নাজিম হিকমত : বেঁচে থাকা এক ধরনের সাহস

শাহেদ কায়েস

বিশ শতকের আধুনিক কবিতায় নাজিম হিকমত এমন এক ব্যতিক্রমী কবি, যার কবিতায় বিপ্লব ও প্রেম দ্বান্দ্বিক সম্পর্কের মাধ্যমে একে অন্যকে

2026-01-16T05:55:48+00:00
2026-01-16T05:55:48+00:00
 
  শনিবার, ৮ আগস্ট ২০২৬,
২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ৮ আগস্ট ২০২৬
নাজিম হিকমত : বেঁচে থাকা এক ধরনের সাহস
শাহেদ কায়েস
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৫:৫৫ এএম 
গ্রাফিক : সময়ের আলো
বিশ শতকের আধুনিক কবিতায় নাজিম হিকমত এমন এক ব্যতিক্রমী কবি, যার কবিতায় বিপ্লব ও প্রেম দ্বান্দ্বিক সম্পর্কের মাধ্যমে একে অন্যকে অর্থবহ করে তোলে। তিনি বিশ্বাস করতেন, বিপ্লব যদি মানবিক না হয়, তবে তা নিছক ক্ষমতার রদবদল ছাড়া আর কিছুই নয়। আর প্রেম যদি সামাজিক বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়, তবে তা আত্মমগ্ন আবেগমাত্র। এই দৃষ্টিভঙ্গি তাকে কেবল বিপ্লবী কবি বা প্রেমের কবি নয়- একজন দার্শনিক কবি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

নাজিম হিকমতের কবিতা বিশ্লেষণ করতে গেলে আমাদের একযোগে মার্কসবাদী সাহিত্যতত্ত্ব, রোমান্টিক মানবতাবাদ এবং আধুনিকতাবাদী আঙ্গিক চেতনা- এই তিনটি পরিসরের দিকে তাকাতে হয়।

মার্কসবাদী সাহিত্যতত্ত্ব অনুযায়ী সাহিত্য কোনো নিরপেক্ষ শিল্প নয়। এটি সমাজের শ্রেণি-সংঘাত, উৎপাদন সম্পর্ক ও ক্ষমতার কাঠামোর সঙ্গে যুক্ত। নাজিম হিকমতের কবিতা এই তত্ত্বের এক উজ্জ্বল বাস্তবায়ন। তিনি কবিতাকে ব্যবহার করেছেন শ্রেণি সচেতনতা তৈরির হাতিয়ার হিসেবে।

তার বিখ্যাত পঙ্ক্তি-
‘আমি জানি
সবচেয়ে সুন্দর সমুদ্র
এখনও আমরা পার হইনি।’

এই পঙ্ক্তি মার্কসবাদী ঐতিহাসিক আশাবাদের কাব্যিক রূপ। এখানে ‘সমুদ্র’ হলো শ্রেণিহীন সমাজের প্রতীক- যেখানে মানুষ মানুষকে শোষণ করবে না। বর্তমান বাস্তবতা যতই দমনমূলক হোক, ইতিহাস শেষ হয়ে যায়নি- এ বিশ্বাসই বিপ্লবী চেতনার মূল।

মার্কসবাদী দৃষ্টিতে নাজিম হিকমতের কবিতা ব্যক্তিকেন্দ্রিক নয়, গণকেন্দ্রিক। তার কবিতায় নায়ক রাজা বা বীর কিংবা এলিট শ্রেণি নন; বরং শ্রমিক,
কৃষক ও সাধারণ মানুষ। তার লেখা কবিতা-
প্রমিথিয়ুসের ডাক, শয়তানদের জন্য যেন না মরি, ছাপ, না ধরানো সিগারেটসহ অসংখ্য কবিতা মূলত একেকটি প্রলেতারীয় মহাকাব্য, যেখানে ইতিহাস নিচের দিক থেকে লেখা হয়েছে।

রাষ্ট্র, ক্ষমতা ও কবির অবস্থান- এই প্রশ্নে নাজিম হিকমতের কবিতা এক সুস্পষ্ট প্রতিরোধী অবস্থান গ্রহণ করে। মিশেল ফুকোর ক্ষমতাতত্ত্ব অনুসারে রাষ্ট্র কেবল আইন, পুলিশ বা কারাগারের মাধ্যমে ক্ষমতা প্রয়োগ করে না; রাষ্ট্র ভাষা, জ্ঞান ও বয়ানের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেই ক্ষমতাকে টিকিয়ে রাখে। কোন কথা বলা যাবে, কোন সত্য গ্রহণযোগ্য- এ সিদ্ধান্ত রাষ্ট্রই নির্ধারণ করতে চায়। নাজিম হিকমতের কবিতা এই নিয়ন্ত্রিত ভাষার বিরুদ্ধেই এক বিকল্প মানবিক বয়ান নির্মাণ করে।

তিনি বলেন-
‘তারা আমাকে শৃঙ্খলিত করতে পারে,
কিন্তু আমার কণ্ঠস্বরকে নয়।’

এই উচ্চারণে কবি নিজেকে রাষ্ট্রের ক্ষমতা কাঠামোর বাইরে স্থাপন করেন। শারীরিক বন্দিত্ব এখানে চূড়ান্ত নয়; ভাষা ও চেতনার স্বাধীনতাই আসল মুক্তি। হিকমতের কাছে কবিতা কেবল সৌন্দর্যের অনুশীলন নয়, বরং সত্য বলার নৈতিক দায়িত্ব।

এ কারণেই তিনি নিছক একজন সাহিত্যিক নন; তিনি একজন মহাকালের কণ্ঠ- যিনি ক্ষমতার মুখোমুখি দাঁড়িয়ে মানুষের অভিজ্ঞতা, বেদনা ও স্বপ্নকে ভাষা দেন। রাষ্ট্র যেখানে শাসকের ভাষা চাপিয়ে দিতে চায়, সেখানে তার কবিতা হয়ে ওঠে নিপীড়িত মানুষের ভাষা। এই প্রতিরোধী অবস্থানেই নাজিম হিকমতের কবিতা রাজনৈতিক, মানবিক ও ঐতিহাসিক গুরুত্ব লাভ করে।

আধুনিকতাবাদ ও কাব্যরীতির ভাঙচুর তার কবিতাকে তুর্কি সাহিত্যের এক যুগান্তকারী বাঁকে দাঁড় করিয়েছে। তিনি তুর্কি কবিতায় মুক্তছন্দ প্রবর্তনের অন্যতম পথিকৃৎ, কিন্তু এই মুক্তছন্দ কেবল শৈল্পিক পরীক্ষা নয়- এটি ছিল এক গভীর রাজনৈতিক ও সামাজিক অবস্থান। আধুনিকতাবাদী কবিতার মূল বৈশিষ্ট্য যেমন ছন্দ, অলংকার ও প্রথাগত কাঠামোর ভাঙন, নাজিম হিকমতের কবিতায় তা পরিণত হয়েছে বিদ্রোহের ভাষায়।

ছন্দ ভাঙার মধ্য দিয়ে তিনি আসলে ঘোষণা করেন- যে সমাজ শোষণ, বৈষম্য ও নিপীড়নের ওপর দাঁড়িয়ে আছে, সেই সমাজব্যবস্থাকেও ভাঙতে হবে। পুরোনো কাব্যরীতি যেমন অভিজাত শ্রেণির স্বাদ ও দৃষ্টিভঙ্গিকে ধারণ করত, তেমনি পুরোনো সমাজব্যবস্থাও সাধারণ মানুষের কণ্ঠস্বরকে চাপা দিত। এই দুইয়ের বিরুদ্ধেই ছিল তার কাব্যিক বিদ্রোহ।

নাজিম হিকমতের কবিতার ভাষা তাই সরল, কথ্য ও প্রত্যক্ষ। এই ভাষা পাঠককে দূরে সরিয়ে রাখে না, বরং কবিতাকে নামিয়ে আনে রাস্তায়, কারখানায়, কারাগারে ও শ্রমজীবী মানুষের দৈনন্দিন জীবনে। এই কাব্যভাষা এলিট সাহিত্যিক পরিসর ভেঙে সাধারণ মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করে। এখানেই তার আধুনিকতাবাদ মার্কসবাদী নন্দনতত্ত্বের সঙ্গে যুক্ত হয়- যেখানে শিল্প কেবল সৌন্দর্যের অনুশীলন নয়, বরং সামাজিক পরিবর্তনের হাতিয়ার। এ কারণেই নাজিম হিকমত আধুনিক কবিতার ইতিহাসে এক বিপ্লবী নাম।

নাজিম হিকমতের প্রেমের কবিতাগুলোকে নিছক রোমান্টিক কবিতা ভাবা ভুল হবে। আসলে তার প্রেমের কবিতা রোমান্টিক মানবতাবাদ দ্বারা প্রভাবিত হলেও তা ব্যক্তিকেন্দ্রিক নয়।
তিনি লিখেছেন-
‘আমি তোমাকে ভালোবাসি
রুটি আর লবণের মতো।’

রুটি এখানে শ্রমের ফল। ফলে প্রেমও শ্রমজীবী মানুষের জীবনের মতো বাস্তব। এই প্রেম ভোগবাদী নয়, অস্তিত্ববাদী। এর মাধ্যমে কবি প্রেমকে দৈনন্দিন জীবনের নৈতিক শক্তিতে রূপ দেন।
হেগেলীয় দ্বান্দ্বিকতায় বিপরীত শক্তি সংঘর্ষের মাধ্যমে নতুন সংশ্লেষ তৈরি করে। নাজিম হিকমতের কবিতায় প্রেম ও বিপ্লব সেই দ্বান্দ্বিকতার অংশ।

তার কবিতায় সেই বিষয়টিই প্রতিফলিত হয়-
‘আমার হৃদয়...
এক হাতে বন্দুক,
অন্য হাতে গোলাপ।’
এই চিত্রকল্পে বন্দুক (সংগ্রাম) ও গোলাপ (প্রেম) বিরোধী নয়, বরং পরস্পরনির্ভর। এখানে কবি বলছেন-
‘প্রেম ছাড়া বিপ্লব নিষ্ঠুর
বিপ্লব ছাড়া প্রেম আত্মকেন্দ্রিক।’

