেদিন চলে যেতে হলো সেদিন ছিল শুক্লপক্ষের রাত। রাতের আকাশ জ্যোৎস্নায় হাসছিল। চাঁদের দ্যুতিময় আলোর ছটায় নক্ষত্রগুলোকেও কেমন নিষ্প্রভ লাগছিল। সেই রাতে আমার মন খুব খারাপ ছিল। তিশার সঙ্গে আমার মতের অমিলের সময় যাচ্ছিল তখন। তুমি ভালো করেই জানো ওর সঙ্গে আমার মাঝেমধ্যেই কথাকাটাকাটি হয়, কথা বন্ধ হয়ে যায়। এর স্থায়িত্ব হয় দুই বা তিন দিন। তারপর যেকোনো একজন ফোন করেই মিলে যাই। সেই মেলাটা হতো খুবই আনন্দের। আর কথা বন্ধের দিনগুলোতে আমি তিশাকে চিঠি লিখতাম। তাতে নানা রকম না পাওয়ার কথা থাকত, অভিমান করে অনেক কথা তিশার উদ্দেশে লিখতাম। সেদিনও এ রকম একটা চিঠি লিখে ছাদে উঠে এসেছিলাম। ফকফকে জ্যোৎস্না। নিজের ছায়া দেখলেই যেন নিজের ভয় লাগে। সবকিছু দিনের মতো পরিষ্কার। আমি পূর্ব দিকের কার্নিশ যেটি বেশ চওড়া করে বানানো, তার ওপর বসেছিলাম। ছাদে উঠলে আমি সবসময় ওই জায়গাটাই বসতাম। ওটা আমার সবচেয়ে প্রিয় জায়গা ছিল। বসে আকাশের তারা দেখছিলাম। ছোটবেলায় বাবাকে খুঁজলেই তুমি তারা দেখাতে।

আমি এতটাই আত্মমগ্ন ছিলাম, না হলে কীভাবে এই দিনের মতো জ্যোৎস্নায় ওই জলজ্যান্ত মানুষটাকে দেখতে পেলাম না। হঠাৎ ষষ্ঠ ইন্দ্রিয়ের প্রভাবে একসময় মগ্নতা ভেদ করে বেরিয়ে এলাম। কিন্তু তখন বড্ড দেরি হয়ে গেছে। আমি তাকিয়ে কিছু বুঝে ওঠার আগেই ওই রক্তপিপাসু হায়েনার হাত দুটো আমাকে সজোরে ধাক্কা দেয়। তখন আমার ভূপাতিত হওয়া ছাড়া আর কোনো কিছু করার ছিল না। আমার মৃত্যুকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য আমার নিজ হাতে লেখা চিঠিটাই যথেষ্ট ছিল। তিশাকে উদ্দেশ করে লেখা চিঠিটা কোনো দিনই তিশার হাতে পৌঁছাত না। কিন্তু আমার মৃত্যুর পর শুধু তিশা কেন এ চিঠি শয়ে শয়ে ফটোকপি হয়ে ছড়িয়ে গেল আত্মীয়স্বজন, আমার অফিসের বস থেকে পিয়ন সবার হাতে। থানা পুলিশ, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া কেউ বাদ গেল না। সবাই জানল আমি প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করেছি। অনেকেই তিশাকে দুষলেও পোস্টমর্টেম করার কথা কেউ ভাবল না। কিন্তু মা তুমি আমায় চিনতে না? তুমি জানতে না তিশার সঙ্গে আমার মতের অমিল হলেই আমি কিছু হাবিজাবি কথা লিখতাম। তিশার দোষ খোঁজার চেষ্টা করতাম। সে চিঠি কোনো দিনই তিশাকে দিতাম না। আমার রাগ পরে গেলে চিঠিটা কুটিকুটি করে ছিঁড়ে ফেলতাম। মা, তোমার একবারও মনে হয়নি আমাকে কেউ হত্যা করেছে! কী ভীষণ বিশ্বাস নিয়ে তুমি বসবাস করছ! ওই লোকটি কি তোমার বিশ্বাসের মূল্য দিয়েছে কখনো! তোমার নিজ হাতে গড়া ঘরটা মাঝেমধ্যে কেঁপে কেঁপে ওঠে না মা! পতনের আওয়াজ শুনতে পাও না! বোধগুলোকে তুমি অবশ করে রাখ। অবশ করে রাখলেই অনিবার্য পতন ঠেকাতে পারবে মা!

