নতুন দুটি নাটকে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। এর মধ্যে দয়াল সাহার রচনায় ‘ঝগড়ার হোটেল’ নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। এতে হাস্যরসের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারের বাস্তবতার চিত্র তুলে ধরা হয়েছে। নাটকটিতে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। সম্প্রতি শেষ হয়েছে এর শুটিং। নাটকটি আগামী ঈদে প্রচারিত হবে। অন্যদিকে একই রচয়িতার রচনায় সকাল আহমেদ নির্মাণ করেছেন ‘মিস্টার লুই’। শুটিং হয়েছে পূবাইলে। কমেডি ঘরানার এই নাটকেও মোশাররফ করিমের সঙ্গে জুটি বেঁধেছেন তানিয়া। এতে আরও অভিনয় করেছেন ফারজানা ছবি, জাবেদ গাজী, পংকজ মজুমদার প্রমুখ। এটিও ঈদের জন্য নির্মিত হয়েছে বলে জানা গেছে। নাটক দুটি নিয়ে তানিয়া বৃষ্টি বলেন, নাটকের গল্পগুলো সমসাময়িক। কাজ করে ভালো লেগেছে। এর আগেও মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে অনেক কাজ করেছি। সেগুলো থেকে দর্শকের সাড়া পেয়েছি। সেই ধারাবাহিকতায় নতুন বছরেও আমরা একসঙ্গে কাজ করছি। এর মধ্যে ‘ঝগড়ার হোটেল’ ও ‘মিস্টার লুই’ নাটক দুটির শুটিং শেষ করেছি। আশা করছি এই দুটি নাটকও সবার ভালো লাগবে।
সম্প্রতি প্রচারে এসেছে তানিয়া বৃষ্টি অভিনীত নতুন নাটক ‘সাইফুল লাইব্রেরী’। প্রচলিত ঘরানার বাইরে থাকা গল্পের কারণে নাটকটি আলাদা করে দর্শকের নজর কেড়েছে। এতে তানিয়া বৃষ্টির বিপরীতে অভিনয় করেছেন খায়রুল বাসার। এর আগে সর্বশেষ এ দুই শিল্পী সাগর জাহানের নির্দেশনায় ‘চাবিওয়ালা’ নাটকে একসঙ্গে অভিনয় করেছিলেন।
২০১৫ সালে অভিনয়ের জগতে পা রাখেন তানিয়া। এই এক দশকে তার অভিনয়ের পরিধি ছুঁয়েছে বিভিন্ন ধরনের চরিত্র। নরম-কোমল প্রেমিকা, প্রতিবাদী নারী, প্রান্তিক জনপদের নারী, পরিবারের দায়িত্বশীল কন্যা কিংবা ক্ষতবিক্ষত হৃদয়ের গল্প বলা এক মানুষ। প্রতিটি ভূমিকায় তিনি নিজেকে ভেঙে গড়েছেন, প্রতিবার যেন নতুন এক তানিয়া বৃষ্টিকে খুঁজে পাওয়া গেছে। গত বছরে তার নাটকগুলো প্রশংসিত হয়েছে।
নাটকের বাইরে নতুন বছরে সিনেমা নিয়ে আসছেন তানিয়া বৃষ্টি। আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ট্রাইব্যুনালে অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় নতুনভাবে হাজির হতে যাচ্ছেন তিনি। এ সিনেমা ঘিরে তানিয়া বৃষ্টির মধ্যে রয়েছে আলাদা এক রোমাঞ্চ ও প্রত্যাশা।
এএডি/