রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত হরর-কমেডি সিনেমা ‘স্ত্রী ২’-এর ঝড় তোলা গান ‘আজ কি রাত’। গানটিতে ভিন্ন মাত্রার নাচের দৃশ্যে দর্শকদের নজর কেড়েছেন তামান্না ভাটিয়া। মুক্তির পরপরই গানটি ৫০০ মিলিয়নের বেশি ভিউ অর্জন করেছিল। এবার ইউটিউবে এক বিলিয়ন অর্থাৎ ১০০ কোটি ভিউ অতিক্রম করে নতুন রেকর্ড গড়ল গানটি। এ সাফল্যে ভক্ত-অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ প্রকাশ করেছেন তামান্না।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম উচ্ছ্বাস প্রকাশ করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘প্রথম ভিউ থেকে এক বিলিয়ন ভিউ সব ভালোবাসার জন্য ধন্যবাদ।’ সেই সঙ্গে ইনস্টাগ্রামে শুটিংয়ের কিছু অদেখা ভিডিও শেয়ার করেছেন তামান্না ভাটিয়া। সেই ভিডিওতে দেখা যায়, কোরিওগ্রাফার বিজয় গাঙ্গুলিও টিমের সঙ্গে মনিটরে নিজের নাচ দেখছেন অভিনেত্রী। সেখানে বিজয় গাঙ্গুলি শটটির প্রশংসা করলে মজা করে তামান্না ভাটিয়া বলেন, ‘না!’ আরেকটি ক্লিপে তামান্নার সঙ্গে নাচতে দেখা যায় পঙ্কজ ত্রিপাঠী, রাজকুমার রাও, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অপরশক্তি খুরানাকে।
‘স্ত্রী ২’ সিনেমায় গানটিতে প্লেব্যাক করেছিলেন মাধুবন্তী বাগচী ও দিব্য কুমার। কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য, সুর করেছেন জনপ্রিয় জুটি শচিন-জিগর। সিনেমাটির পরিচালক অমর কৌশিকের ‘স্ত্রী ২’ সিনেমা আরও অভিনয় করেন পঙ্কজ ত্রিপাঠী, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অপরশক্তি খুরানা। ২০২৪ সালে সিনেমাটি প্রায় ৯০০ কোটি রুপি আয় করে বছরের অন্যতম বড় বাণিজ্যিক সাফল্য হয়ে ওঠে। এর আগে এক সাক্ষাৎকারে তামান্না মজার অভিজ্ঞতার কথাও শেয়ার করে বলেছিলেন, অনেক মা তাকে বলেছেন এই গান না চললে তাদের সন্তান খাবার খেতে চায় না।
শিশুরা গানের কথা বোঝে না, কিন্তু সুরটা তারা খুব উপভোগ করে। র্তমানে তামান্না ভাটিয়া প্রস্তুতি নিচ্ছেন ‘ভিভিএএন : ফোর্স অব দ্য ফরেস্ট’ সিনেমার জন্য। দীপক মিশ্র ও অরুণাভ কুমার পরিচালিত এই পৌরাণিক আবহের থ্রিলারে তার বিপরীতে থাকছেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে আগামী ১৫ মে।