খুলনার খালিশপুরে বেসরকারি নার্সিং ইনস্টিটিউটের হোস্টেল থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রেহেনা আক্তার পিএইচডি মিডওয়াইফারি নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। তার বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলায়।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে খুলনা নগরীর মুজগুন্নি আবাসিক এলাকায় ইনস্টিটিউটের ছাত্রী হোস্টেল থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইনস্টিটিউট কর্তৃপক্ষ জানিয়েছেন, রেহেনা আক্তার নতুন শিক্ষার্থী ছিলেন। শুক্রবার বিকেলে অসুস্থ অবস্থায় সহপাঠীরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খালিশপুর থানার (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, ঘটনাটি আত্মহত্যা কি না তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ঘটনাস্থল থেকে নিহত ছাত্রীর মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে, যা বর্তমানে ‘লক’ করা রয়েছে।
তিনি আরও বলেন, ফোনটি খুলে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। পাশাপাশি অন্যান্য আলামত সংগ্রহ করা হয়েছে।
সময়ের আলো/আআ