রাস্তায় ফের হেনস্তার শিকার হলেন ভারতীয় তারকা অভিনেত্রী অহনা দত্ত। শুটিং শেষে বাড়ি ফেরার সময় স্বামীসহ এক মদ্যপ ব্যক্তির অসৌজন্যমূলক আচরণের মুখে পড়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এই ঘটনার বিস্তারিত।
ঘটনাটি ঘটে কলকাতা সিটির নরেন্দ্রপুর এলাকায়। প্রতিদিনের মতো কাজ শেষ করে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন অহনা। গাড়ি চালাচ্ছিলেন তার স্বামী দীপঙ্কর রায়, পাশে বসেছিলেন অভিনেত্রী নিজেই। ওই সময় রাস্তায় হঠাৎ একটি গাড়ির কারণে থামতে হয় তাদের। ঠিক তখনই অন্য একটি গাড়ি এসে অহনার নতুন গাড়িটিতে ধাক্কা দেয়।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে অহনা জানান, ‘নরেন্দ্রপুর দিয়ে যাওয়ার সময় সামনে একটি গাড়ি ঘোরাচ্ছিল বলে আমাদের থামতে হয়। সেই সুযোগে আরেকটি গাড়ি এসে আচমকাই ধাক্কা মারে। গাড়ির সামনের অংশে ঘষা লেগে যায়।’
তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার পর বিষয়টি নিয়ে কথা বলতে গেলে উল্টো আক্রমণাত্মক আচরণ করেন অপর গাড়ির চালক। আমরা যখন তাকে প্রশ্ন করি, তখন তিনি মেজাজ দেখিয়ে কথা বলতে শুরু করেন। এমনকি পরদিন ক্লাব থেকে টাকা নিয়ে যেতে বলেন। কথাবার্তায় একেবারেই ভদ্রতা ছিল না।’
আরও পড়ুন
মাত্র এক মাস আগে নতুন গাড়িটি কিনেছেন অহনা। প্রিয় গাড়ির এমন অবস্থায় মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। যদিও শারীরিকভাবে কেউ আহত হননি, তবুও ঘটনাটি তাকে বেশ নাড়া দিয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়দের ভূমিকা নিয়েও হতাশা প্রকাশ করেছেন অহনা। তার অভিযোগ, অনেক মানুষ ভিড় করলেও কেউ এগিয়ে এসে সাহায্য করেননি। ‘সবাই দেখছিল, কিন্তু পাশে দাঁড়ানোর মতো একজনকেও পেলাম না,’ বলেন তিনি।
এই ঘটনা ফের একবার শহরের রাস্তায় নিরাপত্তা ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছে বলে মনে করছেন অনেকে।
এএডি/