ওই লোকটার মোবাইল দিনে-রাতে বেজে ওঠে। ফিস ফিস করে কথা বলা। এক বিশেষ শব্দে এসএমএস দেওয়া-নেওয়া। তার শরীরে বিজাতীয় পারফিউমের সুবাস। এমনকি শার্টে লিপস্টিকের দাগ এগুলো দেখে অনুযোগ করার চেষ্টা করে কি সফল হয়েছ মা!  না, পাকা খেলোয়াড়ের মতো এত নিপুণ ভালোবাসায় ডুবাত তোমায় যে তুমি ভাবতেই পারতে না তুমি ছাড়া দ্বিতীয় কোনো নারী তার জীবনে আছে। ওরই আন্ডারে আইন প্র্যাকটিস করতে আসা নতুন মেয়েটা, হয়তো আমারই কাছাকাছি বয়স। সেই মেয়েটার সঙ্গেই চলছে তার গোপন অভিসার। মা তুমি জাগো, চোখ খোল। ওঠ, মা ওঠ।

আজ ওই লোকটা পরম ভালোবাসায় তোমার প্রিয় প্রিয় গান শুনিয়ে সমুদ্রের কাছে এনেছে। ও জানে সমুদ্রে নামলে তুমি প্রচণ্ড মাতামাতি করো, পাগলামি করো। ও সেই সুযোগটাই নেবে মা। তোমাকে সমুদ্র স্নানে এনে আমার মতোই কোনো প্রমাণ না রেখে হত্যা করবে মা। তোমার নামেই তো সব ব্যবসা, মিল-কারখানা। প্রতিদিন তোমাকে কত জায়গায় দস্তখত করতে হয়। সবকিছুই পড়ে, দেখে সাইন করা সম্ভব হয় না। আর পড়ার দরকারই বা কি! তোমার রয়েছে অগাধ বিশ্বাস! আর এই সুযোগটাই কাজে লাগিয়েছে তোমার ধূর্ত স্বামী।

এমন একটা দলিল সাইন করিয়ে নিয়েছে যে তোমার মৃত্যুর পর তোমার সব স্থাবর-অস্থাবর সম্পত্তির মালিক হবে তোমার বর্তমান স্বামী আহমেদ কবীর এলএলবি।

মা আমার বাঁচার খুব ইচ্ছে ছিল। অবশ্য অনেক বছর আগে মরার কথা ভেবেছিলাম। যখন আমার বয়স দশ বছর, তুমি ঘরে নতুন বাবা এনে উঠালে তখন। আমার দম বন্ধ হয়ে আসত, ওই লোকটাকে অসহ্য লাগত এবং তোমাকেও। দূরে কোথাও যেতে ইচ্ছে হতো যেখানে ওই লোকটাকে দেখতে হবে না। তখন মরে যেতে খুব ইচ্ছে হতো। এরপর আমি সেই সমস্যাটা থেকে মুক্ত হতে পেরেছিলাম। আর আমি যখন মারা গেলাম তখন তেইশ বছরের পূর্ণ যুবক ছিলাম। আমি মরতে চাইব কেন? তিশা নামের সুন্দর মনের একটা মেয়ে যার প্রতীক্ষায় প্রহর গুনে, ভালোবাসার হাত বাড়িয়ে অপেক্ষা করে। সে কেন আত্মহননের পথ বেছে নেবে? মা তুমি পানি থেকে উঠে যাও। ওই যে লোকটা এগিয়ে আসছে। মা, মাগো আমার কথা তুমি শুনতে পাচ্ছ না মা, মা মাগো।

‘নীল, নীলা, নীলকান্ত মণি আমার, এসো। ভয় পাচ্ছ? সাঁতার জানো না তাই ভয়? এর আগে এসেছ না? ভয়ের কী আছে, আমি আছি না? এসো। ও বুঝেছি তুমি নিজে থেকে আসবে না। তোমাকে কোলে করে আনতে হবে...
‘না আমি সমুদ্র স্নান করব না। আমি সমুদ্রে নামতে চাই না...!’
শব্দগুলো ধ্বনিত-প্রতিধ্বনিত হয়ে ইথারে ইথারে কান্নার মতো ফিরে ফিরে এলো!

সময়ের আলো/এসকে/ 




  বিষয়:   গ্রাস  সাহিত্য  সাহানা শিমু 


Advertisement
Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: