ওপার বাংলার কবীর সুমনের লেখা ও সুরে বেশ কিছু গান করেছেন এ দেশের কণ্ঠশিল্পী আসিফ আকবর। সেই ধারাবাহিকতায় এবার সিনেমার গানে এক হলেন তারা। পারিবারিক গল্প নিয়ে পরিচালক ইয়ামিন ইলান নির্মাণ করছেন সিনেমা ‘ঝামেলা’। এতে গান থাকছে ছয়টি।
এর মধ্যে তিনটি কবীর সুমনের লেখা ও সুর করা। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর। তিনটি গানেরই সংগীত পরিচালনা করেছেন উজ্জল সিনহা ও আজমির বাবু।
এর মধ্য দিয়ে প্রথমবার বাংলাদেশের সিনেমার জন্য গান লিখলেন ও সুর করলেন কবীর সুমন। শুধু কবীর সুমনের লেখা ও সুর করা তিনটি গানেই নয়, ঝামেলা সিনেমার সব গানে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর। সবই তার একক গান। এর আগে ‘রানী কুঠির বাকী ইতিহাস’ ও ‘গহীনের গান’ সিনেমার সব গান গেয়েছিলেন আসিফ।
এর আগে ‘সিরিয়ার ছেলে’, ‘পরোয়া করি না’, ‘আমার একার নয়’, ‘একুশে ফেব্রুয়ারির ডাক’, ‘এই আকবর ঐ সুমন’, ‘লুকোনো মানিক’, ‘সুন্দরকেই মানি’, ‘এখনো সেই আসিফ আমি’ শিরোনামে কবীর সুমনের লেখা ও সুর করা গানগুলোতে কণ্ঠ দেন আসিফ। আগের গানগুলোর মতো সুমন ও আসিফের নতুন গানগুলোও দর্শক গ্রহণ করবেন বলে প্রতাশা ইয়ামিন ইলানের।
‘ঝামেলা’ সিনেমাটি তৈরি হচ্ছে দিয়া প্রোডাকশনসের ব্যানারে। প্রযোজনা করছেন দিয়া রইস। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ডলি জহুর, শ্যামল মাওলা, তানজিকা আমিন, রাশেদ মামুন অপু, কাজী নওশাবা আহমেদ, আবু হুরায়রা তানভীর, আবদুল্লাহ রানা, সাবেরি আলম, ইকবাল হোসেইন, দিয়া রইসসহ অনেকে।
ইতিমধ্যে ‘ঝামেলা’ সিনেমার দুই লটের শুটিং শেষ হয়েছে ঢাকা ও গাজীপুরে। এ বছর কোনো এক ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে বলে জানান নির্মাতা।
এফআর