শেষ হলো গার্মেন্টস অ্যাক্সেসরিজ মেলা

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শেষ হলো ‘গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং এক্সপো (গ্যাপেক্সপো)-২০২৬’। শনিবার (১৭ জানুয়ারি) আইসিসিবির পুষ্পগুচ্ছ হলে

2026-01-17T22:14:20+00:00
2026-01-17T22:14:20+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
অর্থনীতি
শেষ হলো গার্মেন্টস অ্যাক্সেসরিজ মেলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ১০:১৪ পিএম   (ভিজিট : ১০৪)
সংগৃহীত ছবি
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শেষ হলো ‘গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং এক্সপো (গ্যাপেক্সপো)-২০২৬’। শনিবার (১৭ জানুয়ারি) আইসিসিবির পুষ্পগুচ্ছ হলে বিজিএপিএমইএ আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণের মাধ্যমে এ প্রদর্শনী শেষ হয়। 

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক বাণিজ্য ও স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন সভাপতি ফজলে শামিম এহসান এবং বিজিএপিএমইএর সাবেক সভাপতি ও উপদেষ্টা মোহাম্মদ হোসেন মতি। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) সভাপতি সভাপতি মো. শাহরিয়ার। 

অনুষ্ঠানে প্রধান অতিথি এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেন, ‘দেশের প্রধান রফতানি পণ্য পোশাক খাতের ব্যাকওয়ার্ড লিংকেজ হিসেবে গত অর্থবছরে রফতানি ছিল ৭ দশমিক ৪৫ বিলিয়ন মার্কিন ডলার। সঠিক সুযোগ পেলে এটি পোশাক খাতকেও ছাড়িয়ে যেতে পারে। ভবিষ্যতে সুযোগ পেলে এই খাতের সমস্যা সমাধানে কাজ করব।’ 

বিজিএপিএমইএ সভাপতি মো. শাহরিয়ার বলেন, ‘অর্থ পাচারকারী দুর্নীতিবাজরা ব্যবসায়ী সেজে ব্যাংক থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। প্রকৃত ব্যবসায়ীরা কখনো দেশের টাকা লুট করতে পারে না।’ 


বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন সভাপতি ফজলে শামীম এহসান বলেন, ‘এই সেক্টরটি বাংলাদেশের অন্যতম ‘আন্ডাররেটেড’ সেক্টর হলেও এটি দ্বিতীয় বৃহত্তম রফতানির খাত। কাঁচামাল আমদানি করে উল্টো রফতানি করা আমাদের সক্ষমতার প্রমাণ করে। আমাদের ব্যবসা-বাণিজ্য গত এক বছর খারাপ অবস্থায় গেছে। আগামীতে আমাদের একটি স্থিতিশীল ও বিদেশিদের কাছে আস্থাভাজন গণতান্ত্রিক সরকার প্রয়োজন, যাতে অর্থনীতি ও বিনিয়োগ ত্বরান্বিত হয়।’ 

বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, ‘আমরা এখন প্যাকেজিং ও অ্যাক্সেসরিজে স্বয়ংসম্পূর্ণ। কিন্তু কিছু পলিসি আমাদের ধ্বংস করার চেষ্টা করছে। ‘ফ্রি অব কস্ট’ আমদানির সুবিধা ১০০ শতাংশ করে দেওয়া হয়েছে। আমরা আলোচনা করে সেটা কমিয়েছি। সব যদি দেশের বাইরে থেকেই আসে, তবে আমাদের কারখানা তো চলবে না। আমাদের স্বয়ংসম্পূর্ণতা বাড়াতে হবে।’ 

রফতানি বাণিজ্যকে বহুমুখীকরণ ও সম্প্রসারণের লক্ষ্যে বিজিএপিএমইএ অন্যান্য বছরের মতো এবারও আয়োজন করে ১৫তম গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং এক্সপো (গ্যাপেক্সপো) ২০২৬। চার দিনব্যাপী এ আন্তর্জাতিক শিল্পমেলা অনুষ্ঠিত হয় ১৪ থেকে ১৭ জানুয়ারি। 

এ বছর গ্যাপেক্সপোতে বিজিএপিএমইএর সদস্য ও অ-সদস্য মিলিয়ে ৩৫০টি প্রতিষ্ঠান ১৫০০টি স্টলে অংশ নেয়। ভারত, চীন, পাকিস্তান, তাইওয়ান, অস্ট্রেলিয়া, জার্মানি ও দুবাইসহ বিভিন্ন দেশের কোম্পানিগুলো মেলায় অংশগ্রহণ করে।

আয়োজকরা জানান, মেলায় গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং শিল্পের মেশিনারিজ, কাঁচামাল এবং দেশীয়ভাবে উৎপাদিত পণ্য প্রদর্শন করা হয়। আয়োজকদের মতে, মেলাটি লক্ষাধিক দর্শনার্থী পরিদর্শন করেছেন, যা ক্রেতা ও বিক্রেতার মধ্যে কার্যকর সংযোগ তৈরি করেছে। সমাপনী দিনে মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে ৮টি স্টলকে ‘সেরা স্টল’ হিসেবে নির্বাচিত করে ক্রেস্ট প্রদান করা হয়। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   গার্মেন্টস  অ্যাক্সেসরিজ  মেলা 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: