চট্টগ্রামের বোয়ালখালীতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ সালাহউদ্দিন রুমি (৫১) ও সাইফুল ইসলাম বাপ্পি (৫৬) নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। গ্রেফতার দুজনের নামে থানায় একাধিক মামলা আছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার বেঙ্গুরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বেঙ্গুরা এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে রুমি ও সাইফুলের কাছ থেকে চারটি বিদেশি শটগান, দুটি বিদেশি পিস্তল, ১৩ রাউন্ড গুলি এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। অভিযান টের পেয়ে সন্ত্রাসীরা পুকুরে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিক দ্রুত চারদিক থেকে ঘিরে ফেলায় তারা পালাতে পারেননি।
জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, চারটি ভিন্ন স্থানে অস্ত্র ও গোলাবারুদ লুকিয়ে রেখেছেন। পরে তাদের দেখানো স্থান থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
বোয়ালখালী সেনা ক্যাম্পের কমান্ডার মেজর মো. রাসেল বলেন, রুমির বিরুদ্ধে অস্ত্র মামলাসহ ছয়টি এবং সাইফুলের বিরুদ্ধে চারটি মামলা আছে। তারা অতীতে বিভিন্ন সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
তিনি আরও বলেন, তারা দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরি করে চট্টগ্রামের বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর কাছে বিক্রি করতেন। অভিযান শেষে মালামালসহ গ্রেফতার দুজনকে আইনি প্রক্রিয়ার জন্য থানায় সোপর্দ করা হয়েছে।
সময়ের আলো/আআ