নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর জমসম। বলিউডের বহু সিনেমার মতো এবার সেখানে শুটিং হয়েছে বাংলাদেশের ‘ও জান’ মিউজিক্যাল ফিল্মের। এতে জুটি বেঁধেছেন সুনেরাহ বিনতে কামাল ও ফররুখ আহমেদ রেহান। একসঙ্গে এটিই তাদের প্রথম কাজ।
গানটিতে কণ্ঠ দিয়েছেন কোনাল ও নিলয়। কথা লিখেছেন আসিফ ইকবাল। যৌথভাবে সুর করেছেন ঢাকার আভ্রাল সাহির ও কলকাতার লিংকন। সংগীতায়োজন করেছেন আভ্রাল সাহির। ‘ও জান’ নির্মাণ করছেন তানিম রহমান অংশু।
শুটিং শেষে দেশে ফিরে সুনেরাহ বিনতে কামাল বলেন, ‘ নেপাল এমনিতেই অসাধারণ সুন্দর। তার মধ্যে জমসম শহরটি যেন আরও অদ্ভুত এক সৌন্দর্যের নাম। প্রতিটি দৃশ্য মনে হয় কোনো শিল্পীর হাতে আঁকা। তবে এই সৌন্দর্যের মাঝেই ছিল কঠিন বাস্তবতা। মাইনাস ৮ ডিগ্রিতে শুটিং মোটেও সহজ নয়। তবু এমন জায়গায় কাজ করার অভিজ্ঞতা আজীবনের স্মৃতি হয়ে থাকবে। আমার বিশ্বাস, গানটি দেখলে দর্শক শুধু গান নয়, জায়গাটির প্রেমেও পড়ে যাবেন। মনে হবে কোনো বলিউড সিনেমার বিশাল ক্যানভাসের গান দেখছি।’
গানচিল মিউজিকের কর্ণধার ও গীতিকার আসিফ ইকবাল বলেন, ‘ও জান’-এ থাকছে জেনজি সময়ের এক নিটল প্রেমের গল্প। যেখানে কথা, সুর, কণ্ঠ আর দৃশ্যায়নের প্রতিটি স্তরে থাকছে নতুন সংযোজন।
গানটিতে কাজ করার অভিজ্ঞতা জানিয়ে অভিনেতা ফররুখ আহমেদ রেহান বলেন, ‘নেপালের মতো জায়গায় সিনেমাটিকভাবে শুটিং করার অভিজ্ঞতা এককথায় অসাধারণ। গানটির কথার সঙ্গে দৃশ্যায়নের যে মেলবন্ধন তৈরি হয়েছে, তা সচরাচর মিউজিক ভিডিওতে দেখা যায় না। বছরের শুরুতেই দারুণ একটি কাজ দর্শকদের উপহার দিতে পারছি বলে প্রশান্তি লাগছে।’
৩০ জানুয়ারি, গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেতে যাচ্ছে মিউজিক্যাল ফিল্ম ‘ও জান’।
নির্মাতা তানিম রহমান অংশু বলেন, ‘গানচিল শুরু থেকেই গানের ভিডিওতে নতুন ধারার চেষ্টা করছে। ‘ও জান’-এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। গানটির কথা যেমন হৃদয়ে প্রশান্তি দেবে, তেমনি দৃশ্যায়নও চোখে আরাম দেবে। সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমরা এমন একটি অভিজ্ঞতা তৈরি করতে চেয়েছি, যেখানে জমসম শহরের তুষার, পাহাড় আর প্রেম এক হয়ে যাবে। এই প্রজেক্ট বাংলাদেশ-ভারত ও নেপাল— তিন দেশের জয়েন্ট ভেঞ্চারে কাজ হয়েছে।
এফআর