শেরপুরের নকলায় পারিবারিক কলহের জেরে ছয় বছর বয়সী কন্যা শিশুকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। চার বছর বয়সী আরও এক কন্যাশিশু আহত হয়েছে বলে জানা গেছে।
রোববার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের চরবসন্তী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত বাবা বাবু মিয়াকে গ্রেফতার করেছে নকলা থানা পুলিশ।
নিহত শিশুর নাম মরিয়ম ও আহত শিশুর নাম মীম। মীম বর্তমানে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ জানায়, চরবসন্তী এলাকার বাবু মিয়া ও তার স্ত্রী হাসিনার মাঝে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। একপর্যায়ে হাসিনা বাবার বাড়ি চলে গেলে বাবু মিয়া দুই সন্তানকে নিয়ে ঢাকায় অবস্থান করছিল। সম্প্রতি নকলায় গ্রামের বাড়ি আসে। রোববার সকালে আকস্মিক বড় মেয়ে মরিয়মকে গলা টিপে হত্যা করে বাবু মিয়া। এরপর ছোট মেয়ে মীমকেও হত্যার চেষ্টা করলে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে বাবুকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
পরে গুরুতর আহত অবস্থায় মীমকে উদ্ধার করে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে পুলিশের সহায়তায় শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপ বলেন, ‘প্রাথমিকভাবে পারিবারিক কলহের বিষয়ে এমন ঘটনা ঘটেছে বলে জানা গেছে। অভিযুক্ত বাবা বাবু মিয়াকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
সময়ের আলো/কেএইচও