এই দৃষ্টিভঙ্গি তাকে সহিংস বিপ্লবের রোমান্টিকতা থেকে আলাদা করে।

নাজিম হিকমতের কারাগারের কবিতাগুলো সাহিত্যতাত্ত্বিকভাবে কার্সেরাল লিটারেচারের অন্তর্ভুক্ত। এখানে প্রেম একটি রাজনৈতিক শক্তিতে পরিণত হয়।
তার অন্য আরেকটি কবিতার পঙ্ক্তি-
‘আমার প্রিয়,
তুমি জানো না
অপেক্ষা কতটা বিপ্লবী।’

অপেক্ষা এখানে নিষ্ক্রিয়তা নয়, এটি রাষ্ট্রের সময়- নিয়ন্ত্রণের বিরুদ্ধে একটি প্রতিরোধ। ভালোবাসা কবিকে টিকে থাকার শক্তি দেয়- এটি একটি কার্যকরী রেজিস্ট্রেন্স।

নাজিম হিকমতের মানবতাবাদ ও বিশ্বচেতনা তার কবিতার অন্যতম মৌলিক ভিত্তি। তিনি কোনো সংকীর্ণ জাতীয়তাবাদের কবি নন; তার কণ্ঠস্বর সীমান্ত অতিক্রম করে পৌঁছে যায় মানুষের সর্বজনীন বেদনা ও স্বপ্নের কাছে। হিকমতের কাছে মানুষই মুখ্য- তার পরিচয়, ধর্ম, জাতি বা ভূগোল নয়। তিনি শিশুদের চোখে ভবিষ্যৎ দেখেন, শ্রমজীবী মানুষের ঘামে ইতিহাসের ভাষা খোঁজেন, আবার অচেনা মানুষের মধ্যেও আপনজনের স্পর্শ অনুভব করেন।
তিনি বলেন-
‘আমি জীবনকে ভালোবাসি
কারণ আমি মানুষকে ভালোবাসি।’

এই উচ্চারণ কেবল ব্যক্তিগত অনুভূতি নয়, এটি একটি দার্শনিক অবস্থান। জীবনের প্রতি ভালোবাসা তার কাছে মানুষের প্রতি দায়বদ্ধতারই অন্য নাম। যুদ্ধ, দারিদ্র্য, নিপীড়ন ও কারাবাস- এসব অভিজ্ঞতার মধ্য দিয়েও তার মানবপ্রেম ক্ষয়প্রাপ্ত হয়নি, বরং আরও বিস্তৃত ও দৃঢ় হয়েছে।

তার কবিতায় বিশ্বচেতনা কোনো বিমূর্ত ধারণা নয়, বরং সক্রিয় নৈতিকতা। তিনি বিশ্বাস করেন, পৃথিবীর যেকোনো প্রান্তের মানুষের দুঃখ পরস্পরের সঙ্গে যুক্ত। তাই তার কবিতায় তুরস্কের মানুষ যেমন কথা বলে, তেমনি কথা বলে পৃথিবীর সব নিপীড়িত মানুষ। এ মানবতাবাদই নাজিম হিকমতকে কেবল একটি দেশের কবি নয়, বিশ্বসাহিত্যের কবি করে তুলেছে।

নাজিম হিকমতের আশাবাদ কোনো সরল আশাবাদ নয়। এটি একটি নৈতিক অবস্থান।

তিনি লেখেন-
‘সবচেয়ে সুন্দর দিনগুলো
এখনও আসেনি।’

এটি ইতিহাসে বিশ্বাস রাখার ঘোষণা। আধুনিক হতাশাবাদের বিপরীতে নাজিম হিকমত বলেন, মানুষ এখনও হাল ছাড়েনি।

নাজিম হিকমতের কবিতায় বিপ্লব ও প্রেম কোনো আলাদা প্রবাহ নয়। তারা একই নদীর দুই তীর। তার কবিতা আমাদের স্মরণ করিয়ে দেয়- প্রেম ছাড়া মুক্তি অসম্পূর্ণ আর মানবিকতা ছাড়া বিপ্লব বিপজ্জনক।

সাহিত্যতাত্ত্বিক দৃষ্টিতে নাজিম হিকমত হলেন একজন মার্ক্সবাদী কবি, কিন্তু প্রচারমূলক নন। তিনি প্রেমের কবি, কিন্তু আত্মকেন্দ্রিক নন। তিনি আধুনিক কবি, কিন্তু মানববিচ্ছিন্ন নন। এ সমন্বয়ই তাকে কালজয়ী করেছে। তাই আজও তার কবিতা আমাদের বলে-
‘বেঁচে থাকা
এক ধরনের সাহস।’

এ সাহসই নাজিম হিকমতের কবিতার চূড়ান্ত বিপ্লব।

সময়ের আলো/এসকে/ 




  বিষয়:   নাজিম হিকমত  সাহস 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: